সমুদ্রসম্পদ আহরণের পেশা
বাংলাদেশের অবস্থানগত কারণেই এর প্রচুর পরিমাণে সামুদ্রিক সম্পদ রয়েছে। বাংলাদেশের ৪৮০ কিলোমিটার কোস্ট লাইন এবং ৪৮ হাজার ৩৬৫ স্কয়ার নটিক্যাল মাইল সমুদ্রসীমা রয়েছে। এই সমুদ্রসীমার মধ্যে রয়েছে প্রচুর মৎস্যসম্পদ। মেরিন ফিশারিজ একাডেমি বাংলাদেশের একমাত্র সরকারি প্রশিক্ষণ প্রতিষ্ঠান, যেখানে এ ক্ষেত্রের পেশাজীবীদের তৈরি করা হয়। মেরিন ফিশারিজ একাডেমির অ্যাডজুট্যান্ট আশরাফুল আলম ভূঁইয়া জানান, মৎস্যক্ষেত্রে অভিজ্ঞ নাবিক, মেরিন ইঞ্জিনিয়ার ও প্রক্রিয়াজাতকরণ প্রযুক্তিবিদ তৈরি করে এই একাডেমি।১৯৭৩ সালের ১ সেপ্টেম্বর মৎস্যক্ষেত্রে দক্ষ মানবসম্পদ তৈরির প্রয়োজনীয়তা থেকে বাংলাদেশ সরকার এই একাডেমি প্রতিষ্ঠা করে। কর্ণফুলী নদীর দক্ষিণ কূলে এবং চট্টগ্রাম সদরঘাটের বিপরীতে এর অবস্থান। মৎস্য ও পশুসম্পদ মন্ত্রণালয়ের প্রশাসনিক নিয়ন্ত্রণে এই একাডেমি পরিচালিত হয়। প্রতিবছর এই একাডেমিতে ক্যাডেট ভর্তি করা হয়ে থাকে। প্রার্থীদের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে ন্যূনতম জিপিএ-২.৫ পেয়ে পাস করতে হবে। তবে বিভাগ নির্বাচনের ক্ষেত্রে প্রার্থীদের উচ্চমাধ্যমিকে নির্দিষ্ট বিষয় পড়া থাকতে হবে। প্রার্থীর বয়স নির্দিষ্ট বছরের ৩১ ডিসেম্বর তারিখে অবশ্যই ২১ বছরের বেশি হবে না। সম্প্রতি ক্যাডেট ভর্তির-প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ মেরিন ফিশারিজ একাডেমি। ভর্তির জন্য আবেদন করতে হবে ৯ সেপ্টেম্বরের মধ্যে। বিজ্ঞপ্তি থেকে জানা যায়, প্রার্থীদের অবশ্যই অবিবাহিত পুরুষ এবং বাংলাদেশের নাগরিক হতে হবে। নারীরা শুধু মেরিন ফিশারিজ বিভাগের জন্য আবেদন করতে পারবেন। তবে পুরুষ-প্রার্থীরা নটিক্যাল, ইঞ্জিনিয়ারিংও মেরিন ফিশারিজ শাখায় আবেদন করতে পারবেন।প্রত্যেক প্রার্থীকে সাঁতার কাটা জানতে হবে।আবেদন-প্রক্রিয়া: আবেদন টেলিটক মোবাইল ফোনের মাধ্যমে করা যাবে। আবেদনের জন্য ফি ৪৪০ টাকা। ভর্তি-পরীক্ষা: ইংরেজি ও সাধারণ জ্ঞান, পদার্থবিদ্যা এবং রসায়ন—এই তিনটি বিষয়ের প্রতিটিতে ৮০ নম্বর করে মোট ২৪০ নম্বরে দুই ঘণ্টা ৩০ মিনিট সময়ের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষার প্রশ্নপত্র এমসিকিউ ৬০ শতাংশ এবং বর্ণনামূলক ৪০ শতাংশ হবে। উত্তীর্ণ প্রার্থীদের পর্যায়ক্রমে সাঁতার, স্বাস্থ্য, চোখ ও বিশেষ রং দর্শন পরীক্ষা এবং মৌখিক পরীক্ষার জন্য আহ্বান করা হবে। মৌখিক পরীক্ষার সময় পরীক্ষা কমিটিকে প্রার্থীর পছন্দের বিভাগ অবহিত করতে হবে এবং পরে চূড়ান্ত ফলাফল অনুযায়ী মেধানুসারে প্রার্থীর উপযুক্ততা ও পছন্দ অনুযায়ী তিনটি বিভাগে নির্বাচন করা হবে। দুটি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। কলেজ দুটি হলো নটর ডেম কলেজ, ঢাকা ও চট্টগ্রাম কলেজ, চট্টগ্রাম। একাডেমির বোর্ডের মাধ্যমে ক্যাডেট নির্বাচনের আগে ক্যাডেটদের স্বাস্থ্য, শারীরিক যোগ্যতা এবং সাঁতার পরীক্ষা নেওয়া হবে। সব পরীক্ষার তত্ত্বাবধান হয় একাডেমির বিভিন্ন কমিটির মাধ্যমে। মৌখিক পরীক্ষা: প্রার্থীর মৌখিক পরীক্ষার মাধ্যমে তাঁর ব্যক্তিত্ববোধ, বক্তব্য, বাক্ভঙ্গি, মানসিক দক্ষতা, সাধারণ জ্ঞান এবং সচেতনতা ও শিক্ষার বাইরের কার্যক্রম সম্পর্কে জানতে চাওয়া হয়। চূড়ান্ত নির্বাচন: চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের একাডেমি থেকে ‘অফার লেটার’ দেওয়া হবে।মেরিন ফিশারিজ একাডেমিতে প্রশিক্ষণের সময়সীমা তিন বছর। প্রথম দুই বছর প্রার্থীদের তত্ত্বগত প্রশিক্ষণ দেওয়া হয়। প্রতিবছরের শেষে প্রার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সমাপনী পরীক্ষা নেওয়া হয়। তৃতীয় বছর প্রার্থীদের ২৪ সপ্তাহে গভীর সমুদ্রে মাছ ধরার নৌকায় প্রায়োগিক প্রশিক্ষণ দেওয়া হয় এবং তৃতীয় বছরের বাকি সময় শিল্পসংক্রান্ত প্রশিক্ষণ, প্রয়োগ এবং সহায়ক কোর্স করানো হয়। সফলভাবে প্রশিক্ষণ সমাপ্তির পর ক্যাডেটদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়। বিস্তারিত তথ্য জানা যাবে মেরিন ফিশারিজ একাডেমির অধ্যক্ষের দপ্তর থেকে।ঠিকানা: অধ্যক্ষ, মেরিন ফিশারিজ একাডেমি, মৎস্য বন্দর চট্টগ্রাম-৪০০০। ওয়েবসাইট: http://mfa.teletalk.com.bd অথবা http;//www.mofl-mfabd.orgফোন: ০১৫৫৬৫৭০০৬৬ সকাল আটটা থেকে দুপুর ২.৩০ মিনিট পর্যন্ত। আবেদনের শেষ তারিখ ৯ সেপ্টেম্বর, ২০১০।