
কক্সবাজার সমুদ্রসৈকতে ভ্রমণে আসা নারীরা প্রায় সময় ইভ টিজিংয়ের শিকার হন। কেউ কেউ প্রতিবাদ করেন, কিন্তু এ সংখ্যা একেবারেই নগণ্য। বেশির ভাগ নারী মুখ বুজে সহ্য করেন। এবার আর সহ্য করা নয়। ইভ টিজিং ঠেকাতে মাঠে নেমেছে নারী পুলিশের দল।
১৭ নভেম্বর থেকে টু্যরিস্ট পুলিশের ১০ সদস্যের নারী ইউনিট কাজ করছে। এই ইউনিটের নাম দেওয়া হয়েছে ‘অ্যান্টি ইভ টিজিং টিম’। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত সৈকতের লাবণী পয়েন্ট থেকে কলাতলী পর্যন্ত প্রায় চার কিলোমিটারে নারী পুলিশের সদস্যরা টহল দেন। এই দলের নেতৃত্ব দিচ্ছেন টু্যরিস্ট পুলিশ কক্সবাজারের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) রায়হান কাজেমী।
গত বৃহস্পতিবার দুপুরে সৈকতের লাবণী পয়েন্টে গিয়ে দেখা গেছে, সৈকতে নারী পুলিশ সদস্যদের মাঠের পরিস্থিতি তুলে ধরছেন রায়হান কাজেমী। ১০ নারী পুুলিশ গোল হয়ে শুনছেন তাঁর কথা। কোন সময়ে কী করতে হবে, এসব ব্যাপারে তাঁদের ধারণা দিচ্ছেন তিনি।
টু্যরিস্ট পুলিশের এএসপি রায়হান কাজেমী প্রথম আলোকে বলেন, ডিসেম্বর মাস থেকে কক্সবাজার সৈকতে প্রতিদিন লাখো পর্যটকের সমাগম ঘটবে। বিপুলসংখ্যক পর্যটকের নিরাপত্তার পাশাপাশি নারী পর্যটকদের ইভ টিজিংসহ নানা হয়রানি বন্ধে টু্যরিস্ট পুলিশ বিশেষ উদ্যোগ নিয়েছে।
রায়হান কাজেমী জানান, ভ্রমণে আসা নারী পর্যটকেরা অনেকে সমুদ্রে গোসলে নেমে হয়রানির শিকার হন। এসব ব্যাপারে পুরুষ পুলিশের কাছে নারীরা ঘটনার বিস্তারিত তুলে ধরতে বিব্রত বোধ করেন। ফলে অপরাধীরা পার পেয়ে যাচ্ছে। এখন থেকে সমুদ্রসৈকতে যেকোনো প্রকার ইভ টিজিংয়ের শিকার হলে, বিনা অনুমতিতে কেউ কারও ছবি তুললে বা ভিডিও করলে টু্যরিস্ট পুলিশের নারী সদস্যদের কাছে জানানো যাবে। অভিযোগের প্রতিকারও পাওয়া যাবে সঙ্গে সঙ্গে।
সৈকতের ছাতা ও চেয়ার ব্যবসায়ী মো. হাছান বলেন, সন্ধ্যার সময় বখাটেদের উৎপাত বেশি থাকে। তঁারা নারী পর্যটকদের নানা ধরনের কটূক্তি করেন। প্রতিবাদ করলে বখাটেরা আরও খেপে যান।
সৈকতের লাবণী পয়েন্টের হোটেল কল্লোলের মহাব্যবস্থাপক আশরাফ উদ্দিন আহমদ বলেন, সৈকতে যাঁরা ইভ টিজিং কিংবা নারী পর্যটকদের হয়রানি করেন তাঁরা কেউ স্থানীয় নন। বাইরে থেকে ভ্রমণে আসা লোকজনই কাজটি করে চলেছেন। এ ব্যাপারে হোটেল কক্ষে সতর্কতামূলক প্রচারণা লাগানো থাকে। কিন্তু কাজ হচ্ছে না।
জেলা প্রশাসক মো. আলী হোসেন বলেন, পরিবেশ ও পর্যটকবান্ধব সৈকত গড়ে তুলতে প্রশাসন নানা কর্মসূচি হাতে নিয়েছে। এর মধ্যে সৈকত পরিষ্কার–পরিচ্ছন্ন ও সন্ধ্যার পর থেকে আলোকিত রাখা, বালুচরে নিরাপদে হাঁটার ওয়াকওয়ে নির্মাণ, মাদকের অপব্যবহার বন্ধ এবং ইভ টিজিংসহ পর্যটক হয়রানি বন্ধে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত মাঠে রয়েছেন। গত অক্টোবর মাসে ভ্রাম্যমাণ আদালত নারী পর্যটকদের ইভ টিজিংয়ের দায়ে দুজন পর্যটক তরুণকে জেল জরিমানা করেছেন। আমরা চাই বিশ্বের দীর্ঘতম সৈকত সবার জন্য নিরাপদ ও সুন্দর হোক।