সমুদ্রসৈকতে খুদে শিক্ষার্থীদের খেলা
কক্সবাজারের সাগরদ্বীপ কুতুবদিয়া উপজেলার কয়েক শ খুদে শিক্ষার্থী গত শনিবার দুপুরে সৈকতের বালুচরে অন্য রকম খেলায় মেতে ওঠে। কুতুবদিয়া ইউনিভার্সেল প্রি-ক্যাডেট স্কুল এ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে।সকাল সাড়ে আটটায় বিদ্যালয়ের প্রথম থেকে পঞ্চম শ্রেণী পড়ুয়া সাড়ে তিন শতাধিক শিক্ষার্থী হাজির হয় দ্বীপের উত্তর প্রান্তে সমুদ্রসৈকতে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু ফরিদ, সহকারী শিক্ষক মো. শাহাবুদ্দিন শিক্ষার্থীদের সংক্ষিপ্ত বক্তৃতায় বুঝিয়ে দিলেন, খেলার মাঠ বাদ দিয়ে কেন ছাত্র-ছাত্রীদের সৈকতে আনা হলো।সকাল নয়টায় শুরু হয় বালুচরে ছেলেমেয়েদের মোরগ লড়াই। অন্যরা চতুর্দিকে গোল হয়ে বসে লড়াই দেখছে। আর মাঝে মাঝে চলছে হাততালি। ১৫ মিনিটের লড়াই করে প্রথম হয় পঞ্চম শ্রেণীর ছাত্র মো. শাকিল, দ্বিতীয় হয় চতুর্থ শ্রেণীর মোর্শেদ ও তৃতীয় হয় তৃতীয় শ্রেণীর ওমর ফারুক। মিউজিক্যাল চেয়ার খেলে প্রথম হয় তৃতীয় শ্রেণীর নিকাহ মনি, দ্বিতীয় হয় তৃতীয় শ্রেণীর খেয়া রানী ও তৃতীয় হয় দ্বিতীয় শ্রেণীর শাওরীন আকতার। দুপুর পর্যন্ত চলে শিক্ষার্থীদের নিয়ে রশিখেলা, পৃথক পৃথক দৌড় প্রতিযোগিতা, উচ্চ লাফ, লম্বা লাফ, হাডুডুসহ নানা গ্রামীণ খেলা।দুপুর একটায় ঘটনাস্থলে হাজির হন কক্সবাজারের পুলিশ সুপার সেলিম মো. জাহাঙ্গীর। তিনি কুতুবদিয়া সফরে যান অন্যকাজে। কিন্তু কাজ ফেলে তিনিও যোগ দেন খুদে শিক্ষার্থীদের খেলা দেখতে। শেষে তিনি নিজের উদ্যোগে বিজয়ী সবাইকে পুরস্কৃত করেন এবং অন্য শিক্ষার্থীদের হাতে হাতে তুলে দেন চকলেট আর বিস্কুট। শিক্ষার্থীদের উদ্দেশে পুলিশ সুপার বলেন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পুরস্কার বিতরণের জন্য আমাদের অতিথি করে নিয়ে যাওয়া হয়। কিন্তু আজ আমি নিজেই তোমাদের এখানে ছুটে এলাম। উন্মুক্ত সৈকতের বালুচরে তোমাদের এই খেলাধুলা আমারও ভালো লেগেছে। বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শাহাবুদ্দিন জানান, স্কুল মাঠে শিক্ষার্থীদের প্রায় প্রতিদিন খেলাধুলা হয়। কিন্তু একটু আলাদা এবং অন্য রকম আনন্দ দিতে শিক্ষার্থীদের মাঝেমধ্যে এই সৈকতে নিয়ে আসা হয়। এতে খুদে শিক্ষার্থীরা উৎফুল্ল থাকে, খুশি হয় সবাই।