সমুদ্রসৈকতে জমি বিক্রির হিড়িক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার জেলা প্রশাসন সমুদ্রসৈকতের সীমানা নির্ধারণ করে দেওয়ার পর অনেকেই দখলে রাখা জমি আগেভাগে বিক্রি করে দিচ্ছেন। গত ফেব্রুয়ারি মাসে সীমানা নির্ধারিত হয়। এখন খুঁটি দিয়ে তা চিহ্নিত করা হচ্ছে। সীমানার অভ্যন্তরের এসব জমিতে কেউ কেউ পরিচিতি ফলক (সাইনবোর্ড) লাগিয়ে, কেউ বিভিন্ন গণমাধ্যমে বিজ্ঞপ্তি দিয়ে গ্রাহকদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন। কিন্তু এতে কেউ সাড়া দিচ্ছেন না। সৈকতের সীমানার মধ্যে শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হবে এবং ভবিষ্যতেও কোনো অবকাঠামো নির্মাণ করা যাবে না।১৩ মে দুপুর ১২টায় সমুদ্রসৈকতের কলাতলী পয়েন্টে গিয়ে দেখা গেছে, সাবমেরিন কেবেলর ল্যান্ডিং পয়েন্টের ৫০ থেকে ৬০ গজ উত্তরে সৈকতে বিশাল এক পরিচিতি ফলক। তাতে লেখা—জায়গা বিক্রয় আবশ্যক। দাগ-বিএস ২০০৩৪, ২০০৩৫, ২০০৩১, মোট ৪২ শতক। যোগাযোগ—কাজী রেজা উল্লাহ/কাজী আহসান উল্লাহ ০১৭১১ ৩৩২১৯৭/ ০১৭১৫ ১৪৪৫১৪। উল্লিখিত নম্বরে ফোন করলে কাজী রেজা উল্লাহ জানান, তিনি বরিশালের বাসিন্দা। সাইনবোর্ডে উল্লেখ করা কাজী আহসান উল্লাহ তাঁর ছেলে। পরিচিতি ফলক লাগিয়ে সৈকতের জমি বিক্রি প্রসঙ্গে জানতে চাইলে কাজী রেজা উল্লাহ জানান, কাগজপত্র দেখে স্থানীয় লোকজন থেকে তিনি সৈকতের এই ৪২ শতক জমি তারকা মানের হোটেল তৈরির জন্য কিনেছিলেন। এখন টাকার দরকার, তাই জমিটি বিক্রি করে দিচ্ছেন। জমি কিনতে আগ্রহী ব্যক্তিদের দৃষ্টি আকর্ষণ করতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। শহর থেকে ৩৪ কিলোমিটার দূরে উখিয়ার ছেপটখালী সৈকতে সাইনবোর্ড তুলে ৮৭ শতক জমি বিক্রি করছেন স্থানীয় ব্যবসায়ী আবদুল গফুর। তিনি বলেন, ‘২০০৮ সালের ডিসেম্বর মাসে কোটি টাকা দিয়ে এই জমিটি কিনেছিলাম। এখন জমির দাম দ্রুত কমে যাচ্ছে, তাই এই জমি বিক্রি করে দিচ্ছি।’টেকনাফের বাহারছড়া গ্রামের ব্যবসায়ী (জমির দালাল) খলিলুর রহমান (৫৫) জানান, তিনি শামলাপুর, হাবিরছড়া ও মনখালী সৈকত এলাকায় দেড় একরের তিন খণ্ড জমি বিক্রির জন্য পরিচিতি ফলক লাগিয়েছেন। ওয়ান ইলেভনের সময় এসব জমি কিনেছিলেন ঢাকার অবসরপ্রাপ্ত তিন সেনা কর্মকর্তা। এখন কমিশনের ভিত্তিতে তিনি তাঁদের ওই জমি বিক্রি করে দিচ্ছেন। সম্প্রতি সৈকতের কলাতলী, হিমছড়ি, ইনানী, সোনারপাড়া, ছেপটখালী, রহমতের বিল, সোনারপাড়া, মনখালীসহ বিভিন্ন এলাকা পরিদর্শন করে দেখা গেছে, সমুদ্রসৈকতসংলগ্ন কয়েক হাজার একর জমিতে ‘বিক্রয় বিজ্ঞপ্তি’ প্রদর্শন করা হচ্ছে।নাম প্রকাশে অনিচ্ছুক উখিয়া উপজেলার এক ইউপি চেয়ারম্যান জানান, ইনানী, সোনারপাড়া, মনখালী, বাহারছড়া সৈকতের অধিকাংশ জমির মালিক দেশের প্রভাবশালী আমলা ও সেনা কর্মকর্তা।তত্ত্বাবধায়ক সরকার আমলে কালো টাকা সাদা করার জন্য সমুদ্রসৈকতের এই জমি কেনার হিড়িক পড়েছিল। তখন ১০ লাখ টাকার প্রতিকানি (৪০ শতক) জমি বিক্রি হয়েছে এক থেকে দুই কোটি টাকায়। এক বছর আগে এই এলাকার এক গন্ডা (দুই শতক) জমি বিক্রি হয়েছে ৫০ থেকে ৯০ লাখ টাকায়। গত ফেব্রুয়ারি মাসে জেলা প্রশাসন হাইকোর্টের নির্দেশের পরিপ্রেক্ষিতে কক্সবাজার সমুদ্রসৈকতের সীমানা নির্ধারণ করার কাজ শুরু করায় জমির দাম কয়েকগুণ কমে গেছে। কারণ এই জমিতে ভবিষ্যতে অবকাঠামো তৈরি করা যাবে না। তাই অনেকে আগেভাগে জমি বিক্রি করে দিচ্ছেন। জেলা প্রশাসক মোহাম্মদ জয়নুল বারী জানান, হাইকোর্টের নির্দেশে কক্সবাজার সমুদ্রসৈকতের সীমানা নির্ধারণ করা হয়েছে। এখন খুঁটি পুঁতে সীমানা পৃথক করার প্রক্রিয়া চলছে। এখন থেকে সৈকতসহ যেকোনো জমিতে ‘কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের’ অনুমোদন ছাড়া অবকাঠামো নির্মাণ করা যাবে না। আর সীমানার ভেতরের (সৈকতের) খাস জমি কিনলে যে কেউ প্রতারিত হতে পারেন।