সমুদ্রসৈকতের আলোকচিত্রীদের প্রশিক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকতে ভ্রমণে কক্সবাজারে আসা পর্যটকদের ছবি তোলার কাজে নিয়োজিত প্রায় ৩০০ জন আলোকচিত্রীকে প্রশিক্ষণ দিয়েছে টু্যরিস্ট পুলিশ। ১৭ মার্চ দুপুরে সৈকতের সুগন্ধা পয়েন্টে অনুষ্ঠিত দিনব্যাপী কর্মশালায় প্রশিক্ষক ছিলেন কক্সবাজার টু্যরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার হোসাইন মো. রায়হান কাজেমি।
সহকারী পুলিশ সুপার বলেন, বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকতের কারণে কক্সবাজার বিশ্বের কাছে আলোচিত নাম। তাই এই সৈকতে ভ্রমণে আসা পর্যটকদের সেবা মান বাড়াতে হবে। এ ক্ষেত্রে পর্যটকদের সেবায় যাঁরা নিয়োজিত, তাঁদের দক্ষতা বৃদ্ধি জরুরি। ছবি তুলতে গিয়ে কেউ যেন হয়রানি ও প্রতারণার শিকার না হয়, সেদিকে লক্ষ রাখতে হবে।
লাবণী বিচ স্টুডিও দোকান মালিক সমিতির সভাপতি কাজী রাসেল আহমেদের সভাপতিত্বে কর্মশালার আরও বক্তব্য দেন সমিতির জ্যেষ্ঠ সহসভাপতি হেলাল উদ্দিন চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক হাফিজুল আলম চৌধুরী, সদস্য ইকবাল হোসাইন, হাছান মাহমুদ প্রমুখ।
অনুষ্ঠানে সিদ্ধান্ত হয়, সৈকতে ভ্রমণে আসা পর্যটকদের ছবি তুলতে হবে নির্দিষ্ট মূল্যে। এ জন্য বিভিন্ন পয়েন্টে ছবির মূল্যতালিকা টাঙানো থাকবে। আর যাঁরা ছবি তুলবেন, তাঁদের বিশেষ পোশাক পরিধান করতে হবে। বিশেষ পোশাক ছাড়া কাউকে ছবি তুলতে দেওয়া হবে না। পর্যটকদের সঙ্গে প্রতারণা কিংবা খারাপ আচরণ করলে ব্যবস্থা নেওয়া হবে।