২৬ অক্টোবর রাতে গাড়িটা এসে কেবল থেমেছে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সামনে। আর সঙ্গে সঙ্গেই একটা জোর চিৎকার। করবে না কেন! ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিকস ক্লাব যাচ্ছে কক্সবাজারে। ইলেকট্রনিকস ক্লাবের মডারেটর এবং বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যার শিক্ষক ড. গুরুদাস মণ্ডল বলেন, ‘আমাদের ক্লাবে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা আছে। সদস্যও দুই-আড়াই শ। এতজন নিয়ে সফরে আসা সম্ভব নয়, তাই আমরা নির্বাচন করে নিয়েছি কতজন নিয়ে আসব।’ ঢাকার পরিবেশ ছেড়ে আকাশ, পাহাড়, সমুদ্র যেন গভীরভাবে টানছিল সবাইকে। শিক্ষাসফর নামটার আড়ালে ঘোরাফেরাও নিশ্চয়ই কম হবে না। আধো ঘুমের রাজ্যে আর পাহাড়ের ঘাড়ের পাশ দিয়ে সূর্যের উঁকি দেওয়া দেখতে দেখতে আমরা কখন যে পৌঁছালাম সেখানে, বোঝাই গেল না। মোটামুটি একটু খাওয়াদাওয়া আর নামমাত্র বিশ্রাম নিয়েই সবাই বেরিয়ে পড়ল নিজেদের শিক্ষা সফরের কাজ করতে। প্রথম গন্তব্য বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন, কলাতলী। সেখানকার কার্যপ্রণালি সবাই বুঝে নিয়ে এবার ফেরার পালা। কিন্তু এত সৌন্দর্য চারপাশে হাতছানি দিচ্ছে। ঘরে বসে থাকাই ধৃষ্টতা! তাই আবার সবাই গেস্টহাউসের ঘর ছেড়ে নেমেছে রাস্তায়। গন্তব্য এদিক-সেদিক। রেজওয়ানার ভাষায়, ‘এত দূর থেকে কি এসেছি ঘরে বসে থাকার জন্য? হাতে মাত্র দুটি দিন সময়। পুরোপুরি ব্যবহার করব সময়টাকে। তারপর চলে যাব পুরোনো জীবনে।’ আসার সময় বাসের জানালা দিয়ে কেবল সমুদ্রের বিশালতা উপলব্ধি করা গিয়েছিল। কিন্তু সমুদ্রের জন্য অপেক্ষা ছিল গভীরভাবে। বিকেল হতেই সবাই সমুদ্রের ধারে। সুগন্ধা বিচে। সমুদ্রের নোনাপানিতে দাপাদাপি করতে করতে সূর্যটা কখন যেন আড়ালে চলে গেল। রাত হয়ে আসছে, তাই সবাই পথের দিকে পা বাড়ালাম। কিন্তু পেছনে সমুদ্রটার গর্জন তখন আরও বেড়েছে। বালুমাখা গায়ে ফিরে আরেকটু পরিচ্ছন্ন হতেই আবার বাইরের টান। সমুদ্রের সঙ্গে মিতালি করতে এসে কিছু কিছু জিনিস বাদ দেওয়া চলে না। আমরাই বা বাদ দেব কেন? কোরাল মাছ, রূপচাঁদা মাছ, কাঁকড়া ইত্যাদির স্বাদ নিলাম আমরা।‘একই বিশ্ববিদ্যালয়ে পড়ার পরেও অনেকের সঙ্গে অনেকের তেমন যোগাযোগ হয়ে ওঠে না। এ সফর সেসব দূরত্ব ধুয়ে-মুছে নিয়ে গেছে সাগরের জলে।’ সে রকমই মনে করেন সফরের আরেক সঙ্গী অনিক। তানভীর, সুবির, জাহিদ, জয়ন্ত, জাকারিয়া—সবার কাছেই সমুদ্রটা নিয়ে এসেছে ভালো লাগার ছোঁয়া। প্রথম দিনের এসব মুগ্ধতা নিয়েই সবাই অপেক্ষা করছিল দ্বিতীয় দিনের। কে জানত তখন দ্বিতীয় দিনটি আরও বেশি আনন্দদায়ক হবে! পরদিন, এক পাশে পাহাড়ের সবুজ আরেক পাশে সাগরের শুভ্রতার মাঝ দিয়ে ইনানী বিচে যেতেই অন্য রকম শিহরণ! তারপর ইনানী বিচ হয়ে হিমছড়ি পাহাড়, ঝরনা; আবার বিকেলে লাবণী বিচে যাওয়া—এভাবেই দিন শেষ। রাতে আরেকটা চমক অপেক্ষা করছিল সবার জন্য। বারবিকিউ নাইট। সবাই মিলে নিজ হাতে চিকেন গ্রিল করা আর নাচ, গান শেষে গুরুদাস স্যার যখন ফিরে যাওয়ার কথা বলছিলেন, তখন পুন্নি মনের অজান্তেই বলে উঠলেন, ‘ইশ্, আরেকটা দিন যদি বেশি থাকা যেত তবে বেশ হতো।’ ক্লাবের প্রেসিডেন্ট ইমরানের ডাকাডাকিতে বাসে উঠতে হলো ঠিকই, কিন্তু মন পড়ে রইল সেই পাহাড়, সমুদ্র আর আকাশের কাছেই।