বঙ্গোপসাগরের কক্সবাজার উপকূলে মাছ ধরার নিরাপত্তা দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে দাবি জানিয়েছেন জেলেরা। ৩ জানুয়ারি শহরের প্রধান সড়কে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে তারা এ দাবি জানান। কক্সবাজার ফিশারিঘাট মৎস্য ব্যবসায়ী সমিতি, ফিশারিঘাট মৎস্য ব্যবসায়ী ঐক্য সমবায় সমিতি ও ফিশারিঘাট হাঙর মৎস্য ব্যবসায়ী সমিতি যৌথভাবে এ সমাবেশের আয়োজন করে।
জেলেরা জানান, জলদস্যু বাহিনীর তাণ্ডবে মাছ ধরতে পারছে না তাঁরা। সাগরে নামলেই দস্যুরা জেলেদের হামলা চালিয়ে আহরিত মাছ, জাল ও জ্বালানি তেল লুট করছে। নতুন বছরের শুরুতে ২ জানুয়ারিও দস্যুদের হামলার শিকার হয়েছেন। গভীর সাগর থেকে ফেরার পথে সোনাদিয়া চ্যানেলে দস্যুদলের হামলার শিকার হয় খুরুশকূল গ্রামের গিয়াস উদ্দিনের একটি ট্রলার (মাছ ধরার ইঞ্জিনচালিত নৌকা)। দস্যুরা ট্রলারের ২১ জেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে কয়েক লাখ টাকার মাছ ও জাল লুট করে।
ট্রলারের মালিকেরা জানান, গত ডিসেম্বরে মহেশখালী, সোনাদিয়া, টেকনাফ ও সেন্ট মার্টিন উপকূলে শতাধিক ট্রলারে লুটপাট চালিয়ে অন্তত ১০ কোটি টাকার মাছ ও জাল লুট করে দস্যুরা। এ সময় দস্যুদের হামলা ও গুলিতে আহত হয়েছেন তিন শতাধিক জেলে।
জেলা ফিশিং বোট মালিক সমিতির তথ্যমতে, গত বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত আগের ছয় মাসে ১২টি দস্যুবাহিনীর সদস্যরা ২১টি ট্রলারসহ ৬৩ জন জেলেকে অপহরণ করে ১ কোটি ১৭ লাখ টাকার মুক্তিপণ আদায় করেছে। এখনো নিখোঁজ রয়েছেন ৩১ জেলে। গত তিন বছরে দস্যুদের গুলি ও হামলায় নিহত হয়েছেন ৪০ জনের বেশি জেলে। জেলায় ছোট-বড় প্রায় ছয় হাজার ট্রলারে জেলে রয়েছেন অন্তত এক লাখ।
এদিকে দস্যুদের গ্রেপ্তারের দাবিতে গত ২৯ অক্টোবর কক্সবাজার জেলা ফিশিং বোট মালিক সমিতি, ফিশিং বোট শ্রমিক ইউনিয়ন, মহেশখালী ফিশিং বোট মালিক সমিতিসহ ট্রলার মালিকেরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী বরাবরে স্মারকলিপি দিয়েছে।
এর সত্যতা নিশ্চিত করে জেলা ফিশিং বোট মালিক সমিতির সভাপতি মুজিবুর রহমান বলেন, প্রায় ১০০ কিলোমিটারের সাগর উপকূল এখন ১২টি দস্যুবাহিনীর দখলে। দস্যুদের তালিকা জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। কিন্তু এ পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।
জেলা প্রশাসক মো. আলী হোসেন জানান, দস্যুতা বন্ধে সাগরে নৌবাহিনী, কোস্টগার্ড ও পুলিশের সমন্বয়ে যৌথ অভিযান চলছে। এ ব্যাপারে জানতে চাইলে পুলিশ সুপার শ্যামল কুমার নাথ দাবি করেন, ইতিমধ্যে বেশ কয়েকজন দস্যু ধরা পড়েছে।
কোস্টগার্ড কক্সবাজারের কন্টিনজেন্ট কমান্ডার মো. আলী আকতার জানান, কোস্টগার্ডের অভিযানও অব্যাহত রয়েছে। এর মধ্যে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ দুই জলদস্যুকে আটক করেছেন তাঁরা। কিন্তু পর্যাপ্ত জনবল ও সরঞ্জামাদির অভাবে স্থলভাগ থেকে সাত কিলোমিটারের বাইরে গিয়ে অভিযান চালাতে পারছেন না।