কক্সবাজারে পর্যটকদের সঙ্গে মতবিনিময়
সমুদ্রে নিরাপদ গোসলের ব্যবস্থা ও বিনোদনসেবা বাড়ানোর আহ্বান
হোটেল অস্টার ইকো কর্তৃপক্ষের উদ্যোগে ২৬ মার্চ বিকেলে কক্সবাজার শহরে ভ্রমণে আসা পর্যটকদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হয়। হোটেলের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় পর্যটকেরা সেবার মান, ভ্রমণ ও বিনোদনসেবার নানা বিষয় নিয়ে কথা বলেন।
এতে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার পৌরসভার মেয়র সরওয়ার কামাল। বিশেষ অতিথি ছিলেন হাজীগঞ্জ পৌরসভার মেয়র আবদুল মান্নান খান, হোটেলের চেয়ারম্যান হাবিবুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক মোশারফ হোসেন ও আহামুদ উল্লাহ প্রমুখ।
ভ্রমণে আসা পর্যটক নছরুল আলম বলেন, ‘বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত নিয়ে আমরা গর্ব করি। সৈকতের তীর ঘেঁষে আধুনিক মানের অসংখ্য হোটেল-মোটেল তৈরি হলেও সমুদ্রে নিরাপদ গোসলের ব্যবস্থা নেই। তা ছাড়া রাতে সময় কাটানোর বিনোদনের তেমন কিছুও এখানে নেই। এ কারণে দু-তিন দিনের বেশি এখানে থাকা যায় না। হোটেল কর্তৃপক্ষ ইচ্ছে করলে পর্যটকদের জন্য নানা বিনোদনসেবা গ্রহণ করতে পারে।
পৌরসভার মেয়র সরওয়ার কামাল বলেন, পর্যটকদের মতামত কাজে লাগিয়ে এই সৈকতশহরকে সাজানোর চেষ্টা চলবে। শহরের রাস্তাঘাট ও নালা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা হবে। অস্টার ইকো হোটেলের চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, পর্যটকদের সেবার লক্ষ্যে এখানে বিনিয়োগ করা হয়েছে। তাঁরা যেন সৈকতে ভ্রমণে এসে হয়রানির শিকার না হন, সেদিকে বিশেষ নজর রাখা হবে।