সমুদ্রে বেপরোয়া ১১ দস্যুবাহিনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলার সোনাদিয়ার পশ্চিম বঙ্গোপসাগরে বিভিন্ন এলাকার ১১টি জলদস্যু বাহিনী তাণ্ডব চালাচ্ছে। গত ২৫ দিনে জলদস্যুরা ২০টি মাছ ধরার নৌকা ডাকাতি করে এবং মুক্তিপণের জন্য ৭৩ জেলেকে অপরহণ করেছে। ফলে মাছ ধরার কাজে নিয়োজিত জেলে ও নৌকার মালিকেরা আতঙ্কিত; ভয়ে সাগরে মাছ ধরতে যাচ্ছে না জেলেরা। এ কারণে জেলার দুই লাখের বেশি জেলে বেকার হয়ে পড়েছেন বলে মহেশখালী ফিশিং বোট মালিক সমিতির সহসভাপতি ছৈয়দুল হক সিকদার প্রথম আলোকে জানান। কক্সবাজার জেলা ফিশিং ট্রলার শ্রমিক ইউনিয়ন সূত্রে জানা গেছে, গত নভেম্বর মাসের শুরুতেই মহেশখালী উপজেলার সোনাদিয়া দ্বীপের পশ্চিম বঙ্গোপসাগরে জলদস্যুদের তৎপরতা বেড়ে যায়। বিভিন্ন এলাকার ফেরারি, চিহ্নিত সন্ত্রাসী ও ডাকাতেরা সাগরদ্বীপ সোনাদিয়ায় আশ্রয় নিয়ে একটি চক্র করে সাগরে জলদস্যুতা চালাচ্ছে। জেলা ফিশিং ট্রলার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুল হালিম জানান, চলতি মাসের শুরু থেকে ১২ জানুয়ারি পর্যন্ত সাগরে জলদস্যুরা এফবি আল শাহজাদ, এফবি আসফি, এফবি ওমর সাদেক-২, এফবি জাওয়াদ, এফবি নাজমা, এফবি ভাই ভাই, এফবি গ্লোব, এফবি ফারদিন, এফবি ছেনুয়ারা, এফবি উনেজা নামের মাছ ধরার নৌকা ডাকাতি করে মাছ ও জাল লুট করে নিয়ে যায়। এ সময় মুক্তিপণের জন্য সাতটি ফিশিং বোটের ৭৩ জেলেকে অপহরণ করে নিয়ে যায়। তিনি জানান, গত বছর জলদস্যুদের দাবি করা মুক্তিপণ দিয়ে ১৭টি মাছ ধরার নৌকা ফিরে আসে এবং সাগরে জলদস্যুরা ১৭ জেলেকে গুলি করে হত্যা করে। সর্বশেষ ২২ জানুয়ারি রোববার থেকে ২৫ জানুয়ারি বুধবার পর্যন্ত উপজেলার সোনাদিয়ার পশ্চিম বঙ্গোপসাগরে বড়ধার নামক স্থানে জলদস্যুরা মহেশখালী পৌরসভার মুক্তিযোদ্ধা আমজাদ হোসেনের মালিকানাধীন এফবি কিউবি, ছোট মহেশখালী এলাকার মোহাম্মদ জাবেদ বহদ্দারের মালিকানাধীন এফবি আবেদ, কালা মিয়া বহদ্দারের মালিকানাধীন এফবি মায়ের দোয়া ও এফবি তারেক নামের ফিশিং ট্রলারসহ ১০টি ফিশিং বোট ডাকাতি করে। এ সময় বাধা দিলে জলদস্যুদের হামলা ও গুলিতে ১০ জন জেলে গুলিবিদ্ধসহ অন্তত ২৫ জন জেলে আহত হন। পরে জলদস্যুরা নৌকায় থাকা মাছ, জাল, তেল ও একটি নৌকার মেশিনসহ ৩০ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। আহত ব্যক্তিদের মধ্যে গুলিবিদ্ধ মাঝি মোহাম্মদ আজম উদ্দিন (৩৫), জেলে রুহুল আমিন (৩২), নেজাম উদ্দীন (৩৭), মোহাম্মদ আলম (২৫), মোহাম্মদ উল্লাহ (২২), মকসুদ মিয়া (২০), মোহাম্মদ জসিম উদ্দিন (২৫), শাহাব উদ্দিন মাঝি (৩২), সালামত উল্লাহ (২৫) আবদুর রহিমকে (২৮) মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়।এদিকে জেলেদের নিরাপত্তা নিশ্চিতসহ জলদস্যুদের গ্রেপ্তারে ১৫ জানুয়ারি কক্সবাজার জেলা ফিশিং বোট মালিক সমিতি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে একটি স্মারকলিপি দেয়। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, জলদস্যুরা সুন্দরবন ও দেশের পুরো সমুদ্রসীমানায় আবারও বেপরোয়া হয়ে উঠেছে। ১১ জলদস্যু বাহিনী গত এক বছরে ১৭ জেলেকে গুলি করে হত্যা করে। আর এই জলদস্যুতায় নিয়োজিত আছে সুন্দরবন, হাতিয়া ও ভোলার রাজু বাহিনী, জুলফিকার বাহিনী, মিস টিয়া বাহিনী, কৃষণ সাগর বাহিনী, মতলব বাহিনী, কামাল বাহিনী, বাঘা বাহিনী এবং মহেশখালীর সোনাদিয়া সিরাজ বাহিনী, আনজু বাহিনী, সরওয়ার বাহিনী ও বাঁশখালীর রবি বাহিনী। এ প্রসঙ্গে কক্সবাজারের পুলিশ সুপার সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর প্রথম আলোকে বলেন, ‘সাগরে জেলেদের নিরাপত্তা নিশ্চিতসহ কক্সবাজারের উপকূলের চিহ্নিত জলদস্যুদের গ্রেপ্তারের জন্য পুলিশ চেষ্টা করছে।’