সমুদ্রের দেবতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বয়ান স্লাট ভেবেছিলেন, সমুদ্রের আবর্জনা পরিষ্কার করার জন্য কিছু একটা করা দরকার
বয়ান স্লাট ভেবেছিলেন, সমুদ্রের আবর্জনা পরিষ্কার করার জন্য কিছু একটা করা দরকার

ওলন্দাজ কিশোর বয়ান স্লাটের বয়স তখন মাত্র ১৬ বছর। সে সময় ইজিয়ান সাগরে ঝাঁপাতে গিয়ে তিনি আবিষ্কার করেন, ভয়ংকর পরিমাণে প্লাস্টিক ভাসছে সমুদ্রে। তক্ষুনি স্লাট ঠিক করেন, এমন কিছু করতে হবে, যাতে এই আবর্জনা পরিষ্কার করা যায়।

সমুদ্র থেকে আহরণ করা আবর্জনার পাশে বয়ান স্লাট
সমুদ্র থেকে আহরণ করা আবর্জনার পাশে বয়ান স্লাট

‘আমি একবার যেটা ভাবি, সেটা শেষ না করা পর্যন্ত লেগে থাকি,’ বলছিলেন স্লাট। প্রচণ্ড জেদি, একাগ্র আর আত্মবিশ্বাসী লাগছিল তাঁকে। সেই জেদ থেকেই ছুটির পর ফিরে স্লাট প্রথম যে কাজটি করেন, নিজের এক বন্ধুকে নিয়ে হাইস্কুলের জন্য একটা প্রকল্প বানান। সেই প্রকল্পের মাধ্যমে তাঁরা নির্ধারণ করার চেষ্টা করেন, উত্তর সাগরে ঠিক কী পরিমাণ প্লাস্টিকের দূষণ হয়।
তাঁর এই ছোট্ট প্রকল্পটার খবর নজরে পড়ে স্থানীয় এক পত্রিকার। আর সেই পত্রিকার খবরের মাধ্যমে টেডএক্স টক নামের একটি সংস্থা যোগাযোগ করে তাঁর সঙ্গে। জানতে চায়, সমুদ্রের আবর্জনা নিয়ে স্লাটের গবেষণা কী বলছে। শুধু ফলাফল নয়, তিনি সমুদ্রে ভাসমান প্লাস্টিকের আবর্জনা পরিষ্কারের নতুন একটি ধারণাও দিলেন। জাল দিয়ে মাছ ধরার মতো করে সমুদ্র থেকে ভাসমান আবর্জনা তোলার চেয়ে প্রকৃতির সাহায্য নিয়ে, স্রোত আর বাতাসকে ব্যবহার করে কীভাবে আবর্জনাগুলো তোলা যায়, সে পদ্ধতি আবিষ্কার করলেন। সেটি দ্রুতই আরও কার্যকর ও সহজ বলে প্রমাণিত হলো।
তীরবর্তী অঞ্চলবিষয়ক প্রকৌশল, সমুদ্রের আইনগত বিশেষজ্ঞ, পরিবেশবিজ্ঞানী, সমুদ্র জীববিজ্ঞানীসহ ১০০ জন বিশেষজ্ঞ নিয়ে স্লাট একটি দল গড়লেন। এঁদের নিয়ে পরীক্ষামূলকভাবে চালানো হলো সেই পদ্ধতিটি। সমুদ্রের প্রাণীদের কোনো ক্ষতি না করেই পানি থেকে আবর্জনা তুলে আনা সম্ভব হলো।
এখন স্লাটদের লক্ষ্য আরও অনেক বড়। ২০২০ সালের মাঝামাঝি সময়ের মধ্যে তাঁরা ক্যালিফোর্নিয়া আর হাওয়াইয়ে এই পদ্ধতি প্রয়োগ করতে চান। সেখানে ৩০ কোটি ডলার খরচ হবে। স্লাটের মতে, এ খরচ প্রচলিত পদ্ধতির খরচের ৩৩ শতাংশ কম। নিজের এ পরিকল্পনা নিয়ে তিনি বসে নেই। স্লাট জানিয়েছেন,

সমুদ্রের প্রাণীদের কোনো ক্ষতি না করেই পানি থেকে আবর্জনা তুলে আনা সম্ভব
সমুদ্রের প্রাণীদের কোনো ক্ষতি না করেই পানি থেকে আবর্জনা তুলে আনা সম্ভব

গত বছর নানা জায়গায় স্রেফ ই-মেইল পাঠিয়েছেন ১৩ হাজারের মতো। চলছে পুরোদমে কাজ এবং সেটা ভীষণ জরুরি। সমুদ্র যে ভয়াবহ বিপদের মুখে। গ্রিনপিসের হিসাব বলছে, প্রতিবছর এক কোটি টন প্লাস্টিক আবর্জনা জমা হয় সমুদ্রে। প্লাস্টিকের ওজন বিবেচনায় এক কোটি টনের পরিমাণ কত বিশাল, চিন্তা করে দেখুন। বিস্ময়কর তথ্য হলো, এর ৮০ শতাংশই আসে ভূমি থেকে। বাকি ২০ শতাংশের জন্য দায়ী সমুদ্রে চলাচলকারী জাহাজ। প্লাস্টিকের সবচেয়ে বড় দূষণ ‘গ্রেট প্যাসিফিক গারবেজ প্যাচ’ নামে পরিচিত, যার আয়তন টেক্সাস রাজ্যের সমান! এই প্লাস্টিকগুলো বিষাক্ত স্যুপের মতো তরল তৈরি করে সমুদ্রের পানিতে মেশাচ্ছে; যাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে সমুদ্রের খাদ্যশৃঙ্খল।
স্লাটের পদ্ধতির কিছু সমালোচনাও আছে। অনেকেই বলেন, এতে ক্ষুদ্র দূষণকারী পদার্থগুলো তুলে আনা সম্ভব নয়। তবে সমালোচনায় কান দিয়ে বসে থাকার মানুষ স্লাট নন। তিনি ৫৩০ পৃষ্ঠার একটি গবেষণা তথ্য, তত্ত্ব ও সম্ভাব্যতা প্রতিবেদন প্রকাশ করেছেন। শুধু সমুদ্র থেকে প্লাস্টিক তুলে আনা নয়, নতুন করে সমুদ্রে প্লাস্টিক-বর্জ্য যেন যুক্ত না হয়, সেটিও তার মূল লক্ষ্য। যেহেতু ৮০ শতাংশ বর্জ্য ভূমি থেকেই যাচ্ছে, এ কারণে তিনি জোর দিয়েছেন প্লাস্টিকের রিসাইকেলের ওপর।
এত কম বয়সে এত বিরাট একটি প্রকল্প নেওয়ার চাপ কীভাবে সামলাচ্ছেন? স্লাট বরং বললেন, ‘আমার বয়স ৪০ হলেই বরং এগুলো আরও কঠিন হয়ে যেত।’