সমুদ্রের ধার ঘেঁষে ১৫ কি.মি. বৃত্তাকার সড়ক হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সমুদ্র সৈকতের ওপর দিয়ে শহরকে ঘিরে তৈরি হতে যাচ্ছে বৃত্তাকার সড়ক। এ জন্য ব্যয় করা হবে ৮৫৭ কোটি টাকা। জাপান আন্তর্জাতিক সহযোগী সংস্থা (জাইকা) ও সরকারের যৌথ অর্থায়নে এ প্রকল্প বাস্তবায়িত হবে। গত ২৭ মার্চ প্রকল্পটি অর্থনীতিসংক্রান্ত জাতীয় কমিটির (একনেক) অনুমোদন পায়।জানা গেছে, ‘চিটাগাং সিটি আউটার রিং রোড’ নামের প্রায় ১৫ কিলোমিটার দীর্ঘ এ সড়কের নির্মাণকাজ আগামী বছর শুরু হবে। সড়কটি সমুদ্র সৈকত থেকে শুরু হয়ে চট্টগ্রাম সাগরিকা জংশনে এসে শেষ হবে। দুই বছরের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে বলে জানা গেছে। এ নিয়ে গতকাল শনিবার দুপুরে নগরের একটি হোটেলে প্রকৌশল পরামর্শক প্রতিষ্ঠান এসম্যাক অস্ট্রেলিয়ার সঙ্গে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) একটি চুক্তি সই হয়। এই সময় উপস্থিত ছিলেন—প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) চেয়ারম্যান আবদুচ ছালাম ও এসম্যাক অস্ট্রেলিয়ার প্রতিনিধি গোলাম মোস্তফা।চউক সূত্র জানায়, এ প্রকল্পটি বাস্তবায়িত হলে চট্টগ্রামের যোগাযোগব্যবস্থার উন্নতি ঘটবে। পাশাপাশি চট্টগ্রাম ইপিজেড, কর্ণফুলী ইপিজেড, সমুদ্র বন্দর, নৌ-বাহিনীর বন্দর, প্রতিরক্ষা স্থাপনা ও চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দরসহ গুরুত্বপূর্ণ স্থাপনা ও অবকাঠামো সাইক্লোন ও জলোচ্ছ্বাসের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাবে। চউকের প্রকল্প পরিচালক কাজী হাসান বিন শামস প্রথম আলোকে বলেন, এ সড়ক উন্নয়ন কাজ সম্পন্ন হলে চট্টগ্রাম শহরের ভেতর যানজট অনেক কমে যাবে। শহরে প্রবেশ না করেই ঢাকা যাওয়া-আসা সম্ভব হবে। তা ছাড়া এ সড়ককে কেন্দ্র করে আবাসিক, বাণিজ্যিক ও পর্যটন সম্ভাবনা আরও বাড়বে। সূত্রমতে, প্রকল্পটি মূলত পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) শহর রক্ষাকারী উপকূলীয় বাঁধের ওপর দিয়ে বাস্তবায়ন করা হবে। বর্তমানে ওই বাঁধের উচ্চতা আনুমানিক ২০-২৩ ফুট (ছয়-সাত মিটার)। চউকের প্রকৌশলীরা মনে করেন, এ উচ্চতা জলবায়ু পরিবর্তনজনিত কারণে সৃষ্ট সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ও জলোচ্ছ্বাস থেকে চট্টগ্রাম শহরকে রক্ষা করার জন্য যথেষ্ট নয়।আউটার রিং রোড প্রকল্পের আওতায় বাঁঁধের উচ্চতা ৩১-৩৩ ফুট (৯ দশমিক ৫ থেকে ১০ মিটার) এবং সে সঙ্গে প্রশস্ততা বৃদ্ধি করা হবে। বাঁধের ওপর প্রায় ১৪ দশমিক ৭০২ কিলোমিটার দৈর্ঘ্যের এ সড়কটি চার লেনের হবে। এ সড়কের সঙ্গে শহরের চার লেনের সড়কগুলোর সংযোগের জন্য তিনটি সড়ক নির্মাণ করা হবে। এগুলোর দৈর্ঘ্য প্রায় সাত কিলোমিটার।