
রেহানার (ছদ্মনাম) স্বামী মারা গেছেন তিন মাস হলো। তাঁর ১২ বছর বয়সের একটি ছেলে আছে। স্বামীর মৃত্যুর পর ভেবেছিলেন সন্তানকে নিয়ে স্বামীর রেখে যাওয়া ফ্ল্যাটে বাকি জীবনটা কাটিয়ে দেবেন। কিন্তু স্বামীর মৃত্যুর কয়েক দিনের মধ্যে তাঁর দেবর-ননদেরা তাঁকে ফ্ল্যাট থেকে চলে যেতে বলেন। তাঁদের মতে, যেহেতু ভাই আর নেই, ভাইয়ের এ সম্পত্তিতে রেহানারও কোনো অধিকার নেই। উপায় না দেখে রেহানা সন্তানকে নিয়ে তাঁর ভাইয়ের বাড়িতে ওঠেন। রেহানার মতো স্বামী হারিয়ে অনেক নারী তাঁর প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। অথচ আইনে একজন বিধবা মুসলিম নারীর অধিকার স্পষ্ট নির্ধারণ করে দেওয়া হয়েছে। কোনো বিধবা নারীকে তাঁর অধিকার থেকে বঞ্চিত করলে আইনের আশ্রয় নেওয়ার সুযোগও আছে।
সম্পত্তি ও বাসস্থানের অধিকার
একজন বিধবা নারীকে তাঁর স্বামীর মৃত্যুর পর কোনোভাবেই তাঁর বাসস্থান থেকে জোর করে বের করে দেওয়া যাবে না। স্বামীগৃহ, যেখানে তিনি বসবাস করছেন, এ গৃহে তাঁর বাস করার অধিকার রয়েছে। এ ক্ষেত্রে তাঁর প্রাপ্য সম্পত্তি তাঁকে বুঝিয়ে দিতে হবে। তবে তিনি স্বেচ্ছায় অন্য কোথাও থাকতে চাইলে তাঁকে বাধা দেওয়া যাবে না। তিনি অন্যত্র বিয়ে না করলে তাঁর সন্তানদের তত্ত্বাবধান করার অধিকার থেকে বঞ্চিত হবেন না। স্বামীর মৃত্যুর কারণে কোনো স্ত্রী পরিত্যক্ত সম্পত্তির উত্তরাধিকার থেকে বঞ্চিত হন না। মুসলিম আইনে স্ত্রীকে ওই সব উত্তরাধিকারের মধ্যে রাখা হয়েছে, যাদের উত্তরাধিকার কোনো অবস্থাতেই বাতিল হয় না। একজন বিধবা স্ত্রী স্বামীর রেখে যাওয়া সম্পত্তির সন্তান থাকা অবস্থায় ১/৮ এবং সন্তান না থাকলে ১/৪ অংশ পাবেন। তাই কেউ বিধবাকে সম্পত্তি থেকে বঞ্চিত করতে চাইলে কিংবা তাঁর সম্পত্তি দখল করে নিলে তিনি আদালতের আশ্রয় নিতে পারেন।
পুনরায় বিয়ে করতে পারবেন
একজন নারী তাঁর স্বামীর মৃত্যুর পর ইদ্দতকালীন (চার মাস ১০ দিন) সময় পার করার পর নিজ ইচ্ছা অনুযায়ী অন্য সাধারণ নারীর মতো স্বাভাবিক স্বাধীন জীবন যাপন করতে পারবেন। এ ক্ষেত্রে কোনোভাবে তাঁর স্বাধীনতায় হস্তক্ষেপ করা যাবে না। তিনি অন্যত্র বিয়ে করবেন কি করবেন না, এটা তাঁর সম্পূর্ণ স্বাধীন সিদ্ধান্তের ব্যাপার।
দেনমোহর ও ভরণপোষণের অধিকার
একজন বিধবা তাঁর স্বামীর পরিশোধ করে না যাওয়া দেনমোহর পাওয়ার অধিকারী। স্বামীর মৃত্যু হলেই যে দেনমোহর পাবেন না, তা নয়। দেনমোহর ঋণের মতো, স্বামীর অবর্তমানে স্বামীর উত্তরাধিকারীরা তা পরিশোধ করতে বাধ্য। দেনমোহর পরিশোধ না করা হলে স্বামীর মৃত্যুর তিন বছরের মধ্যে পারিবারিক আদালতে মামলা করে তিনি তা আদায় করতে পারবেন। এ ছাড়া স্বামীর রেখে যাওয়া সম্পত্তি থেকে প্রাপ্ত অংশ একজন বিধবা স্বাধীনভাবে ব্যবহার করতে পারবেন। একজন বিধবা মা তাঁর সন্তানের কাছ থেকে ভরণপোষণ পেতে হকদার। সন্তানেরা ভরণপোষণ না দিলে আদালতে যাওয়ার সুযোগ আছে।
লেখক: আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট