১৯৫৮ সালের সাড়া জাগানো উপন্যাস থিংস ফল অ্যাপার্ট বিশ্বজুড়ে খ্যাতি এনে দেয় নাইজেরীয় ঔপন্যাসিক চিনুয়া আচেবেকে। এর প্রেক্ষাপট ছিল দেশটির জাতিগত সংঘাত। আচেবে নাইজেরিয়া সম্পর্কে লেখালেখি চালিয়ে যাচ্ছেন। ৭৯ বছর বয়সী এই সাহিত্যিক ও সমাজবিশ্লেষক সম্প্রতি তাঁর স্বদেশ তথা আফ্রিকার উন্নয়ন ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নিউজউইককে এ সাক্ষাৎকারটি দেন। ভাষান্তর: ইসরাত জাহানপ্র: নাইজেরিয়ার এ রকম নেতিবাচক ভাবমূর্তির কারণ কী বলে আপনার মনে হয়?উ: নাইজেরিয়ায় গেলে আপনি দেখবেন সেখানকার মানুষ কতটা প্রাণবন্ত, পরিশ্রমী ও একটি সুন্দর ভবিষ্যতের প্রত্যাশী। তবে এসব সত্ত্বেও দেশটিকে দুর্নীতিপ্রবণ বলে মনে হতে পারে আপনার। ঔপনিবেশিক শাসনকাল থেকেই নাইজেরিয়াবাসী এক গভীর সংকটে ডুবে আছে। বর্তমানে একদিকে যেমন দেশটি এক আধুনিক রাষ্ট্রে পরিণত হতে চেষ্টা করছে, আরেকদিকে এটি একটি দুর্নীতিগ্রস্ত ও সহিংসতাপ্রবণ দেশ হিসেবেই পরিচিত।প্র: নাইজেরিয়ার মতো কয়েকটি আফ্রিকান দেশের এমন হালের কারণ কী?উ: বিশাল তেলের ভান্ডারের কারণে নাইজেরিয়া একটি সম্পদশালী দেশ। কিন্তু শৃঙ্খলা ও সততার অভাবে এ সম্পদ উল্টো উন্নয়নের অন্তরায় হয়ে উঠতে পারে। আমি আমার দেশ সম্পর্কে অনেক লেখালেখি করি, কিন্তু তবু সামনে এগিয়ে যেতে আমাদের অনীহার কারণটা বুঝি না। এটা অন্য নাইজেরিয়াবাসীর মতো আমার কাছেও একটা রহস্য। এ দেশের মানুষ জানে তারা কী চায়। তার পরও রহস্যজনক কারণে ভীষণ বিশৃঙ্খল তারা।প্র: রাজনৈতিক ভাষ্যগুলোতে আপনি আফ্রিকার রাজনীতিতে ব্যক্তির প্রভাবের গুরুত্ব সম্পর্কে আলোকপাত করেছেন। কিন্তু এ ধরনের প্রভাব কি সুশাসনের জন্য অনুকূল?উ: আমি কিন্তু এভাবে দেখি না। আমাদের এমন একজন নেতা দরকার যিনি জনগণের প্রয়োজন বুঝবেন। আমি মনে করি নাইজেরিয়ার সংকটের কারণ আসলে দেশটির নেতৃত্বের ব্যর্থতা, তাঁদের অনুসারীদের নয়।প্র: কিন্তু যে অনুকূল পরিবেশ এই তস্কর শাসকদের তৈরি করে, তার কি কোনো দায় নেই?উ: নেতৃত্বের ওপর জনগণের চাপ বজায় রাখাটা জরুরি। তবে সমস্যা হচ্ছে, রাজনৈতিক নেতারা বেশির ভাগই দুর্নীতিপরায়ণ। আফ্রিকার যে গুটিকয় দেশ অপেক্ষাকৃত সুষ্ঠুভাবে চলছে সেগুলোর দিকে তাকালে দেখবেন, সেসব দেশের নেতারা সাধারণভাবে অন্য দেশগুলোর তুলনায় ভালো। জনগণের উচিত ক্ষমতা এমন লোকের হাতে তুলে দেওয়া যাঁর রয়েছে সুষ্ঠু শিক্ষা, রয়েছে একটি জাতির সম্পদকে যথাযথভাবে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার যথাযথ প্রশিক্ষণ। এটা সত্যি, ঔপনিবেশিক শাসনব্যবস্থা আমাদের উন্নয়নকে বাধাগ্রস্ত করেছে, তবে আমরা নিজেদের উন্নয়নে কাজ করার প্রচুর সময় ও সুযোগ পেয়েছি। কিন্তু তা কাজে লাগাইনি।প্র: নাইজেরিয়ায় খ্রিষ্টান ও মুসলিমদের মধ্যকার গোষ্ঠীগত দাঙ্গা বেড়ে গেছে। আপনি কি মনে করেন দেশটিতে মুসলিম মৌলবাদীরা শিকড় গেড়ে বসতে পারে?উ: এটা খুবই গুরুতর একটি সমস্যা। রাজনৈতিক নেতারা যেসব জিনিস তাঁদের স্বার্থ হাসিলে লাগে তা ব্যবহার করে থাকেন। আর গোষ্ঠীগত বিষয় ও ধর্ম এ রকমই দুটি স্বার্থ হাসিলের উপকরণ। এটি খুবই উদ্বেগজনক। এ অবস্থা একটি জাতিকে স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। আমি মনে করি, এটা অনুন্নয়নের একটি লক্ষণ।প্র: উন্নয়নের বিবেচনায় আপনার কি মনে হয় আফ্রিকায় পাশ্চাত্যের এখনো কিছু ভূমিকা রাখার আছে?উ: আমি মনে করি না পাশ্চাত্যকে এ ব্যাপারে একটি সিদ্ধান্ত নিতেই হবে। চাইলে তারা সহায়তা করতে পারে। কিন্তু এটা হওয়া উচিত স্বতঃস্ফূর্তভাবে। একই মানবজাতির সদস্য হিসেবে আমরা একে অন্যের জন্য যেমন করতে পারি। আমাকে ভুল বুঝবেন না আবার। আফ্রিকায় পশ্চিমা দেশগুলোর এখনো অবদান রাখার সুযোগ আছে। কিন্তু আমি মোটেই চাই না লোকে এ রকম মনে করুক যে বাইরের কেউ আফ্রিকা মহাদেশের উন্নয়ন করে দেবে, সেই অপেক্ষায় বসে আছি আমরা।