উ প জে লা প রি ষ দ নি র্বা চ ন: আনোয়ারা
সম্পদে এগিয়ে জালাল, আয় বেশি তৌহিদের, আমিরের গরিবি হাল
আনোয়ারায় তিন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থীর মধ্যে সবচেয়ে বেশি সম্পদশালী বিএনপির জালাল উদ্দিন আহমেদ। তবে তাঁর তুলনায় তাঁর স্ত্রীর নামেই রয়েছে বেশি সম্পদ। অন্যদিকে বার্ষিক আয়ের দিক দিয়ে এগিয়ে রয়েছেন আওয়ামী লীগের তৌহিদুল হক চৌধুরী। আর গরিব অবস্থা অর্থাৎ সবচেয়ে কম আয় জাতীয় পার্টির আমির আহমদ খানের।
তিন প্রার্থীর হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
হলফনামায় দেওয়া তথ্যমতে, জালাল উদ্দিন আহমেদের বার্ষিক আয় ১১ লাখ ৭৫ হাজার ৮৩৩। এর মধ্যে কৃষি খাতে ৬০ হাজার ৫০০ টাকা ও ব্যবসায় ক্ষেত্রে নিজের আয় দুই লাখ ২০ হাজার টাকা। এ ছাড়া, তাঁর নির্ভরশীলদের আয় দেখানো হয়েছে আট লাখ ৯৫ হাজার ৩৩৩ টাকা।
তাঁর নিজের ও স্ত্র্রীর মিলিয়ে অস্থাবর-স্থাবর সম্পত্তি রয়েছে ৬৫ লাখ ৪১ হাজার ৯৯৫ টাকার। অস্থাবর সম্পদের মধ্যে নিজের নগদ টাকার পরিমাণ ১০ লাখ ৫১ হাজার ৩৪৩ টাকা হলেও স্ত্রীর নামে রয়েছে ১৭ লাখ ৬০ হাজার ২৫২ টাকা। জালালের নিজের নামে কোনো গাড়ি না থাকলেও স্ত্রীর নামে রয়েছে দুই লাখ ৩০ হাজার টাকার গাড়ি।
স্থাবর সম্পদের মধ্যে দেখানো হয়েছে নিজের নামে দেড় লাখ টাকার কৃষিজমি, ২৫ হাজার টাকার অকৃষি জমি। তবে স্ত্রীর নামে ৩২ লাখ ৯৩ হাজার টাকা মূল্যের অকৃষি জমি দেখানো হয়েছে।
তৌহিদুল হক চৌধুরীর বার্ষিক আয় দেখানো হয়েছে ১২ লাখ ১০ হাজার টাকা। এর মধ্যে কৃষি খাতে ১০ হাজার ও চাকরিক্ষেত্র থেকে ১২ লাখ টাকা। তাঁর অস্থাবর-স্থাবর সম্পদ রয়েছে ২৫ লাখ ৫০ হাজার টাকার। তাঁর নিজের নামে ব্যাংকে জমা ১০ লাখ টাকা, বন্ড-ঋণপত্র পাঁচ লাখ টাকা, বৈদ্যুতিক সামগ্রী ও আসবাবপত্র মিলিয়ে দেখানো হয়েছে পাঁচ লাখ টাকার সম্পদ। তা ছাড়া, স্ত্রীর নামে তিন লাখ টাকার স্বর্ণালংকার দেখানো হয়েছে।
আমির আহমদ খানের বার্ষিক আয় এক লাখ ৪০ হাজার টাকা। এর মধ্যে কৃষি খাতে ২০ হাজার ও ব্যবসা থেকে এক লাখ ২০ হাজার টাকা রয়েছে। তাঁর ও নিজের নামে নগদ ও ব্যাংকে জমা টাকা, স্বর্ণালংকার, কৃষি-অকৃষি জমি ও বাড়িসহ স্থাবর-অস্থাবর সম্পদ দেখানো হয়েছে ১৪ লাখ ৫১ হাজার ৫০০ টাকার।
শিক্ষা, মামলা ও পেশা: তিন প্রার্থীর মধ্যে শিক্ষায় এগিয়ে রয়েছেন তৌহিদুল হক চৌধুরী। তিনি এমএ পাস, পেশায় চাকরিজীবী। জালাল উদ্দিন আহমেদ বিকম পাস ও পেশায় ব্যবসায়ী। আর আমির আহমদ খান স্বশিক্ষিত। তিনিও ব্যবসায়ী। তিনজনের কারও বিরুদ্ধে থানায় কোনো মামলা নেই।