সম্পদের কারণে শত্রু লেগেছে
স্বামী ও স্বামীর সম্পদ—এ দুই বিষয়ে দুশ্চিন্তা কাটছে না ডবলমুরিং থানার শিমু রানী দাসের। তাঁর স্বামী বাবলু কুমার জলদাস এখন মানসিক রোগী। স্বামীর সম্পদ আত্মসাৎ করতে এলাকার কিছু লোক বেপরোয়া হয়ে উঠেছে। বাবলুকে অপহরণ করা হয়। পুলিশের তৎপরতায় উদ্ধার হলেও আবার অপহরণের আশঙ্কায় স্বামীকে নিরাপত্তা হেফাজতে পাঠাতে আদালতে আবেদন করেন শিমু। এ ব্যাপারে চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ মাহাবুবুর রহমানের আদেশ ও বাদীর অভিযোগের অংশবিশেষ তুলে ধরা হলো আদালতের আদেশ: এজাহারকারী শিমু রানী দাস বলেন, ভুক্তভোগী (বাবলু) মানসিক রোগী। তাঁর (বাবলু) সম্পদের কারণে তাঁর পেছনে শত্রু লেগেছে। শিমু তাঁকে নিরাপদে রাখতে পারবেন না। তাই নিরাপত্তা হেফাজতে পাঠানোর আবেদন করেন। শিমু ভীতসন্ত্রস্ত ভঙ্গিতে বলেন, ‘আমি নিরাপদ নই। ওরা আমাকে ও আমার স্বামীকে মেরে ফেলবে।’আদালতের আদেশে আরও বলা হয়, মানসিকভাবে অসুস্থ একজনকে নিরাপত্তা হেফাজতে পাঠানোর কোনো আইনি বিধান নেই, তাই তাঁকে আদালতে উপস্থাপনের শর্তে স্ত্রীর জিম্মায় যেতে দেওয়া হোক। সংশ্লিষ্ট থানার ওসি ভুক্তভোগী তথা তাঁর পরিবারের নিরাপত্তার বিষয় সম্পর্কে সতর্ক থাকবেন।এর আগে শিমু পাঁচজনকে আসামি করে ডবলমুরিং থানায় একটি মামলা করেন। এরপর পুলিশ বাবলুকে উদ্ধার করে। তাতেও ভীতি কমেনি। সন্ত্রাসীরা বারবার হুমকি দিয়ে আসছিল। একপর্যায়ে শিমু সন্ত্রাসীদের হাত থেকে রক্ষার জন্য তাঁর স্বামীকে নিরাপত্তা হেফাজতে পাঠানোর আবেদন করেন আদালতে। ডবলমুরিং থানায় করা অভিযোগে বলা হয়, আসামিরা দাঙ্গা-হাঙ্গামাকারী ও কলহপ্রিয়। তাঁরা আইনকানুনের ধার ধারেন না। ধরাকে সরা জ্ঞান করেন। গায়ের জোরে অন্যের সম্পত্তি জবরদখল করা আসামিদের নেশা ও পেশা।শিমুর আবেদনে আরও বলা হয়, ‘গত ১৮ এপ্রিল রাতে আমি আমার স্বামী বাবলু কুমারসহ আইনি পরামর্শ নিতে কবি নজরুল ইসলাম সড়কের একজন আইনজীবীর বাসায় যাই। রিকশায় করে বাসায় ফেরার পথে আসামিরা ধাক্কা দিয়ে আমার স্বামীকে মাটিতে ফেলে দেয়। একপর্যায়ে তাঁকে সিএনজি অটোরিকশায় তুলে নিয়ে যায়। যাওয়ার সময় আসামিরা আমাকে হুমকি দিয়ে বলে, ‘আজকে তুই আমাদের হাত থেকে প্রাণে বেঁচে গেলেও তোর স্বামীকে এবার জীবন্ত ফিরে পাবি না। ভবিষ্যতে বেশি বাড়াবাড়ি করলে তোকে ও তোর ছেলেমেয়েকে তোর স্বামীর মতো অপহরণ করে জীবন্ত শেষ করে ফেলব।’