সম্পদের দ্বীপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একসময় স্টকহোম থেকে ৮১ কিলোমিটার দূরে স্ট্রেংন্যাস গির্জার অধীন টিন্নেলসউ নামের দুর্গে এক ধীবর কাজ করত। ধীবরের কাজ ছিল দুর্গের জন্য মাছ ধরা। একদিন সে লেক থেকে বিরাট এক স্যামন মাছ ধরে ফেলে। নিয়মানুযায়ী, ধৃত মাছ দুর্গের প্রধানকে দিয়ে দেওয়াই ছিল ধীবরের কাজ, কিন্তু তা না করে মাছটি নিয়ে সে ম্যালারেন হ্রদের মধ্যে বড় একটি দ্বীপে এসে ওঠে এবং ওই দ্বীপে কোনো জনমানব না থাকায় সে-ই ছিল দ্বীপের প্রথম বাসিন্দা। ক্রমে বড় দ্বীপটিই কালের আবর্তে স্টকহোম নামে পরিচিতি লাভ করে। স্টকহোম আবিষ্কারের পেছনে এই পৌরাণিক কাহিনিটি খুবই প্রচলিত।স্টকহোম নামকরণের পেছনে কয়েকটি ভিন্ন ইতিহাস আছে।তেরো শ শতকে হেলজেন্সহোলম নামক জায়গায় স্টকহোম শহরের গোড়াপত্তন হয়। হেলজেন্সহোলম ছিল বর্তমান বৃহত্তর স্টকহোমের ছোট একটি দ্বীপ। বর্তমানে এই দ্বীপে জাতীয় সংসদ স্থাপিত। ব্যবসা-বাণিজ্যের সুবিধার জন্য দুটি সেতুর মধ্যে শহরটিকে সরিয়ে আনা হয় বলে এর নাম হয় স্টকহোম। সুইডেনের পার্শ্ববর্তী দেশ এস্তোনিয়া স্টকহোম থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে সমৃদ্ধিশালী জনগণ সিগটুনা আক্রমণ ও ধ্বংস করলে সিগটুনাবাসী তাদের মূল্যবান সম্পদ লেক ম্যালারেনে নিক্ষেপ করে নতুন দ্বীপে চলে আসে। ‘স্টক’ শব্দের অর্থ রক্ষিত স্থান আর ‘হোলম’ শব্দের অর্থ ‘দ্বীপ’, অর্থাত্ স্টকহোম সম্পদ রক্ষাকারী দ্বীপ।সে সময় পার্শ্ববর্তী দেশ ডেনমার্কের ব্যাপক আধিপত্য ও প্রাধান্য ছিল সুইডেনের ওপর।সুইডেনের জনগণ ও বিশিষ্ট নাগরিকেরা দীর্ঘদিন ধরে ডেনমার্কের প্রভাব থেকে মুক্ত হওয়ার চেষ্টা করছিল।১৪৭১ সালের ১০ অক্টোবর রাজপ্রতিনিধি স্টেন স্টুরে ও ডেনিশ রাজা প্রথম ক্রিশ্চিয়ানের মধ্যে ব্রুনকেব্যারির যুদ্ধ, সুইডেনের রাজনৈতিক ইতিহাস পাল্টে দেয়। এই যুদ্ধ ছিল সুইডেনের ইতিহাসে এক রক্তক্ষয়ী যুদ্ধ। সে সময় বর্তমান কুংস্তার্গোডেন ও র্নমালমথরী ছিল জলাভূমি। জলাভূমির পাশে বর্তমানে সুইডিশ কেন্দ্রীয় ব্যাংকের এলাকাই ছিল ব্রুনকেব্যারি। ডেনিশ রাজা ব্রুনকেব্যারিতে পাঁচ হাজার সেনার এক সমাবেশ করেন। যুদ্ধে রাজার অনেক সেনা মারা যায়। রাজা ক্রিশ্চিয়ান বুলেটের আঘাতে আহত হন ও তাঁর কয়েকটি দাঁত ভেঙে যায়। পরাজিত রাজা আর সুইডেনে ফেরেননি। যুদ্ধের পর দেশ ও রাজনীতিতে জাতীয়তাবাদের ব্যাপক উন্মেষ ঘটে। রাজপ্রতিনিধি স্টেন স্টুরে গোটা দেশে জাতীয়তাবাদের প্রতীক হিসেবে আবির্ভূত হন এবং দীর্ঘ ২৭ বছর দেশ শাসন করেন।ব্রুনকেব্যারির যুদ্ধে ডেনিশ আধিপত্য ও প্রভাব বিতাড়িত হলেও প্রতিবেশী দেশ হিসেবে দুই দেশের সম্পর্ক বজায় ছিল। যুদ্ধের প্রায় ৯০ বছর পর ১৫২০ সালে ডেনিশ রাজা দ্বিতীয় ক্রিশ্চিয়ানের রাজ্যাভিষেক উপলক্ষে স্টকহোমে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে রাজপ্রতিনিধি, অভিজাত সম্প্রদায়, বিশিষ্ট জনগণ ও নগরের বাসিন্দাদের আমন্ত্রণ জানানো হয়। দীর্ঘ তিন দিন উত্সব চলার পর অভিজাত সম্প্রদায় কথায় কথায় প্রচলিত ধর্মমতের বিরুদ্ধে উষ্মা প্রকাশ করে। গির্জার প্রধান ধর্মযাজক গুস্তাভ ট্রোল্লে তাঁদের অভিযুক্ত করলে, আদালত দ্রুতই তাঁদের মৃত্যুদণ্ড দেন। দণ্ডাদেশের পরদিন থেকে বর্তমান পুরোনো শহরের বড়বাজারে (Stortorget) মৃত্যুদণ্ড কার্যকর হতে থাকে এবং দুই দিনেই অভিজাত সম্প্রদায়ের ১০০ জনের শিরশ্ছেদ করা হয়। ইতিহাসে এই হত্যাকাণ্ড এক কালো অধ্যায় হিসেবে বিবেচিত হয়ে আছে। এই হত্যাকাণ্ড ব্যাপক আলোড়নের সৃষ্টি করে ও অনেক ঘটনার জন্ম দেয়। অবশেষে ১৫২৩ সালে গুস্তাভ ভসা স্টকহোম অবরোধ করে নিজেকে সুইডেনের প্রথম রাজা হিসেবে ঘোষণা দেন এবং রাজতন্ত্র প্রতিষ্ঠা করেন। সুইডেনের বর্তমান রাজা সেই রাজবংশেরই বংশধর।উনিশ শতকে স্টকহোম ছিল ইউরোপের সবচেয়ে নোংরা নগর।নগরের উত্তর পাশে গড়ে উঠেছিল বিশাল নোংরা বস্তি। খেটে খাওয়া মানুষের ন্যূনতম বাঁচার সংস্থান ছিল না। কিন্তু উনিশ শতকের শেষ প্রান্তে ১৯৯৮ সালে স্টকহোম ইউরোপের সাংস্কৃতিক রাজধানী হিসেবে স্বীকৃতি লাভ করে। বহুকাল আগে এক ধীবরের স্যামন শিকার ও অচেনা দ্বীপটিতে আগমনের পর অনেক সময় পার হয়ে গেছে। সময়ের হাত ধরে ধাপে ধাপে গড়ে উঠেছে ইউরোপের আকর্ষণীয় নগর স্টকহোম।লিয়াকত হোসেনস্টকহোম, সুইডেন[email protected]