যুক্তরাষ্ট্র-চীন সম্পর্ক সম্ভবত বর্তমান বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্ক। ভবিষ্যতেও এটি অধিক গুরুত্বের সঙ্গে বিবেচিত হতে পারে। যদি যুক্তরাষ্ট্র ও চীন পরস্পরকে সহযোগিতা না করে তাহলে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরমাণু অস্ত্রের বিস্তার রোধ ও বৈশ্বিক অর্থনীতিকে একটি স্থিতিশীল প্রবৃদ্ধির পথে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কি আশা থাকতে পারে? গত দশকে এই দুই দেশের সম্পর্ক মোটামুটি ভালোই ছিল। বারাক ওবামার ক্ষমতা গ্রহণের শুরুতে উভয় দেশের সম্পর্ক আন্তরিক ছিল। কিন্তু গত মাসের শেষ দিকের একটি ঘটনা আবারও মনে করিয়ে দিয়েছে, ওয়াশিংটন-বেইজিং সম্পর্ক কতটা স্পর্শকাতর হতে পারে এবং কত তাড়াতাড়ি এটি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।অতীতের অনেক সময়ের মতো এবারও প্রসঙ্গ তাইওয়ান। গত ২৯ জানুয়ারি ওবামা প্রশাসন ৬০০ কোটি ডলারের বেশি অর্থের অস্ত্রশস্ত্র তাইওয়ানের কাছে বিক্রি করার একটি পরিকল্পনা ঘোষণা করে। এই অস্ত্রের মধ্যে রয়েছে জাহাজবিধ্বংসী অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র হারপুন ও ব্লাক হক হেলিকপ্টার। চীন সরকার তাত্ক্ষণিকভাবে বেইজিংয়ে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে তলব করে এবং চীনের ‘অভ্যন্তরীণ ব্যাপারে’ হস্তক্ষেপের জন্য তাঁকে তীব্র ভর্ত্সনা করে। মার্কিন সশস্ত্র বাহিনীকে সহযোগিতা বন্ধ করা হবে বলে ঘোষণা দেয় বেইজিং। একই সঙ্গে চীন মার্কিন অস্ত্র বিক্রেতা প্রতিষ্ঠানগুলোর ওপর অবরোধ আরোপ করার হুমকি দেয়। অর্থাত্ যেসব আমেরিকান কোম্পানি তাইওয়ানে অস্ত্র বিক্রি করতে পারে, চীনের বাজারে তাদের প্রবেশ বন্ধ করে দেওয়া হবে। বৃহত্ শক্তির দুই দেশের মধ্যে এটি অত্যন্ত অস্বস্তিকর একটি পরিস্থিতি। এ পরিপ্রেক্ষিতে প্রশ্ন ওঠে, এই পরিস্থিতি বাকি বিশ্বের জন্য কতটা উদ্বেগজনক? এই প্রশ্নের উত্তর পেতে হলে আমাদের পেছনে ফিরে তাকাতে হবে।কমিউনিস্ট শাসিত চীনের মূল ভূখণ্ড থেকে তাইওয়ানকে রক্ষা করতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ। মার্কিন কংগ্রেসে এ ব্যাপারে একটি আইনও পাস হয়। তাইওয়ান রিলেশন অ্যাক্ট ১৯৭৯ শিরোনামের এই আইন অনুযায়ী, তাইওয়ানের নিজেকে রক্ষায় যত অস্ত্রশস্ত্র প্রয়োজন, তা দিতে বাধ্য যুক্তরাষ্ট্র।মূলত চীনের কর্মকর্তারা তাইওয়ানের কাছে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রির পরিকল্পনার ঘোষণায় বিস্মিত হননি। মার্কিন কর্মকর্তারা দীর্ঘদিন ধরে বলে আসছিলেন, তাঁরা অস্ত্র বিক্রির ব্যাপারে চীনের সঙ্গে কোনো আলোচনা করবেন না। যদিও ওই দিন বারাক ওবামার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেমস জোনস ঘোষণা করেন, এ ব্যাপারে আমেরিকা চীনের সঙ্গে খোলাখুলি আলোচনা করবে। মার্কিন প্রশাসনের কর্মকর্তারা পরে ব্যাখ্যা দেন, আলোচনা নয়, তাঁরা অবহিত করার বিষয়টি বুঝিয়েছেন।অস্ত্র দিয়ে তাইওয়ানকে সহযোগিতা করার ব্যাপারটি বারাক ওবামা সামনে না আনলেই চীন সরকার বেশি খুশি হতো। বর্তমান প্যাকেজে ৬০টি ব্লাকহক হেলিকপ্টার অন্তর্ভুক্ত, যা জর্জ বুশ প্রশাসন অনুমোদন করেনি। নতুন এফ-১৬ যুদ্ধবিমান দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের কাছে চেয়ে আসছে তাইওয়ান। ১৯৯২ সালে জর্জ বুশ ক্ষমতায় থাকাকালে যুক্তরাষ্ট্র সর্বশেষ তাইওয়ানকে এফ-১৬ বিমান দিতে সম্মত হয়। তখন চীন ক্ষুব্ধ হলেও ইউরোপে কমিউনিজমের পতন হওয়ায় বেইজিং তেমন কোনো প্রতিক্রিয়া দেখায়নি। কিন্তু এখন অস্ত্রের তালিকা ছোট হলেও বেইজিং কম সংযত। ওয়াশিংটন থেকে চীনের ব্যাপারে যাঁরা নজর রাখেন, চীনের বর্তমান প্রতিক্রিয়ায় তাঁরা উদ্বিগ্ন নন। ওবামা প্রশাসনের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা বলেছেন, বেইজিংয়ের ওই পদক্ষেপ প্রত্যাশিত এবং এটা চীনের আগের প্রতিক্রিয়ার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তাইওয়ানের কাছে আমেরিকা অস্ত্র বিক্রি করলে চীন সাধারণত সামরিক সংলাপ বাতিল করে দেয়। এফ-১৬ বিক্রির পর বেইজিং জাতিসংঘের অস্ত্র নিয়ন্ত্রণ আলোচনা থেকে নিজেকে প্রত্যাহার করেন নিয়েছিল। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক রক্ষার বিষয়টিকে চীন সব সময় বেশি গুরুত্ব দিত। ১৯৭৯ সালে যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়, তখনো চীন জানত, ওয়াশিংটনের অস্ত্র বিক্রি অব্যাহত থাকবে। অস্ত্র বিক্রির ব্যাপারে ঠিক এই মুহূর্তে ওবামা কী ভাবছেন? এ রকম প্রশ্ন অনেকের মনেই জাগে। গবেষকদের একপক্ষ মনে করে, দেশের অভ্যন্তরীণ বিভিন্ন সমস্যা নিয়ে ব্যস্ত মার্কিন প্রেসিডেন্ট। তাই শেষ পর্যন্ত তিনি পিছু হটার সিদ্ধান্ত নেবেন। মার্কিনিরা মনে করেন, তাঁদের অভিযোগ ও উদ্বেগের যুক্তি আছে। তাইওয়ানের প্রসঙ্গে চীনের বর্তমান অবস্থানের পরিপ্রেক্ষিতে বোঝা যাচ্ছে, যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্কের পরিবর্তন ঘটে উদ্বেগজনক পর্যায়ে পৌঁছতে পারে। সাম্প্রতিক কয়েক মাসে বহির্বিশ্বের সঙ্গে বিভিন্ন বিষয় পরিচালনার ক্ষেত্রে চীন বেশ কঠোর হয়েছে। উদাহরণস্বরূপ, কোপেনহেগেনে বারাক ওবামার সঙ্গে জলবায়ু আলোচনার জন্য অপেক্ষাকৃত নিম্নপদস্থ কর্মকর্তাদের পাঠানো গত ডিসেম্বরে একজন ভিন্ন মতাবলম্বী নেতাকে দীর্ঘদিনের কারাদণ্ডাদেশ, একই মাসে ব্রিটিশ প্রধানমন্ত্রীর অনুরোধ সত্ত্বেও একজন ব্রিটিশ (মানসিকভাবে ভারসাম্যহীন বলে ধারণা করা হয়) মাদক ব্যবসায়ীর মৃত্যুদণ্ড কার্যকর করা, প্রতিবেশীদের সঙ্গে ভূখণ্ডগত বিবাদে চীনের কঠোর অবস্থান এবং ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপে অনাগ্রহ।যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে ইরান এখন অন্যতম প্রধান উদ্বেগের একটি বিষয়। তাইওয়ানে অস্ত্র বিক্রি নিয়ে বিরোধ শেষ হলে বৈশ্বিক ভূ-রাজনীতিতে পরবর্তী বড় বিবাদ বেধে যেতে পারে ইরানকে নিয়ে। মূলত ইরানের বিরুদ্ধে নতুন করে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের ব্যাপারে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অপর সদস্য ও জার্মানির সঙ্গে আলোচনায় বসতে চীনের অনাগ্রহের ব্যাপারে ক্ষোভ প্রকাশ করতে যুক্তরাষ্ট্র অস্ত্র বিক্রির পরিকল্পনার কথা ঘোষণা করেছে বলে মনে করা হয়।