সম্পর্কের গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটনির বয়স চার না হতেই ওর বাবা স্টিভ ওদের ছেড়ে স্কটল্যান্ড চলে যান। স্কটল্যান্ডে যাওয়ার পর গত ছয় বছরে মাত্র তিনবার স্টিভ ব্রিটনিকে দেখতে লন্ডনে আসেন। বাবা পারলেও মা কেলি ব্রিটনিকে ছেড়ে যেতে পারেননি। তবে স্টিভ চলে যাওয়ার তিন মাসের মধ্যেই কেলি ইরফান নামে তাঁর পাকিস্তানি এক সহকর্মীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন এবং একসঙ্গে থাকতেও শুরু করেন। কথা ছিল ব্রিটনির পঞ্চম জন্মদিনে স্টিভ ও কেলি বিয়ে করবেন। কিন্তু তা শুধু কথাই থেকে গেছে, কাজে আর হয়নি। ৩ সেপ্টেম্বর ছিল ব্রিটনির ১০ম জন্মদিন। জন্মদিন উপলক্ষে মা কেলি ব্রিটনিকে একটা পুতুল কিনে দেন, যা পেয়ে ব্রিটনি যারপরনাই খুশি হয়। ব্রিটনির সৎভাই পাঁচ বছরের ড্যানিয়েল পুতুলটা দেখতে চাইলে ব্রিটনি তা নিয়ে দূরে সরে যায়। সৎভাই ড্যানিয়েল কাঁদতে শুরু করলে ব্রিটনির মা ব্রিটনিকে বকাঝকা করে পুতুলটা এনে ড্যানিয়েলের হাতে দেন। এবার ব্রিটনি ‘বাবা বাবা’ বলে কাঁদতে শুরু করে। কেলি তাচ্ছিল্যের ভঙ্গিতে হাসতে হাসতে ব্রিটনিকে বলতে থাকেন, ‘বাবা, হি হি হি, বাবা, ধরে নাও তোমার বাবা আর আসবে না। আর কটা বছর গেলে আমিও ছেড়ে যাব।’ কেলির শেষের কথাটা ব্রিটনির কানে চাবুকের আঘাতের মতো লাগে। ব্রিটনি কেলিকে জড়িয়ে ধরে এবার ‘মা মা’ বলে কাঁদতে থাকে। ছেলে ড্যানিয়েলকে নিয়ে ব্যস্ত থাকা কেলি ব্রিটনিকে ঠেলে দিয়ে একটা চেয়ারে বসিয়ে দেন। ব্রিটনি এবার অন্য দিকে তাকিয়ে কাঁদতে থাকে। ব্রিটনির কান্না একসময় থেমে যায়, পুতুলের কথা ভুলে গিয়ে শক্তহাতে চেয়ারের হাতল ধরে অসহায় ভঙ্গিতে ব্রিটনি টিভির দিকে তাকিয়ে থাকে। মনে হচ্ছিল, ওই সময় ব্রিটনির কাছে ওয়েটিংরুমের টিভিটাই পৃথিবীর সবচেয়ে আপন। মা কেলি ছেলে ড্যানিয়েলকে কিছু একটা খাওয়াচ্ছে; এমন সময় হঠাৎ আমার পাকিস্তানি বন্ধু ড. হাফিজকে দেখলাম বেশ আন্তরিকভাবে কেলির সঙ্গে কথা বলতে শুরু করল। কিছুক্ষণ পর হাফিজ ব্রিটনিকে কোলে নিয়ে ‘হ্যাপি বার্থডে’ বলে ওর হাতে ১০ পাউন্ডের একটা নোট ধরিয়ে দিল। হাফিজের পরের কাজটা আমার ভালো লাগল। আমি ওকে ডাকলাম। হাফিজ অবাক হয়ে আমাকে জিজ্ঞেস করল, আরে, তুমি এখানে? আমি বললাম ড. মারলের জন্য অপেক্ষা করছি। আমি হাফিজকে একটু দূরে নিয়ে জিজ্ঞেস করলাম, ওই মেয়েটা তোমার কে? হাফিজ বলল, ওর সঙ্গে আমার চাচাতো ভাই ইরফানের একটা সম্পর্ক আছে, তবে অনেক ব্যাপার-স্যাপার আছে, তোমাকে পরে বলব। আমি আর না চেঁচিয়ে আমাদের চাকরি-বাকরির আলাপে চলে এলাম।সেদিন সেন্ট্রাল লন্ডনে সেন্ট বারথলোমেউ হাসপাতালের ওয়েটিংরুমে ড. মারলের জন্য অপেক্ষা করছিলাম। সেখানে কেলি ও ব্রিটনিকে দেখতে পাই। ব্রিটনির কান্নার শব্দে ওদের দিকে আমার মনোযোগ গিয়েছিল। যা-ই হোক, পরে বন্ধু হাফিজের সঙ্গে আলাপ করে ওদের বিষয়ে সব জানতে পারি। ড. হাফিজের চাচাতো ভাই ইরফান সেন্ট্রাল লন্ডনে টেসকো সুপার স্টোরের একটা শাখায় কাজ করে। ওখানে কাজ করতে গিয়ে কেলির সঙ্গে সম্পর্ক গড়ে তোলে। ড. হাফিজের মতে, আসলে ইরফানের বাবা-মা কখনোই ওদের সম্পর্ক মেনে নেবে না। কারণ, ওই মেয়ের সংস্কৃতির সঙ্গে আমাদের পরিবারের কখনোই মিল খাবে না। হাফিজের এ কথার মানে খুব সহজ; কিছুদিন পর কেলির দ্বিতীয় সন্তান ড্যানিয়েলও ব্রিটনির মতো পিতৃহীন হয়ে যাবে। তারপর কেলি কী করবে? অন্য একজনকে ধরবেন আর ব্রিটনি ও ড্যানিয়েল নিজ নিজ পথ দেখে নেবে...এই তো হবে নাকি? হয়তো মাঝেমধ্যে মা-বাবার সঙ্গে দেখা হবে, হয়তো না। বাবা-মা, ভাইবোন, চাচা-চাচি, মামা-মামি, ফুফা-ফুফিদের নিয়ে আমাদের যে পরিচ্ছন্ন সুন্দর পরিবারব্যবস্থা, তা ব্রিটনি ও ড্যানিয়েলরা দেখতে পেলে নিশ্চিত বলবে, স্বর্গ মনে হয় এমনই হয়। এই ঠুনকো সম্পর্কের কারণে পাশ্চাত্যের অনেক মানুষের মধ্যেই হতাশা, উৎকণ্ঠা ও নানা রকম মানসিক সমস্যা দেখা যায়। ব্রিটিশ মেডিকেল জার্নাল (বিএমজে), পাবমেড বায়োমেডিকেল ডেটাবেইস, সিইওপি ওয়েবসাইট, সায়েন্স ডিরেক্ট প্রভৃতি তথ্যভান্ডার ঘাঁটলে অবিবাহিত তরুণীদের গর্ভপাত, শিশু যৌনতাসহ পাশ্চাত্যের কর্দমাক্ত সম্পর্কের বিষাক্ত ছোবলের পরিণাম নিয়ে পেয়ে যাবেন অনেক গবেষণা প্রতিবেদন। বিভিন্ন পত্রপত্রিকা ও বন্ধুদের মুখের খবর শুনে মনে হয় বাংলাদেশে বর্তমানে সম্পর্ক ও পরিবারব্যবস্থা নিয়ে কিছুটা উদাসীনতা লক্ষ করা যাচ্ছে। ইন্টারনেট ও বিশ্বায়নের প্রভাবে পাশ্চাত্যের স্বভাবে যদি আমাদের ধরে ফেলে, তবে এ কথা নিশ্চিত যে আগামী প্রজন্মকে শৃঙ্খলার অভাবে ভুগতে হবে। রাশেদুল ইসলামসদস্য, ইনডিপেনডেন্ট অ্যাকাডেমিক রিসার্চ স্টাডিজ, যুক্তরাজ্য।