সংসারধর্ম পালনের জন্যই যেন পুতুলের হয়ে জন্ম হয়েছে। তার প্রেম চরিতার্থ হয় না। ভবতোষ তলাপাত্র নামের একজনের সঙ্গে বিয়ে হয় অনিচ্ছায়। বিয়ের শর্ত ছিল যৌতুক। পুতুলের মা হিরণ্ময়ী কথা দিয়েছিলেন ১২ ভরি সোনার গয়না, টেলিভিশন, বক্স খাটসহ আরও অনেক কিছু দেওয়া হবে। কিন্তু বিয়ের দিন বক্স খাটের পরিবর্তে এল একটি চৌকি। যৌতুকলোভী পুতুলের স্বামী ভবতোষও ছাড়ার পাত্র নয়। নানাভাবে সে চাপ দিতে থাকে যৌতুকের জন্য। এদিকে পুতুলের প্রেমিক সুদর্শনও ভুলতে পারে না পুতুলকে। না পাওয়ার যন্ত্রণা নিয়েই দগ্ধ হতে থাকে সুদর্শন।
এমন কাহিনি নিয়েই গড়ে ওঠে মঞ্চমুকুটের নাটক বিয়ে। ১৮ এপ্রিল সন্ধ্যে সাতটায় নগরের থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে মঞ্চস্থ হয় সম্পর্কের টানাপোড়েন নিয়ে রচিত এই নাটক। নির্দেশনায় ছিলেন সুচরিত দাশ।
নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন ঋতুপর্ণা সেনগুপ্তা, রাসেল পাল, রূপেশ কান্তি দে, সীমা দাশ, মো. অলিউর রহমান, মো. শহিদুল আলম, মো. জাহেদ হোসেন, মোস্তাফিজুর রহমান, ওয়াহিদুর রহমান, আনিস মঞ্জুর, সৌমিক সেন ও বাবুল কান্তি দে। ভবতোষ চরিত্রে রূপেশ ও জগা চরিত্রে রাসেলের অভিনয় দর্শকদের মন ছুঁয়ে যায়।
নাটকের সংগীত আয়োজনে ছিলেন পহেলি দে ও আলোক প্রক্ষেপণে জুয়েল ধর।