সম্পাদকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘুম থেকে উঠে বদিউল সাহেব দেখলেন তিনি মারা গেছেন। দেখলেন বলতে বিছানা থেকে রিমোট দিয়ে টিভিটা অন করেছিলেন শুধু। একটা চ্যানেলের স্ক্রলে তাঁর মৃত্যুসংবাদ ভেসে যাচ্ছে। চ্যানেল পাল্টে দেখলেন অন্য আরেক চ্যানেলে তাঁর ছবিসহ শোক সংবাদ প্রচার করা হচ্ছে। বদিউল সাহেবের মাথা ভোঁ ভোঁ করতে লাগল। ফোন খুঁজতে লাগলেন তিনি। হঠাৎ মনে পড়ল, গতকাল রাতে ফোনটা ছিনতাই হয়েছে। আর ফোনই–বা করবেন কাকে? স্ত্রী ছেলেকে নিয়ে গেছে শপিং করতে বিদেশে। বাড়ির কেয়ারটেকার দুই দিনের কথা বলে গ্রামে গিয়ে দুই সপ্তাহ ধরে লাপাত্তা। থাকার মধ্যে আছে আত্মীয়স্বজন। কিন্তু আত্মীয়স্বজনকে ফোন করে তো আর জিজ্ঞেস করা যায় না, ‘ঘটনা কী, আমি মারা গেলাম কীভাবে?’

বদিউল সাহেব ‘সবার আগে টোয়েন্টিফোর ডটকম’ নামের অনলাইন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক এবং প্রকাশক। তাঁর এই অনলাইন পত্রিকাটি গত বছর পুরস্কার পেয়েছে। অন্য যে কারও চেয়ে তাঁর সাইট সব সময় আপডেট থাকে। রাত তিনটায় ঘটনা ঘটলেও শোনামাত্রই নিউজ করে দেন তিনি।

বদিউল সাহেব ল্যাপটপ অন করে তাঁর সাইটেই ঢুকলেন। ‘সবার আগে টোয়েন্টিফোর ডটকম’-এর লিড নিউজেও তাঁর মৃত্যুর খবর! মনোযোগ দিয়ে খবরটা পড়তে লাগলেন বদিউল সাহেব, ‘দেশবরেণ্য সম্পাদক, প্রকাশক, “সবার আগে টোয়েন্টিফোর ডটকম”-এর প্রতিষ্ঠাতা সম্পাদক, বুদ্ধিজীবী জনাব এবিসিডি বদিউল আলম আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। “সবার আগে টোয়েন্টিফোর ডটকম”-পরিবার শোকে আচ্ছন্ন। গতকাল রাত ৮টায় অফিস থেকে বাসায় ফেরার পথে একদল দুর্বৃত্ত বদিউল আলমকে ছুরি মেরে হত্যা করে। ধারণা করা হচ্ছে, একটি নির্দিষ্ট মহল এই হত্যার সঙ্গে জড়িত। বদিউল আলম তাঁর পত্রিকায় সব সময় সত্য খবর তুলে ধরতেন, এটাই হয়তো ওই মহলের সহ্য হয়নি। তাই তারা বদিউল আলমকে হত্যার মাধ্যমে পথের কাঁটা দূর করতে চেয়েছে। এ ঘটনায় প্রেসিডেন্ট, স্বরাষ্ট্রমন্ত্রীসহ অনেকেই নিন্দা জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, ২৪ ঘণ্টার মধ্যে খুনিদের গ্রেপ্তার করা হবে। মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে আগামীকাল সকাল ৯টায়...।’

খবর পড়ে বদিউল সাহেবের মেজাজ খারাপ হয়ে গেল। গতকাল রাতে রিকশায় করে ফেরার পথে দু-তিনজন নেশাখোর তাঁর পথ আটকে মোবাইল ফোন, মানিব্যাগ কেড়ে নিয়েছিল। হাতে সামান্য ছুরির আঘাত লেগেছে। তবে রাত ১০টার আগেই তিনি হাসপাতাল থেকে বাসায় ফিরেছিলেন। ডাক্তার ঘুমের ওষুধ দিয়েছিলেন। খেয়েই ঘুম। এখন এই রাত ১টায় ঘুম ভাঙার পর দেখেন এই অবস্থা!

বদিউল সাহেব ঘটনাগুলো সাজানোর চেষ্টা করলেন। তাঁর অনলাইন পত্রিকাটির নির্বাহী সম্পাদক হিমালয় বাতেনকে তিনি ফোন করেছিলেন হাসপাতালে থাকতে। তাঁর ছিনতাই নিয়ে একটা নিউজ করার জন্য। বাতেন কাজের ছেলে; তার ওপর তিনি ভরসা করেন। ছেলেটিকে তিনি নিজ হাতে সাংবাদিকতা শিখিয়েছেন। অনলাইনে কীভাবে সবার আগে সব নিউজ ব্রেক করতে হবে—এ রকম অনেক কৌশলই শিখিয়েছেন নিজের ছেলের মতো করে। সেই বাতেন এ রকম অবিবেচকের মতো নিউজ করবে, ভাবাই যায় না!

রাত ২টার দিকে বদিউল সাহেবের বাসায় গাড়ি ভিড়ল একটা। হেডলাইটের আলোয় বদিউল সাহেব আশার আলো দেখলেন। গাড়ি থেকে শুধু বাতেন নামল। ঘাড়ে ব্যাগ, অনেক ছোটাছুটির মধ্যে আছে, বোঝা যায়। ড্রয়িংরুমে ঢুকেই সে জিজ্ঞেস করল, ‘স্যার, কীভাবে কী করবেন? ভেবেছেন কিছু? হাতে তো সময় কম।’

বদিউল সাহেব কিছুই বুঝলেন না। ধমক মেরে বাতেনকে থামিয়ে দিলেন, ‘কী ঘটেছে স্পষ্ট করে ধীরে ধীরে বলো। আমার মৃত্যুসংবাদ চারদিকে কে ছড়াল?’

: স্যার, আমার কোনো দোষ নেই। আপনি ফোনে যেভাবে বলেছেন, আমি সেভাবেই আপনার হাসপাতালে যাওয়া পর্যন্ত নিউজ করেছি। একটু পর দেখি, প্যানপ্যানানি ডটকম নামে একটা পোর্টাল লিখেছে, ‘সন্ত্রাসীর হামলায় বদিউল নিহত?’ হেডলাইনে ওরা প্রশ্নবোধক চিহ্ন দিয়েছিল ঠিকই, কিন্তু পাবলিক সেটা খেয়াল করেনি। অনেকেই না জেনে-বুঝে শেয়ারের পর শেয়ার করে লিখেছে, আপনি ডেড! নিউজটা পাবলিক খাচ্ছে দেখে পরে আরও কয়েকটা অনলাইন আপনার মৃত্যুসংবাদ প্রচার করেছে। কেউ আর আশ্চর্যবোধক কিংবা প্রশ্নবোধক চিহ্নের ধার ধারেনি। সরাসরি লিখেছে মৃত্যুর কথা। টিভি চ্যানেলগুলো ওদের নিউজের বরাত দিয়ে আর আপনার ছবি দিয়ে নিউজ ছেড়েছে।

: বুঝলাম। কিন্তু আমার পত্রিকায় আমার মৃত্যুর নিউজ কে দিয়েছে? কেন দিয়েছে?

: আমিই দিয়েছি, স্যার।

‘কিন্তু কেন?’ আকাশ থেকে পড়লেন বদিউল সাহেব। বাতেন তাঁর এত বিশ্বস্ত ছেলে, সে এসব কী বলছে!

: স্যার, আপনিই তো আমাকে শিখিয়েছেন কীভাবে নিউজে সব সময় সবার আগে থাকতে হয়। আর আমরা তো গত বছর পুরস্কারও জিতেছি। এখন সবাই যখন আপনার মৃত্যুর সংবাদ প্রচার করছে, এদিকে হাসপাতালের নম্বরে কল করেও পাচ্ছিলাম না, তখন আমিও ভাবলাম ঘটনা আসলেই ঘটে গেছে। দেরি না করে আপনার মৃত্যুর সংবাদ তুলে দিলাম। সঙ্গে ছিনতাইয়ের ঘটনাটাকে একটি নির্দিষ্ট মহলের খাতে ফেলানোর চেষ্টা করেছি। এতে আপনার একটা ওয়েট বাড়বে বলে মনে করেছি। মরণোত্তর সম্পাদক পুরস্কার-টাইপের কিছু আপনার জন্য ডালভাত হবে। ভালো করেছি না, স্যার?

রাগে বদিউল সাহেব কোনো কথা বলতে পারলেন না।

বাতেন বলেই চলল, ‘স্যার, প্রেসিডেন্ট আর স্বরাষ্ট্রমন্ত্রীর পিএর সঙ্গে যোগাযোগ হয়েছে। প্রেসিডেন্ট জানাজায় থাকার চেষ্টা করবেন। আর স্বরাষ্ট্রমন্ত্রী সকাল-সকাল ম্যাডামকে সান্ত্বনা দিতে আসবেন।’

: কোন ম্যাডামকে?

: আপনার স্ত্রীকে, স্যার।

: ও তো বিদেশে!

: স্যার, উনি আপনার মৃত্যুসংবাদ পেয়েই রাত ১১টার ফ্লাইটে রওনা দিয়েছেন। রাত ৩টার মধ্যেই চলে আসার কথা। আত্মীয়স্বজন সবাই জেনে গেছে। ভোর ৫টা থেকেই সবাই আসবেন আপনাকে শেষ দেখা দেখতে।

: এখন কী হবে?

: কোনো সমস্যা নেই, স্যার। সবকিছু স্বাভাবিক থাকবে যদি এখন সত্যি সত্যি আপনি মারা যান।

: হোয়াট? ননসেন্স! আমাকে মরতে বলছ?

: স্যার, একবার ভেবে দেখেন, আপনার মৃত্যুর খবর চারদিকে ছড়িয়ে পড়েছে। গণ্যমান্য সবাই সকালেই চলে আসবেন। মন্ত্রী-এমপিরা তো আসবেনই, মরণোত্তর পুরস্কার পাবেন এটাও নিশ্চিত। এদিকে ‘সবার আগে টোয়েন্টিফোর ডটকম’ পত্রিকা হবে হিট। সবাই জানবে এই পত্রিকা সাহসী পত্রিকা। এই পত্রিকার সম্পাদক সত্য প্রকাশ করতে গিয়ে খুন হয়েছেন। পত্রিকার বিজ্ঞাপন রেট বাড়বে হু হু করে। আপনার স্ত্রী-সন্তানের কথা চিন্তা করেন, স্যার। আপনি মারা গেলে তাদের ভবিষ্যৎ নিয়ে আর চিন্তা করতে হবে না। তা ছাড়া স্যার, এখন যদি সবাই জানে আপনি মারা যাননি; তাহলে কেলেঙ্কারি হয়ে যাবে! সাইট বন্ধও হয়ে যেতে পারে! আমরা ৩০ জন কর্মচারী, ৩০টা পরিবার। আপনারটাসহ ৩১টা পরিবার পথে বসব। এখন বাকিটা স্যার আপনার বিবেচনা!

সন্ধ্যার দিকে ছিনতাইয়ের শক, কড়া ঘুমের ওষুধ আর এখন বাতেনের কথাবার্তা—সব মিলিয়ে এত লোড নিতে পারলেন না বদিউল সাহেব। ভোর চারটার কিছু পরে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেলেন তিনি। বাতেনের সঙ্গে স্মার্টফোন ছিল, ভোরবেলাতেই সে বদিউল সাহেবের মৃতদেহের ছবি ‘সবার আগে টোয়েন্টিফোর ডটকম’-এ প্রকাশ করল। ‘সবার আগে টোয়েন্টিফোর ডটকম’ বদিউল সাহেবের মৃত্যুর খবর সবার আগে ছাড়তে পারেনি, এটা নিয়ে নির্বাহী সম্পাদক বাতেনের মন একটু খারাপ ছিল। তবে সবার আগে বদিউল সাহেবের মৃতদেহের ছবি আপলোড করতে পেরে তার মন খারাপ ভাব খানিকটা কেটে গেল।