সম্প্রচার নীতিমালা: বিকাশ নাকি নিয়ন্ত্রণ?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলা হয়েছে, ‘আলোচনামূলক অনুষ্ঠানে কোনো প্রকার বিভ্রান্তিকর ও অসত্য তথ্য বা উপাত্ত দেওয়া পরিহার করতে হবে। এ ধরনের অনুষ্ঠানে সকল পক্ষের যুক্তিসমূহ যথাযথভাবে উপস্থাপনের সুযোগ থাকতে হবে।’ সম্প্রচারমাধ্যমগুলো নিজ দায়িত্বেই এ বিষয়ের প্রতি লক্ষ রাখবে এবং বর্তমানেও তারা এ বিষয়ে যথেষ্ট সচেতন। এসব বিষয়ে তাদের লাইসেন্স নীতিমালায় সুস্পষ্টভাবে উল্লেখ করা আছে। গণমাধ্যমকে অবশ্যই ‘অসত্য’ তথ্য প্রচার থেকে বিরত থাকতে হবে। যদি কখনো অনিচ্ছাসত্ত্বেও কোনো ভুল তথ্য পরিবেশন করা হয় তবে তা সঙ্গে সঙ্গে সংশোধন করা হয় এবং ক্ষমা চাওয়া হয়

অলংকরণ: তুলি
অলংকরণ: তুলি

স্বাধীন বাংলাদেশের একটি অন্যতম অর্জন হলো স্বাধীন গণমাধ্যম। ১৯৯১ সালে গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠার পর এ দেশে স্বাধীন গণমাধ্যমের বিকাশ ও বিস্তৃতি ঘটে। বর্তমানে গণমাধ্যমে একটি স্বাধীন, দায়িত্বশীল ও প্রতিযোগিতাপূর্ণ স্বাস্থ্যকর পরিবেশ বিদ্যমান।
সম্প্রচারমাধ্যমগুলো সাম্প্রতিক সময়ে যে অগ্রগতি অর্জন করেছে তা চমকপ্রদ। টেলিভিশনের জনপ্রিয়তা বিপুল বৃদ্ধি পেয়েছে এবং তা একই সঙ্গে সরকারকে আরও বেশি জবাবদিহির সম্মুখীন করেছে। এফ এম রেডিওর ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। অনলাইন ও ডিজিটাল মিডিয়াও কমবেশি সফল। নতুন গৃহীত সম্প্রচার নীতিমালা ছাড়াই এসব সাফল্য অর্জন সম্ভব হয়েছে। যদি বিদ্যমান আইন ও নীতিমালা দিয়েই বেসরকারি টেলিভিশন ও এফ এম রেডিও মাধ্যমে যুগান্তকারী অগ্রগতি অর্জন সম্ভব হয় তবে কেন একটি নতুন নীতিমালার প্রয়োজন, যা এই অগ্রগতির প্রতিবন্ধক হবে বলে মনে হয়? নতুন নীতিমালা প্রণয়নের একটিই গ্রহণযোগ্য যুক্তি থাকতে পারে, আর তা হলো নীতিমালার মাধ্যমে সম্প্রচার মাধ্যমগুলোর বিকাশ ত্বরান্বিত করা। কিন্তু নতুন নীতিমালায় তা ঘটবে না, কেননা এই নীতিমালা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করতে আগ্রহী, বিকশিত করতে নয়।
সম্প্রচার নীতিমালাটিতে সাতটি অধ্যায় আছে। প্রথম অধ্যায়ের ‘উদ্দেশ্য ও লক্ষ্য’ অংশে বর্ণিত মৌলিক মূল্যবোধের বিষয়ে আমরা একমত।
১.২.১ থেকে ১.২.৫ ধারা পর্যন্ত যেসব কথা বলা হয়েছে আমরা তাকে সাধুবাদ জানাই। তার পরও মূল্যবোধবিষয়ক এসব ধারা অপ্রয়োজনীয়ভাবে দীর্ঘায়িত করা হয়েছে, যার কোনো কোনোটি বাদ দিয়ে অথবা অন্য ধারার সঙ্গে যুক্ত করে উদ্দেশ্য ও লক্ষ্য অংশটিকে আরও সংক্ষিপ্ত ও সুপাঠ্য করে তোলা যেত।
দ্বিতীয় অধ্যায়টি সম্প্রচার লাইসেন্স প্রদান নিয়ে এবং এখানে বলা হয়েছে সম্প্রচার কমিশন গঠনের পর সম্প্রচার লাইসেন্স প্রদানবিষয়ক বিস্তারিত নীতিমালা তৈরি করা হবে।
তৃতীয়, চতুর্থ ও পঞ্চম অধ্যায়ে মোট প্রায় ৭০টি ধারা ও উপধারা আছে। প্রতিটি ধারা-উপধারা গণমাধ্যমে সম্প্রচারের বিষয়বস্তুকেন্দ্রিক ও নিয়ন্ত্রণমূলক।
সম্প্রচার নীতিমালায় সম্প্রচারের বিষয়বস্তুর সূক্ষ্মাতিসূক্ষ্ম দিকগুলো নিয়েও কথা বলা হয়েছে, যা নানাভাবে ব্যাখ্যা করা যায় এবং এসব সূক্ষ্ম বিষয়ে নীতিমালা আরোপ করে সহজেই তথ্যের অবাধ প্রবাহকে বাধাগ্রস্ত করা যায়।
উদাহরণস্বরূপ ৩.২.১ ধারায় বলা হয়েছে, ‘অনুষ্ঠানে সরাসরি বা বিজ্ঞাপনের মাধ্যমে কোনোভাবেই দেশবিরোধী ও জনস্বার্থবিরোধী বক্তব্য প্রচার করা যাবে না।’ এই বিষয়ে দ্বিমতের সুযোগ নেই। কিন্তু কোন তথ্য ‘দেশবিরোধী’ বা ‘জনস্বার্থবিরোধী’ এটা ঠিক করবে কে? স্বৈরাচারী শাসনব্যবস্থায় সরকার একাই এসব বিষয়ে বিধিনিষেধ আরোপ করে, আর গণতান্ত্রিক ব্যবস্থায় গণমাধ্যমগুলোই দেশের সংবিধানের আলোকে বিষয়গুলো বিবেচনা করে। কিন্তু আলোচিত নীতিমালা এ দায়িত্ব গণমাধ্যমের কাছ থেকে নিয়ে নিয়েছে।
৩.২.২ ধারায় বলা হয়েছে, ‘আলোচনামূলক অনুষ্ঠানে কোনো প্রকার বিভ্রান্তিকর ও অসত্য তথ্য বা উপাত্ত দেওয়া পরিহার করতে হবে। এ ধরনের অনুষ্ঠানে সকল পক্ষের যুক্তিসমূহ যথাযথভাবে উপস্থাপনের সুযোগ থাকতে হবে।’ সম্প্রচারমাধ্যমগুলো নিজ দায়িত্বেই এ বিষয়ের প্রতি লক্ষ রাখবে এবং বর্তমানেও তারা এ বিষয়ে যথেষ্ট সচেতন। এসব বিষয়ে তাদের লাইসেন্স নীতিমালায় সুস্পষ্টভাবে উল্লেখ করা আছে। গণমাধ্যমকে অবশ্যই ‘অসত্য’ তথ্য প্রচার থেকে বিরত থাকতে হবে। যদি কখনো অনিচ্ছাসত্ত্বেও কোনো ভুল তথ্য পরিবেশন করা হয় তবে তা সঙ্গে সঙ্গে সংশোধন করা হয় এবং ক্ষমা চাওয়া হয়। ‘বিভ্রান্তিকর’ তথ্যের ক্ষেত্রে আমাদের সংসদে বিতর্কের নামে যা চলে তার সঙ্গে কি তুলনা করা যায়? প্রায়ই সরকার নিজেই অর্ধসত্য এবং মাঝে মাঝে ডাহা মিথ্যা তথ্য প্রচার করে।
৩.২.৩ ধারায় বলা হয়েছে, ‘সরকার কর্তৃক অনুমোদিত বিভিন্ন জাতীয় গুরুত্বপূর্ণ অনুষ্ঠান, যেমন: রাষ্ট্র ও সরকারপ্রধানের ভাষণ, জরুরি আবহাওয়া বার্তা, স্বাস্থ্য বার্তা, গুরুত্বপূর্ণ ঘোষণা, প্রেস নোট ও অন্যান্য জাতীয় গুরুত্বপূর্ণ অনুষ্ঠান জনস্বার্থে যথাযথভাবে সম্প্রচার/প্রচার করতে হবে।’ আমরা সব সময়ই রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ভাষণ সম্প্রচার করি। কিন্তু জরুরি আবহাওয়া বার্তা, স্বাস্থ্য বার্তা, প্রেস নোট ও অন্যান্য জাতীয় গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের বিষয়গুলো আরোপ করার কোনো প্রয়োজনীয়তা দেখি না। সম্প্রচারমাধ্যমগুলো দর্শক আকৃষ্ট করার তাগিদেই জনগুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্প্রচার করে এবং ভবিষ্যতেও করবে। এ জন্য এ ধরনের নীতিমালার প্রয়োজন নেই।
এই নীতিমালার আরেকটি বিপজ্জনক দিকটি হলো এখানে বিজ্ঞাপনের বিষয়বস্তুর ওপর নানা রকম বিধিনিষেধ আরোপ করা হয়েছে। কী ধরনের বিজ্ঞাপন প্রচার করা যাবে আর কী যাবে না সে বিষয়ে একটা গাইডলাইন বর্তমানে আছে। কিন্তু বিজ্ঞাপনের বিষয়বস্তুর সূক্ষ্মাতিসূক্ষ্ম দিকগুলো নিয়ে নীতিমালা আরোপ করা হলে তা বিজ্ঞাপনের স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত করবে। ফলে সম্প্রচারমাধ্যমগুলো আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং অলাভজনক ও দুর্বল হয়ে পড়বে। বর্তমানে টেলিভিশন চ্যানেলগুলোতে এমন কোনো বিজ্ঞাপন দেখানো হয় না যা প্রতিরোধের জন্য কোনো নীতিমালা প্রয়োজন।
৫.১.৪ ধারায় বলা হয়েছে, ‘রাষ্ট্রের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এমন ধরনের সামরিক, বেসামরিক বা সরকারি তথ্য প্রচার করা যাবে না।’ আমরা সেনাবাহিনী সম্পর্কিত তথ্যের স্পর্শকাতরতার বিষয়ে ভালোভাবেই অবগত। কিন্তু বেসামরিক এবং সরকারি তথ্য গণমাধ্যমে প্রচার করা যাবে না কেন?
৫.১.৫ ধারায় বলা হয়েছে, ‘কোনো অনুষ্ঠান বা বিজ্ঞাপনে সশস্ত্র বাহিনী, আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত কোনো সংস্থা এবং অপরাধ রোধ, অনুসন্ধান ও তদন্ত এবং অপরাধীকে দণ্ড প্রদানের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাদের প্রতি কটাক্ষ বা বিদ্রূপ কিংবা তাদের পেশাগত ভাবমূর্তি বিনষ্ট করতে পারে এমন কোনো দৃশ্য প্রদর্শন কিংবা বক্তব্য প্রচার করা যাবে না।’
এই নীতিমালার অন্তঃসারশূন্যতা কী ভয়াবহ! এই নীতিমালা বলবৎ থাকলে আমরা ১০ ট্রাক অস্ত্র মামলায় এনএসআই ও বিডিজিএফআইর সংশ্লিষ্টতা (যা অভিযুক্তরা নিজেরাই স্বীকার করেছে) নিয়ে মুখ খুলতে পারতাম না। ২১ আগস্টের ঘটনা নিয়ে কিছু লিখতে পারতাম না, যেখানে বর্তমান প্রধানমন্ত্রীকে হত্যার চেষ্টা করা হয়েছিল। ওই ঘটনায় পুলিশের তিন সাবেক মহাপরিদর্শক, দুজন সাবেক এনএসআই-প্রধান, তিনজন সাবেক সিআইডি কর্মকর্তা ও সেনাবাহিনীর কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা যুক্ত ছিলেন বলে অভিযোগ আছে এবং তাঁদের বিরুদ্ধে অভিযোগ গঠনও করা হয়েছে।
নতুন এই নীতিমালা অনুসারে আমরা পুলিশ হেফাজতে বা পুলিশি নির্যাতনে মৃত্যু, সামরিক বাহিনী, র্যাব, ডিজিএফআই, গোয়েন্দা সংস্থা ও দণ্ডদানে নিয়োজিত সরকারি কর্মকর্তাদের অনিয়ম, দুর্নীতি ও আইনের অপব্যবহারের বিরুদ্ধে কথা বলতে পারব না। এই নীতিমালা কার্যকর হলে আমরা নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনায় জড়িত র্যাব কিংবা মিরপুরে ঝুট ব্যবসায়ীকে নির্যাতন করে হত্যাকারী মিরপুর থানা সাব-ইন্সপেক্টরের বিরুদ্ধে কিছুই লিখতে পারব না। আমরা ক্রসফায়ার কিংবা রিমান্ডে নির্যাতন নিয়ে কিছু প্রকাশ করতে পারব না। প্রকৃতপক্ষে, এ প্রস্তাবের উদ্দেশ্য গণমাধ্যমকে নিজ দায়িত্ব পালন করা থেকে ব্যাহত করা ছাড়া আর কিছুই নয়।
৫.১.৯ ধারায় বলা হয়েছে, ‘জনস্বার্থ বিঘ্নিত হতে পারে এমন কোনো বিদ্রোহ, নৈরাজ্য এবং হিংসাত্মক ঘটনা প্রদর্শন পরিহার করতে হবে।’ আমরা ‘বিদ্রোহ’ বিষয়টি বুঝি এবং কীভাবে তার সম্প্রচার করা হবে তা নিয়ে আলাপ করা যেতে পারে। কিন্তু ‘নৈরাজ্য’ এবং ‘হিংসাত্মক’ বলতে কী বোঝানো হচ্ছে? এই নীতিমালা অনুযায়ী আমরা সহিংসতা ও গোলযোগের ঘটনা প্রচার করতে পারব না। মনে হচ্ছে যখন দুষ্কৃতকারীরা রেললাইন উপড়ে ফেলবে অথবা কোনো কারখানা জ্বালিয়ে দেবে টেলিভিশন চ্যানেলগুলো তখন নাচগান দেখানোতেই ব্যস্ত থাকবে।
সরকারি নীতিমালায় নৈরাজ্য ও সহিংসতার ঘটনা প্রদর্শন করা যাবে না বলে প্রকৃতপক্ষে বিরোধী দলের কর্মসূচির খবর প্রচার বন্ধ করতে চায়।
৫.১.৭ ধারায় বলা হয়েছে, কোনো বিদেশি রাষ্ট্রের অনুকূলে এমন ধরনের প্রচারণা যা বাংলাদেশ ও সংশ্লিষ্ট দেশের মধ্যে বিরোধের কোনো একটি বিষয়কে প্রভাবিত করতে পারে অথবা একটি বন্ধুভাবাপন্ন বিদেশি রাষ্ট্রের বিরুদ্ধে এমন ধরনের প্রচারণা যার ফলে সে রাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে সুসম্পর্ক ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা সৃষ্টি হতে পারে, এমন দৃশ্য বা বক্তব্য প্রচার করা যাবে না।
এই ধারা অনুযায়ী মিয়ানমার কর্তৃক ২০০৭-০৮ সালে বাংলাদেশের সমুদ্রসীমানায় যুদ্ধজাহাজ প্রেরণের ঘটনার অনুরূপ কোনো ঘটনা অথবা সীমান্তে ফেলানির হত্যাকাণ্ডের মতো ঘটনা বা নিয়মিতভাবে সীমান্তে বাংলাদেশিদের হত্যার ঘটনা ভবিষ্যতে আর প্রচার করা যাবে না। তিস্তায় আমাদের ন্যায্য হিস্যার ব্যাপারে ভারতের উদাসীনতা নিয়ে কি লেখা যাবে? এই নীতিমালা অনুযায়ী বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় সৌদি আরব, কুয়েত, মালয়েশিয়া অথবা অন্য কোনো দেশে আমাদের শ্রমিকেরা খুন, নির্যাতন, ধর্ষণ অথবা অবৈধ আটকাদেশের শিকার হলে আমরা তা নিয়ে খবর প্রচার করতে পারব না। তাহলে আমাদের শ্রমিকেরা যাঁদের পাঠানো রেমিট্যান্সের ওপর ভিত্তি করে আমরা বৈদেশিক মুদ্রার মজুতের রেকর্ড নিয়ে গর্ব করছি তাঁরা কি বিদেশি রাষ্ট্রের কৃপা অথবা স্বদেশের ভিতু ও কোনো কোনো ক্ষেত্রে দুর্নীতিবাজ কমার্শিয়াল অ্যাটাশেদের কৃপার ওপর নির্ভর করবেন?
৭.১ ধারা অনুযায়ী প্রতিটি সম্প্রচার প্রতিষ্ঠানকে সুনির্দিষ্ট ‘চার্টার অব ডিউটিজ’ বা দায়িত্ব সনদ ও সম্পাদকীয় নীতিমালা প্রণয়ন করতে হবে, যা কোনোমতেই সম্প্রচার নীতিমালার পরিপন্থী হতে পারবে না ও কমিশন কর্তৃক অনুমোদিত হতে হবে।
এই প্রস্তাব গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকিস্বরূপ। এটা প্রকৃতপক্ষে গণমাধ্যমের ‘সম্পাদকীয় প্রতিষ্ঠানের’ ক্ষমতা ও অন্যান্য কার্যক্রমের স্বাধীনতা খর্ব করে। এর ফলে সম্পাদকেরা ও গণমাধ্যমকর্মীরা স্বাধীনতা ও সৃজনশীলতার মাধ্যমে চ্যানেলগুলো পরিচালনা করার অধিকার থেকে বঞ্চিত হবেন। এটা আমলা ও তাঁদের রাজনৈতিক প্রভুদের গণমাধ্যমের কার্যক্রমে সরাসরি নাক গলানোর সুযোগ করে দেবে।
৭.৪ ধারায় বলা হয়েছে, এ নীতিমালায় উল্লেখ নেই অথবা অন্য কোনো নীতিমালা বা আইনের সঙ্গে সাংঘর্ষিক এমন বিষয়ে তথ্য মন্ত্রণালয় সিদ্ধান্ত প্রদান করবে।
এটি একটি অন্তঃসারশূন্য প্রস্তাব, যা বিস্তৃত বিষয় নিয়ে কথা বলছে। ‘অন্য কোনো নীতিমালা’র আওতায় কী কী নীতিমালা বিবেচিত হচ্ছে আমরা তা জানি না। প্রত্যেক মন্ত্রণালয়ের নিজস্ব নীতিমালা থাকতে পারে। গণমাধ্যম কতগুলো নীতিমালা অনুসরণ করবে। তথ্য মন্ত্রণালয় আমলাতন্ত্রের স্বাভাবিক বৈশিষ্ট্য অনুযায়ী এসব নীতিমালার এমন ব্যাখ্যা দেবে, যা জনগণের জানার অধিকার ক্ষুণ্ন করবে। এই প্রস্তাবটি স্বাধীন গণমাধ্যমের কর্মকাণ্ড মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে।
৭.৫ ধারায় বলা হয়েছে, সম্প্রচার ও সম্প্রচার কমিশন-সম্পর্কিত আইন, বিধিমালা এবং নীতিমালা প্রণীত না হওয়া পর্যন্ত তথ্য মন্ত্রণালয় সম্প্রচার-সংশ্লিষ্ট সকল বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে।
এটা কোনোভাবেই স্বাধীন গণমাধ্যমের জন্য সহায়ক নয়।

আধুনিক দর্শকদের রুচি ও চাহিদা
এই সম্প্রচার নীতিমালা বা এর সঙ্গে দূরবর্তীভাবে সম্পর্কিত কোনো নীতিমালাও আমাদের সম্প্রচারমাধ্যমগুলোকে একঘেয়ে ও বিরক্তিকর করে তুলতে পারে। স্বাধীনতা ও সৃজনশীলতার অভাবে টিভি চ্যানেলগুলো যেসব অনুষ্ঠান তৈরি করবে তা এ সময়ের দর্শকদের মন জোগাতে পারবে না। কারণ দর্শকেরা এখন অনেক গতিশীল ও চাহিদাসম্পন্ন। ডিজিটাল যুগের তরুণদের ক্ষেত্রে এ কথা আরও বেশি প্রযোজ্য। তাঁরা একঘেয়ে ও বিরক্তিকর চ্যানেল ছেড়ে আনন্দদায়ক ও বিনোদনমূলক চ্যানেল দেখবেন। এর ফলে দর্শকেরা দেশি চ্যানেল থেকে মুখ ফিরিয়ে নিয়ে বিদেশি চ্যানেলগুলোর প্রতি আরও আকৃষ্ট হবে। বিজ্ঞাপনদাতারাও দেশি চ্যানেলগুলো থেকে মুখ ফিরিয়ে নেবে। নতুন সম্প্রচার নীতিমালা এভাবেই দেশি সম্প্রচারমাধ্যমগুলোকে ক্রমেই মৃত্যুর পথে ঠেলে দিতে পারে।
আমরা সম্প্রচার নীতিমালার বিরুদ্ধে নই। কিন্তু আমরা এমন আইন চাই, যা স্বাধীনতার সহায়ক হবে এবং গণমাধ্যমকে একটি শক্তিশালী শিল্প খাত হিসেবে গড়ে তুলবে, যেখানে স্বাধীন গণমাধ্যম সর্বোচ্চ নৈতিকতা বজায় রেখে সর্বোচ্চ সেবা প্রদানে সক্ষম হবে। এ রকম একটি আইন তৈরি করতে প্রথমেই একটি স্বাধীন সম্প্রচার কমিশন গঠন করা উচিত। সাংবাদিক সমিতিগুলো ও সম্প্রচারমাধ্যমগুলোর সমিতি অ্যাটকোও এ বিষয়ে একমত, যারা সব অংশীজনকে সঙ্গে নিয়ে আইনটি তৈরি করবে, তারা এখানে অংশীদার হিসেবে বিবেচিত হবে।
অবিলম্বে স্বাধীন সম্প্রচার কমিশন গঠন করুন এবং তাঁদেরই নীতিমালাটি তৈরি করতে দিন। সরকার সাময়িকভাবে গণমাধ্যমের কণ্ঠরোধ করতে পারলেও শেষ পর্যন্ত স্বাধীন গণমাধ্যমেরই জয় হবে।
মাহফুজ আনাম: সম্পাদক ও প্রকাশক, দ্য ডেইলি স্টার। সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক।