সম্প্রীতি ফেরাতে আলোচনা চান সবাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রীতির জনপদ হিসেবে খ্যাত খাগড়াছড়ির দীঘিনালায় রাজনৈতিক সংঘাতের ঘটনা বাড়ছে। সম্প্রতি উপজেলা বিএনপির দুটি পক্ষের মধ্যে সংঘর্ষ ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের ওপর বিএনপির একটি পক্ষের হামলার পর রাজনৈতিক অঙ্গনে উত্তাপ বেড়েছে। পাশাপাশি আঞ্চলিক রাজনৈতিক দলগুলোর মধ্যেও বাড়ছে সন্দেহ ও অবিশ্বাস। এই পরিস্থিতিতে সম্প্রীতি ফিরিয়ে আনাতে আলোচনায় বসতে চান উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।
উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা জানান, গত ৩১ জুলাই ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে খাগড়াছড়ি ফেরার পথে বিএনপির সমীরণ দেওয়ান পক্ষের নেতা-কর্মীদের ওপর হামলা হয়।
এ ঘটনায় বিএনপির ওয়াদুদ ভূঁইয়া পক্ষকে দায়ী করেছেন সমীরণ পক্ষের লোকজন। ৬ আগস্ট রাতে কবাখালী বাজারে আওয়ামী লীগের নেতা–কর্মীদের ওপর হামলা হয়। আওয়ামী লীগের নেতা-কর্মীরা এ ঘটনার জন্য বিএনপির ওয়াদুদ ভূঁইয়া পক্ষকে দায়ী করেন। কবাখালীর ঘটনার পর ওয়াদুদ ভূঁইয়ার অনুসারীরা এলাকা ছেড়ে পালিয়ে যান। পাশাপাশি উপজেলা পরিষদের নির্বাচনের পর থেকে আঞ্চলিক রাজনৈতিক দলগুলোর মধ্যে সংঘাতের ঘটনা বেড়েছে।
পরিস্থিতি স্বাভাবিক করার জন্য সব দলের নেতা–কর্মীদের সঙ্গে যোগাযোগ করছেন উপজেলা চেয়ারম্যান নবকোমল চাকমা। তিনি বলেন, ‘আমি আগামী এক সপ্তাহের মধ্যে যেকোনো সময় সব দলের নেতাদের উপজেলা পরিষদে চায়ের নিমন্ত্রণ জানাব। সবাইকে নিয়ে এক টেবিলে বসতে চাই। আশা করি সব দলের নেতারা আমার আহ্বানে সাড়া দেবেন।’
উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি মাসুদ রানাও আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের ওপর জোর দেন।
তিনি বলেন, ‘আমার বিশ্বাস সব দলের নেতারা একসঙ্গে বসে আলোচনা করলে সম্প্রীতি ফিরে আসবে।’
বিএনপির সমীরণ দেওয়ান পক্ষের আহ্বায়ক মিলন ফরাজী বলেন, ‘আমরা সংঘাত চাই না। কিন্তু গত ৩১ জুলাই হঠাৎ করে ওয়াদুদ ভূঁইয়ার পক্ষের লোকজন আমাদের ওপর হামলা করে। এর পরও আলোচনার জন্য আমন্ত্রণ জানালে অবশ্যই যাব।’
জনসংহতি সমিতির (জএসএস) এম এন লারমা পক্ষের কেন্দ্রীয় তথ্য ও প্রচার সম্পাদক প্রশান্ত চাকমা বলেন, ‘আমাদের সংগঠন সব সময় শান্তি ও সম্প্রীতির পক্ষে। আলোচনার জন্য আমন্ত্রণ জানালে অবশ্যই যাব।’
একইভাবে ইউপিডিএফও আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে। সংগঠনের উপজেলা সংগঠক কিশোর চাকমা বলেন, ‘আমরা শান্তি ও সম্প্রিতির পক্ষে। এ জন্য আলোচনার আয়োজনকে স্বাগত জানাই।’
দীঘিনালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ কাশেম বলেন, ‘আমাদের দলের পক্ষ থেকে সব সময় দীঘিনালায় শান্তি চেয়েছি। কোনো দিন সংঘাত চাইনি। অথচ বিএনপির ওয়াদুদ পক্ষের নেতা-কর্মীরা হামলা চালিয়ে আমাদের দলের ১৪ জন নেতা–কর্মীকে আহত করেছেন। এরপরও আলোচনা চালিয়ে যেতে আমাদের আপত্তি নেই।’
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাদাত হোসেন বলেন, ‘আমি দীঘিনালাকে সম্প্রীতির উপজেলা হিসেবে মনে করতাম। কিন্তু সম্প্রতি কয়েকটি ঘটনা ঘটায় আমি নিজেও হতাশ হয়েছি। তবে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আলোচনা চান। আলোচনার বিকল্প নেই।’