সম্প্রীতিতে অনন্য বান্দরবান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নানা জনজাতির ছবিসংবলিত সম্প্রতির এমন প্রচারণার দেখা মেলে বান্দরবানের বিভিন্ন স্থানে l প্রথম আলো
নানা জনজাতির ছবিসংবলিত সম্প্রতির এমন প্রচারণার দেখা মেলে বান্দরবানের বিভিন্ন স্থানে l প্রথম আলো

মারমা গ্রামের ছোট্ট চা দোকান। ক্যাশবাক্স আগলে বসে আছেন একজন মারমা নারী। ভেতরে বসে কেউ পান চিবুচ্ছেন, কেউ বা হুঁকায় টান দিয়ে ধোঁয়া ছাড়ছেন। জনাপাঁচেক খদ্দরের মধ্যে দুজন বাঙালি, তিনজন পাহাড়ি। জমিয়ে আড্ডা দিচ্ছিলেন সবাই। ইয়ার-দোস্তদের আসরে যেমন কথা আর হাসির ফোয়ারা ছোটে, এখানেও তেমনটাই দেখা গেল।
বান্দরবান শহরের সাঙ্গু নেদর কেচিংঘাট থেকে ইঞ্জিনচালিত নৌকায় রোয়াংছড়ি উপজেলার গ্রাম তেঁতুলিয়াপাড়ায় পৌঁছাতে সময় লাগে প্রায় ২০ মিনিট। ছবির মতো সাজানো-গোছানো এই গ্রামে ৩০টি মারমা পরিবারের বসবাস। পাড়ার এক কোণে চায়ের দোকানটিতে এসে মনে পড়ে গেল বান্দরবান শহরে ঢোকার মুখে বিশাল এক বিলবোর্ডের কথা। পার্বত্য চট্টগ্রামের নানা জনজাতির ছবি–সংবলিত সেই বিলবোর্ডে লেখা ছিল ‘সম্প্রীতির বান্দরবান’। সত্যিই কি বান্দরবান সম্প্রীতির জনপদ? সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা তেমনটাই বললেন জোর দিয়ে। জেলায় সাম্প্রদায়িক বা জাতিগত হানাহানির কোনো ইতিহাসই নাকি নেই। বাকি দুই পার্বত্য জেলা রাঙামাটি বা খাগড়াছড়ির চেয়ে বান্দরবান কেন ব্যতিক্রম? শহরের বিভিন্ন এলাকা ও প্রত্যন্ত জনপদের মানুষজনের কাছেও এ বিষয়ে জানতে চাওয়া হয়েছিল।
গত ১৯ অক্টোবর তেঁতুলিয়াপাড়ার ওই চায়ের দোকানে আসা লোকজনকেও প্রশ্নটা করা হয়েছিল। ৩০ বছরের কর্মঠ কৃষক আবদুল হামিদ চায়ে চুমক দিচ্ছিলেন সেখানে বসে। থাকেন মারমাপাড়ার পাশের গ্রামে। কাজে-কর্মে নিত্য যাতায়াত এই পাড়ায়। বললেন, ‘অাঁরার লগে পাহাড়ির গো কোনো বিরোধ নাই। তাঁরা বেশি সহজ-সরল মানুষ। একসঙ্গে মিলিমিশি থাকি। কোনো দিন মনে নয় অয়, তাঁরা অন্য জাতির মানুষ।’ দোকানে বসে থাকা পাড়ার বাসিন্দা মেগ্যা মারমাও সায় দিলেন আবদুল হামিদের কথায়। বললেন, ‘আমাদের গ্রামের আলাদা কোনো সীমানা নেই। পাহাড়ি-বাঙালি সবাই পাশাপাশি খেতখামারি করে।’ রোয়াংছড়ি উপজেলার সাঙ্গু তীরের এই গ্রামটি পড়েছে তারাছা মৌজার ভেতরে। সেই মৌজার হেডম্যান উনিহ্লা মারমার সঙ্গেও কথা হয়। তরুণ উনিহ্লা একজন সাংস্কৃতিক কর্মী এবং সংগঠক। বললেন, ‘এখানকার বাঙালি-পাহাড়ি সবাই সহনশীল। একে অপরের সঙ্গে সামাজিক সম্পর্ক গড়ে তুলেছেন। এটা এখানকার ঐতিহ্যেরই অংশ।’
জেলা তথ্য বাতায়ন অনুযায়ী, একমাত্র বান্দরবানেই পার্বত্য চট্টগ্রামের ১১টি জাতিগোষ্ঠীর সবগুলোরই বসবাস রয়েছে। মারমা, চাকমা, ম্রো, ত্রিপুরা, লুসাই, খুমি, বোম, খেয়াং, চাক, পাংখো ও তঞ্চঙ্গাদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ মারমা সম্প্রদায়। তাদের সংখ্যা প্রায় ৭৬ হাজার। বর্তমানে এ জেলার চার লাখের কিছু বেশি বাসিন্দার মধ্যে ৪৭ ভাগই এই ১১টি ভাষাগোষ্ঠীর মানুষজন।
জাতিগত সম্প্রীতি যে বান্দরবানের ঐতিহ্য পত্র-পত্রিকায় প্রকাশিত তথ্যও সে কথা বলে। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদ বিশ্লেষণ করে যে তথ্য-উপাত্ত পাওয়া গেছে তাতে দেখা যাচ্ছে, ১৯৯৭ সালে পার্বত্য শান্তি চুক্তির পর থেকে এ পর্যন্ত পার্বত্য চট্টগ্রামে ১৬টির মতো জাতিগত হানাহানির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় বাড়িঘরে অগ্নিসংযোগের পাশাপাশি লোকজন হতাহতও হয়েছে। তবে সবগুলো ঘটনাই ঘটেছে রাঙামাটি ও খাগড়াছড়ি জেলায়।
বান্দরবান জেলার পুলিশ প্রশাসনের কাছেও জেলায় জাতিগত সহিংসতার কোনো তথ্য নেই। তবে রাঙামাটি ও খাগড়াছড়িতে এমন ঘটনার তথ্য আছে প্রশাসনের কাছে। রাঙামাটি পুলিশের বিশেষ শাখার কর্মকর্তা মো. ইসমাইল হোসেন জানালেন, পার্বত্য শান্তি চুক্তির পর থেকে এ পর্যন্ত পাহাড়ি-বাঙালি বিরোধের ঘটনায় ওই জেলায় ২৫টি মামলা হয়েছে। খাগড়াছড়ি পুলিশের বিশেষ শাখার কর্মকর্তা আব্দুস সামাদ মোড়ল তাৎক্ষণিকভাবে তেমন কোনো তথ্য দিতে পারেননি। জেলায় ২০১০ সালে পাহাড়ি-বাঙালি দুই পক্ষের সংঘর্ষের একটি ঘটনার কথা মনে আছে তাঁর। অবশ্য পত্র-পত্রিকা ঘেঁটে জানা যাচ্ছে, জেলায় শান্তি চুক্তির পর থেকে বিভিন্ন সময়ে পাহাড়ি-বাঙালির মধ্যে সংঘাতের ঘটনা ঘটেছে। সাম্প্রতিক সময়ে ২০১৩ সালের ৩ আগস্ট খাগড়াছড়ি মাটিরাঙার তাইন্দঙে এবং ২০১১ সালের ১৭ এপ্রিল গুঁইমারায় এমন সংঘাত হয়েছে।
বান্দরবানের পুলিশ সুপার িমজানুর রহমান জানান, জেলায় স্মরণাতীতকালের মধ্যে কোনো জাতিগত সহিংসতার ঘটনা ঘটেনি। গত অক্টোবর মাসে জেলার সাত উপজেলায় মামলা হয়েছে ৪২টি। তবে এসব মামলা হয়েছে নারী ও শিশু নির্যাতন, চুরি, ছিনতাই, হত্যা, মাদকদ্রব্য ও তথ্য প্রযুক্তি সংক্রান্ত অপরাধে।
বান্দরবানে প্রতি রোববার ও মঙ্গলবার উজানিপাড়ায় বসে তরি-তরকারির বিশাল হাট। প্রায় দুই কিলোমিটার লম্বা এই হাটের নাম ‘মারমা বাজার’। হাটে প্রত্যন্ত এলাকা থেকে কৃষিপণ্য নিয়ে আসেন চাষি ও খামারিরা। সেই হাটে গিয়ে দেখা মিলল প্রায় সব সম্প্রদায়ের মানুষের। বাঙালি-পাহাড়ি বিক্রেতা বসেছেন পাশাপাশি। মারফা, বেগুন, সিম, আলুর পাশাপাশি বিক্রি হচ্ছে নাপ্পিও (প্রক্রিয়াজাত মাছ)। বাজারের ভেতরেই মধ্যমপাড়ায় সাবেক উন্নয়ন কর্মী কিওসা মংয়ের ছোট্ট চা ও পিঠার দোকান। বললেন, ‘এমন বহুজাতিক ও বিচিত্র বাজার আর কোথাও নেই। ছো্ট্ট এই বাজারে দেখেন কত জাতের লোক!’
জন্মের পর থেকে কোনো সাম্প্রদায়িক সংঘাত হয়েছে বলে শোনেননি কিওসা মং। তবে ১৯৯৫ সালে একবার পাহাড়ি ছাত্র পরিষদের সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছিল। সেটা ছিল রাজনৈতিক ঘটনা।
পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি ক্য শৈ হ্লা মারমা, সাংস্কৃতিক কর্মী ও জেএসএস নেতা জলি মং, আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক মো. ইসলাম বেবি এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বান্দরবানের এই সম্প্রীতির পেছনের কারণটা নিজেদের মতো করে ব্যাখ্যা করলেন। তবে তাঁদের সবাই রাজনৈতিক নেতাদের দায়িত্বশীল আচরণের কথা উল্লেখ করেছেন। তাঁরা বলেন, রাঙামাটি বা খাগড়াছড়িতে কোনো জাতিগত সংঘাতের ঘটনা ঘটলে এখানকার নেতৃবৃন্দ নিজ এলাকার মানুষদের সংঘাত পরিহারে উদ্বুদ্ধ করেন।
১৯ অক্টোবর দুর্গাপূজার ষষ্ঠীর দিন শহরে উৎসবে আমেজ। রাজবাড়ীর মাঠে বিশাল মণ্ডপে চলছিল পূজা। বিকেলে সেখানে গিয়ে দেখা গেল লোকে লোকারণ্য। পাশে ছোট মাঠে চলছিল মারমাদের ওয়াগ্গায়ে পোয়ের (প্রবারণা) উপলক্ষে হ্যান্ডবল খেলা। সেখানেও পাহাড়ি-বাঙালি দর্শকদের ভিড়। গোল হতেই ভিন্ন ভিন্ন সম্প্রদায়ের মানুষজন পরস্পরকে জড়িয়ে ধরছিলেন উচ্ছ্বাস আনন্দে। তুমুল করতালির মধ্যে চলতে থাকা সে খেলাই যেন বান্দরবানেরই প্রকৃত ছবি।