সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত দীঘিনালা!
রাজনৈতিক সংঘাতে সারা দেশ একরকম অচল হয়ে পড়লেও খাগড়াছড়ি জেলার দীঘিনালায় তার আঁচ লাগেনি। গত পাঁচ বছরে দীঘিনালা পুলিশকে রাজনৈতিক হানাহানি মোকাবিলা করতে হয়নি। এ কারণে গত পাঁচ বছরে দীঘিনালা পুলিশ কর্তৃপক্ষের জন্য বরাদ্দকৃত কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেটের একটিও ব্যবহার হয়নি। এমনকি হানাহানি-ভাঙচুর নিয়েও থানায় কোনো রাজনৈতিক মামলা হয়নি। জাতীয় ও আঞ্চলিক দলগুলোর মধ্যে সম্প্রীতি বজায় ছিল বলে সংঘাতময় পরিস্থিতি তৈরি হয়নি।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাদাত হোসেন বলেন, গত পাঁচ বছরে দীঘিনালায় রাজনৈতিক সহিংসতার সঙ্গে জড়িত থাকার অভিযোগে কারও বিরুদ্ধে মামলা দায়ের করা হয়নি। থানায় বরাদ্দকৃত কোনো কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ব্যবহার করতে হয়নি, পুলিশ সদস্যদের লাটিচার্জে অংশ নিতে হয়নি। রাজনৈতিক সমস্যা দেখা দিলে তা বিভিন্ন দলের নেতারা বসে মীমাংসা করেন। দলগুলোর নেতা-কর্মীদের মধ্যে সম্পর্ক ভালো।
উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি মাসুদ রানা বলেন, ‘দীঘিনালায় সব রাজনৈতিক কর্মসূচি পালন করি আমরা, তবে তা শান্তিপূর্ণ উপায়ে। শান্তি রক্ষায় আমরা ঐক্যবদ্ধ। আমরা সংঘাতে বিশ্বাসী নই।’
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ কাশেম বলেন, ‘সারা দেশে কী হচ্ছে, সেটা আমাদের বিবেচ্য বিষয় নয়। আমরা চাই আমাদের এলাকার শান্তি। রাজনৈতিক দলগুলোর আর্দশ ভিন্ন থাকতে পারে। দলগুলো কর্মসূচিও পালন করবে। কিন্তু তা করতে গিয়ে পরিস্থিতি সংঘাতময় হোক, আমরা তা চাই না।’
ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) উপজেলা সংগঠক কিশোর চাকমা বলেন, ‘আমরা সব রাজনৈতিক দলের নেতা-কর্মী
একে অপরের প্রতি শ্রদ্ধাশীল বলেই দীঘিনালা শান্ত। এখানে আলোচনার মাধ্যমে সব সমাধান করা হয়। এতে তৃতীয় পক্ষ সুযোগ নিতে পারে না।
জনসংহতি সমিতি (এমএন লারমা) পক্ষের কেন্দ্রীয় তথ্য ও প্রচার সম্পাদক প্রশান্ত চাকমা বলেন, ‘সংঘাতের কারণে আমরা অতীতে অনেক কিছু হারিয়েছি, আর হারাতে চাই না।
সাধারণ মানুষের কল্যাণের জন্যই আমরা রাজনীতি করি। কিন্তু আমাদের কারণে মানুষের শান্তি নষ্ট হোক, এটা চাই না।’
দীঘিনালা সেনা জোন সদরে সশস্ত্র বাহিনী দিবসের একটি সভায় জোন অধিনায়ক লে.কর্নেল লোকমান আলী সম্প্রতি বলেন, দীঘিনালার সব রাজনৈতিক দলের নেতা-কর্মীদের মধ্যে যে সর্ম্পক তা অনুকরণীয়। এখানে সব নেতা এক টেবিলে বসে আলোচনা করেন। যে কোনো অনুষ্ঠানে সবাই মিলেমিশে অংশ নেন। দীঘিনালাকে শান্ত রাখার ক্ষেত্রে সবাই ঐক্যবদ্ধ। এটা প্রশাসনের কাজেও গতি এনেছে।