সম্প্রীতির বিতর্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘যুক্তির সাথে সম্প্রীতির পথে’—এই স্লোগানকে ধারণ করে চিটাগং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির (সিইউডিএস) আয়োজনে ১০ দিনের বিতর্ক উৎসব শেষ হয় ১০ ডিসেম্বর। এই প্রতিযোগিতায় বাংলা ও ইংরেজি উভয় পর্যায়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন, নর্থ সাউথ ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৪০টি দল অংশগ্রহণ করে। উৎসবটিতে ছিল নানা ধরনের বিতর্ক আয়োজন যেমন: আঞ্চলিক বিতর্ক, রম্য বিতর্ক, জুটি বিতর্ক, ছাত্র-শিক্ষক বিতর্ক ইত্যাদি।ইংরেজি পর্যায়ের বিতর্কে ১৬টি দলের লড়াইয়ে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন চ্যাম্পিয়ন এবং ব্র্যাক ইউনিভার্সিটি রানারআপ হওয়ার গৌরব অর্জন করে। চ্যাম্পিয়ন দলে ছিলেন কৃত্তিকা কুমারী ও রেণু জনসন এবং রানারআপ দলে ছিলেন রাতিব আলী ও আকিব হোসাইন।বাংলা বিতর্কে চ্যাম্পিয়ন হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিতর্ক দল সিইউডিএস ১১/১১ এবং রানারআপ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জেইউডিএস সংশপ্তক। বিজয়ী দলের সদস্যরা হলেন কাওসার মাহমুদ, শাহরিয়ার আমিন ও আফজালুর রহমান। রানারআপ দলের সদস্যরা হলেন জুনানজিনা আহমেদ, আরাফাত রহমান ও অনিন্দ্য সাইমুন।‘বিতর্কে বিজয় অবশ্যই আনন্দের। কিন্তু তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো প্রতিটি বিতর্কের সময় দেশীয় ও আন্তর্জাতিক সমস্যাগুলোর যৌক্তিক বিশ্লেষণ আমাকে বৈশ্বিক নাগরিক হতে সহায়তা করে।’ এভাবেই নিজের অভিব্যক্তি প্রকাশ করেন বাংলা সমাপনী বিতর্কের শ্রেষ্ঠ বিতার্কিক আফজালুর রহমান।কথা হচ্ছিল ইংরেজি সমাপনী বিতর্কের শ্রেষ্ঠ বিতার্কিক কৃত্তিকা কুমারীর সঙ্গে। তিনি বলেন, ‘বিতর্ক আমার কাছে একটি সামাজিক আন্দোলনের মতো, যার মাধ্যমে বিভিন্ন সামাজিক সমস্যা সমাধানের সহজ পথের খোঁজ পাওয়া সম্ভব।’ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ। বিতর্ক উৎসব সম্পর্কে সিইউডিএস সভাপতি লুৎফুর রহমান বলেন, ‘যোগ্য নেতৃত্ব, দক্ষ সংগঠক ও ভবিষ্যৎমুখী সৃজনশীল প্রজন্ম বিনির্মাণে বিতর্ক উৎসবগুলো বড় ধরনের অবদান রাখবে।’