সম্ভাবনা সত্ত্বেও শিল্প স্থাপনে আগ্রহ নেই প্রবাসীদের
রাউজান উপজেলা সদর থেকে প্রায় ১২ কিলোমিটার দক্ষিণে একটি গ্রামীণ বাণিজ্যিক এলাকা নোয়াপাড়া পথেরহাট। এই এলাকার প্রবাসীদের টাকায় চলছে ১৩টি তফসিলি ব্যাংকের শাখা। তবে ব্যাংকগুলোতে পড়ে থাকা বিপুল টাকায় এলাকায় শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলার সম্ভাবনা থাকলেও এ ব্যাপারে কোনো উদ্যোগ নেই সংশ্লিষ্ট ব্যক্তিদের। বর্তমানে ১৩টি ব্যাংকে প্রায় এক হাজার কোটি টাকা আমানত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।জানা যায়, পথেরহাটে সরকারি, বেসরকারি মিলে ১৩টি তফসিলি ব্যাংকের শাখা রয়েছে। এগুলো হচ্ছে—রূপালী ব্যাংক, কৃষি ব্যাংক, সিটি ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, ফার্স্ব সিকিউরিটি ব্যাংক, আল আরাফাহ ইসলামী ব্যাংক, আরব বাংলাদেশ ব্যাংক, ব্যাংক এশিয়া, স্যোসাল ইনভেস্ট ব্যাংক, গ্রামীণ ব্যাংক ও সাউথ ইস্ট ব্যাংক। এসব ব্যাংকের প্রতিশাখায় প্রতিদিন লেনদেন হয় নগদ এক থেকে দুই কোটি টাকা। এই লেনদেন বেশির ভাগ ক্ষেত্রে হয় প্রবাসী অথবা তাদের আত্মীয়-স্বজনদের ব্যাংক হিসাবে। জানা যায়, পথের হাটের আশপাশের ছয়টি ইউনিয়নের প্রায় পরিবারের এক বা একাধিক সদস্য মধ্যপ্রাচ্য প্রবাসী। ব্যাংকের শাখা খোলার সময়ভেদে এখানকার বিভিন্ন ব্যাংকে গ্রাহক রয়েছেন দুই থেকে ২০ হাজার টাকা। আর বিভিন্ন ব্যাংকে টাকা জমা রয়েছে প্রায় এক হাজার কোটি টাকা। ব্যাংকসংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, ছোট একটি গ্রামীণ বাণিজ্যিক এলাকায় এতগুলো ব্যাংকের কার্যক্রম চালানো এবং এত টাকার লেনদেন একটি উল্লেখযোগ্য ঘটনা। নোয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান দিদারুল আলম বলেন, ‘প্রবাসীদের পাঠানো বৈদেশিক মুদ্রা ও হুন্ডিতে আসা টাকা না হলে এতগুলো ব্যাংক ভালোভাবে টিকে থাকা সম্ভব হতো না।’ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক নোয়াপাড়া শাখার ব্যবস্থাপক মোহাম্মদ আবদুল হাকিম প্রবাসীদের টাকায় ব্যাংক ব্যবসা জমে ওঠার কথা স্বীকার করে বলেন, ‘ব্যাংকের অধিকাংশ গ্রাহক প্রবাসী পরিবারের সদস্য। আমার শাখায় গ্রাহক সংখ্যা প্রায় ১৪ হাজার।’ইস্টার্ন ব্যাংকের শাখা ব্যবস্থাপক এ কে এম নুরুল আবসার জানান, গত এক বছরে তাঁর ব্যাংকের মাধ্যমে প্রবাসীদের বৈদেশিক মুদ্রা এসেছে কয়েক কোটি টাকা। প্রবাসীদের অর্থের ওপর ভরসা করে ব্যাংকের শাখা খোলার কথা স্বীকার করে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ব্যবস্থাপক মোহাম্মদ মমতাজুল হক জানান, তাঁর ব্যাংকের শাখার বয়স মাত্র এক বছর। ইতিমধ্যে গ্রাহক সংখ্যা প্রায় আড়াই হাজারে দাঁড়িয়েছে। এ শাখায় প্রতিমাসে বৈদেশিক মুদ্রা আসে কোটি টাকার ওপরে। এ সময়ে বিভিন্ন খাতে ঋণ দেওয়া হয়েছে প্রায় আট কোটি টাকা। সরকারি মালিকানাধীন কৃষি ব্যাংক নোয়াপাড়া শাখার ব্যবস্থাপক মোহাম্মদ আবুল কালাম জানান, তাঁর শাখায় বর্তমান আমানত প্রায় ৮০ কোটি টাকা। গ্রাহকসংখ্যা প্রায় ২০ হাজার। এদিকে, এলাকার ব্যাংক শাখাগুলোতে হাজার কোটি টাকার আমানত থাকলেও এ টাকা এলাকার শিল্পোন্নয়নের কাজে আসছে না। পথের হাট সিটি ব্যাংক শাখার অবসরপ্রাপ্ত ব্যবস্থাপক আবদুল হক বলেছেন, প্রবাসীদের কল্যাণে পথের হাটের বিভিন্ন ব্যাংকে বিপুল অঙ্কের টাকা অলস পড়ে আছে। এ টাকায় এলাকায় ছোট-বড় শিল্পকারখানা গড়ে তোলার সম্ভাবনা রয়েছে। কিন্তু এ ব্যাপারে সংশ্লিষ্ট ব্যক্তিরা উদ্যোগী নন। তাঁরা বেশির ভাগ ক্ষেত্রে বিনিয়োগ করে থাকেন জায়গা-সম্পত্তি কেনা অথবা বিলাসবহুল বাড়িঘর নির্মাণে। এ প্রসঙ্গে কৃষি ব্যাংকের ব্যবস্থাপক মোহাম্মদ আবুল কালাম বলেন, ‘এখানকার প্রবাসীরা কোনো শিল্পে বিনিয়োগে আগ্রহী হন না। তাঁরা ছোটেন দোকান ও জায়গা কেনার পেছনে।’ নেপাল দে নামের স্থানীয় এক দলিললেখক জানান, পথের হাট ও আশপাশের এলাকায় জায়গার দাম ক্ষেত্রবিশেষে শহর এলাকার চেয়েও বেশি। এখানে প্রতি শতাংশ জায়গা বেচাকেনা হচ্ছে ১৫ থেকে ৩০ লাখ টাকা দরে। ১০০ বর্গফুট আয়তনের একটি দোকানের সেলামি নেওয়া হয় ছয় থেকে ১৮-২০ লাখ টাকা। অর্জিত টাকা শিল্পে বিনিয়োগ না করা প্রসঙ্গে দেড় যুগ ধরে প্রবাসে থাকা পশ্চিম গুজরার বাসিন্দা মোহাম্মদ হারুন বলেন, ‘এলাকার সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি বিনিয়োগের অনুকূলে না থাকায় প্রবাসীদের কেউ এলাকায় কিছু করে ঝুঁকি নিতে চান না। বরং টাকা ব্যাংকে নিরাপদে পড়ে থাকা শ্রেয় মনে করেন অনেকে।’