সম্ভাবনাময় আমেরিকান তুলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চট্টগ্রামে নতুন অর্থনৈতিক সম্ভাবনা তৈরি করেছে হাইব্রিড তুলা। সিবি-১২ নামের এই নতুন জাতের তুলা স্থানীয় আদিবাসীদের কাছে আমেরিকান তুলা নামে পরিচিত। ফলন বেশি হয় বলে অনেক চাষি এখন এই তুলা চাষের দিকে ঝুঁকছেন।খাগড়াছড়ি তুলা উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, প্রতি বিঘায় ১৫ মণ তুলা উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে খাগড়াছড়ির ৭০ একর, রাঙামাটিতে ৪০ একর ও বান্দরবানের ৫৫ একর টিলা ও সমতল জমিতে এই জাতের তুলার চাষ হয়েছে। পানছড়ি উপজেলার লতিবান ইউনিয়নের জ্যোতি বিকাশ চাকমা বলেন, ‘অন্যান্য ফসলের তুলনায় তুলা চাষে তেমন পরিশ্রম করতে হয় না। এ ছাড়া খরচও অনেক কম। তাই হাইব্রিড তুলা চাষে অনেক লাভ।’ তিনি গত বছর ২০ শতাংশ জমিতে হাইব্রিড তুলা চাষ করে সাড়ে সাত মণ ফলন পেয়েছেন বলে জানান। এই তুলা বিক্রি করে তাঁর লাভ হয়েছে ১৯ হাজার টাকা। অথচ উৎপাদনে খরচ হয়েছে মাত্র পাঁচ হাজার টাকা। তুলা চাষে এ সাফল্যের কথা জানতে পেরে উপজেলার মিজ্যাবিল এলাকার কিরণ চাকমা পাঁচ বিঘা, লতিবান ইউনিয়নে সুমিত্র চাকমা তিন বিঘা, লোগাং ইউনিয়নে জাপান চাকমা তিন বিঘা ও উত্তর শান্তিপুরে দেবাশীষ চাকমা সাড়ে তিন বিঘা জমিতে এ তুলার চাষ করেছেন। সব মিলিয়ে উপজেলার ৪৫ একর জমিতে এ তুলার চাষ হয়েছে।খাগড়াছড়ি তুলা উন্নয়ন বোর্ডের পানছড়ি উপজেলার কর্মকর্তা কিরণ রঞ্জন চাকমা বলেন, ‘পার্বত্য চট্টগ্রামের পাহাড়ের ঢালুতে বা সমতল ভূমিতে হাইব্রিড তুলার ফলন ভালো হয়। প্রতি বিঘায় এই তুলা উৎপাদন হয় ১৫ থেকে ২৫ মেট্রিক টন। উৎপাদন খরচ হয় আট থেকে ১০ হাজার টাকা। প্রতি মণ তুলা বিক্রি হয় দুই হাজার ৬০০ থেকে দুই হাজার ৮০০ টাকায়। খরচ বাদ দিলে প্রতি চার বিঘায় লাভ হয় ৪০ থেকে ৬০ হাজার টাকা। তুলা উন্নয়ন বোর্ড খাগড়াছড়ি জোনের প্রধান কর্মকর্তা মোজাফফর আহম্মদ বলেন, ‘পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জমিতে এই তুলা বাণিজ্যিকভাবে চাষ করা হলে এলাকার চাহিদা পূরণের পাশাপাশি দেশের সুতার কলগুলোর চাহিদা মিটবে এবং বিদেশেও রপ্তানি করা সম্ভব হবে।’