সম্ভাবনাময় কারিগরি শিক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমাদের প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা পাস করে কাউকে চাকরির জন্য বসে থাকতে হয় না। এখান থেকে পাস করে উচ্চশিক্ষার সুযোগও বাড়ছে দিন দিন। বর্তমানে কারিগর শিক্ষার গুরুত্ব বাড়ছে এবং এ ক্ষেত্রে কর্মসংস্থানের প্রচুর সম্ভাবনা তৈরি হয়েছে।’ কথাগুলো বলছিলেন চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ কাজী মো. শওকত উল ইসলাম।অধ্যক্ষের এসব কথার সঙ্গে মিল পাওয়া গেছে সংশ্লিষ্ট ডিপ্লোমা প্রকৌশলীদের সঙ্গে কথা বলে। তাঁদের মতে, দেশে ও দেশের বাইরে কারিগরি শিক্ষায় শিক্ষিত ব্যক্তিদের যথেষ্ট চাহিদা রয়েছে। পাশাপাশি স্বাবলম্বী হওয়ার মতো প্রচুর ক্ষেত্র রয়েছে এখানে। পড়াশোনার সুযোগ বেড়েছে আগের তুলনায় অনেক বেশি। নিচে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তির বিভিন্ন তথ্য তুলে ধরা হলো: অনলাইনে ভর্তি: এ সপ্তাহের মধ্যে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ। ভর্তির কার্যক্রম পরিচালিত হবে অনলাইন পদ্ধতিতে। গত বছর থেকে এ পদ্ধতি চালু হয়েছে। ভর্তির যোগ্যতা: মাধ্যমিক (এসএসসি) এবং দাখিল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। জিপিএ-৩ পেলেও চলবে। কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান ও সাধারণ জ্ঞান বিষয়ে লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে। পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মেধা অনুযায়ী এবং নিজস্ব পছন্দের সমন্বয়ে সরকারি সাতটি পলিটেকনিক কলেজের যেকোনো একটিতে আসন বণ্টন করা হবে। অন্যান্য সুযোগ-সুবিধা: চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে রয়েছে সুপ্রশস্ত খেলার মাঠ। রয়েছে সহায়ক বইয়ের বিপুল সম্ভার নিয়ে গ্রন্থাগার এবং ২১টি পরীক্ষাগার (ল্যাব) ও কারখানা (ওয়ার্কশপ) সুবিধা। শিক্ষার্থীদের আবাসনের সুবিধার জন্য রয়েছে চারটি ছাত্রাবাস। এর মধ্যে একটি ছাত্রীদের। বিশেষ বৃত্তি: প্রতিটি বিভাগের ৫০ ভাগ শিক্ষার্থীকে প্রতি মাসে ৮০০ টাকা করে বিশেষ বৃত্তি দেওয়া হয়। প্রতি পর্বে (সেমিস্টার) ৪৫ শতাংশ নম্বর এবং ৭৫ শতাংশ উপস্থিতির ওপর ভিত্তি করে এ বৃত্তি নির্ধারণ করা হয়। এ ছাড়া প্রতি ছয় মাসে ফলাফলের ওপর ভিত্তি করে আরেকটি বৃত্তি দেওয়ার ব্যবস্থা রয়েছে। উচ্চশিক্ষার সম্ভাবনা: ডিপ্লোমা প্রকৌশলীরা আগে শুধু গাজীপুরে অবস্থিত ডুয়েট (ঢাকা ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং টেকনোলজি) থেকে উচ্চশিক্ষার সুযোগ পেতেন। এখন থেকে তাঁরা চুয়েট, বুয়েট, কুয়েট, রুয়েটসহ বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে মেধা ও যোগ্যতা অনুযায়ী ক্রেডিট সমন্বয়ের মাধ্যমে উচ্চতর শিক্ষার (বিএসসি) সুযোগ পাবেন। শিক্ষা মন্ত্রণালয় সম্প্রতি এ অনুমোদন দিয়েছে বলে পলিটেকনিক ইনস্টিটিউট সূত্রে জানা গেছে। সরকারি পলিটেকনিক কলেজ: নগরের নাসিরাবাদে পলিটেকনিক ইনস্টিটিউট এবং বড়পোল এলাকায় চট্টগ্রাম মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট নামে দুটি কারিগরি শিক্ষাকেন্দ্র রয়েছে। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে কুমিল্লা, ফেনী, লক্ষ্মীপুর, কক্সবাজার ও কাপ্তাই সুইডিশ পলিটেকনিক ইনস্টিটিউট নামে আরও পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। বেসরকারি পলিটেকনিক কলেজ: নগরের দুই নম্বর গেট, মুরাদপুর, লালখান বাজার, আগ্রাবাদ, হালিশহর, কোতোয়ালি, নাসিরাবাদ এলাকায় ইতিমধ্যে গড়ে উঠেছে ১১টি বেসরকারি পলিটেকনিক কলেজ। এগুলো হচ্ছে—ন্যাশনাল পলিটেকনিক কলেজ (এনপিসি), চিটাগাং সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট (সিএসটিআই), ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি (এনআইটি), এমআইপি পলিটেকনিক কলেজ, শ্যামলী পলিটেকনিক কলেজ, চিটাগাং পলিটেকনিক কলেজ, প্রগ্রেসিভ পলিটেকনিক কলেজ, ইমপেক্ট পলিটেকনিক কলেজ, মেমেক্স পলিটেকনিক কলেজ, ডেফোডিল কম্পিউটার ও ঢাকা টেকনিক্যাল কলেজ।অধ্যক্ষের বক্তব্য: চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ কাজী মো. শওকত উল ইসলাম জানালেন, ‘আমি নিজেও এখানকার শিক্ষার্থী ছিলাম। ডিপ্লোমা শিক্ষার্থীরা এখন অনেক এগিয়ে যাচ্ছে তাদের কর্মদক্ষতায়। তাদের পড়াশোনা এবং কাজের ক্ষেত্রে অনেক সম্ভাবনা তৈরি হয়েছে। এখন ডুয়েটের পাশাপাশি দেশের অন্যান্য সরকারি-বেসরকারি প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ সৃষ্টি হয়েছে। সম্প্রতি সিলেটপ্রবাসী এক ব্যক্তি ইংল্যান্ডে উচ্চতর শিক্ষার ব্যাপারেও আমাদের সহযোগিতার কথা বলেছেন। আমার পরিচিত অনেক পুরোনো ডিপ্লোমা শিক্ষার্থী এখন দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন। আবার কেউ কেউ ব্যক্তিগত ব্যবসা-বাণিজ্যেও সফলতার স্বাক্ষর রাখছেন।’