সম্ভাবনার ক্লাউড কম্পিউটিং!
প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে চান সবাই। তাই নতুন নতুন প্রযুক্তি-চিন্তার সঙ্গে পরিচয় ঘটছে প্রতিনিয়ত। নিজের কম্পিউটারের অব্যবহূত কার্যক্ষমতা অন্যকে ব্যবহারের সুবিধা দেওয়ার যে প্রযুক্তিগত ব্যবস্থা তারও প্রসার ঘটছে এখন। প্রয়োজনে নেটওয়ার্কে যুক্ত পৃথিবীর যেকোনো স্থানে থাকা আরেকটি কম্পিউটারের ক্ষমতাকে ভাগাভাগি করে ব্যবহারের প্রযুক্তির নাম ক্লাউড কম্পিউটিং। প্রযুক্তির সামাজিকীকরণে জনপ্রিয় হয়ে উঠছে ক্লাউড কম্পিউটিং। এটি অনেকটা বৈদ্যুতিক গ্রিডের মতো। সর্বোচ্চ ব্যবহারের জন্য উেসর পুরো ক্ষমতাই যুক্ত করা হয় সাধারণ গ্রিডে; গ্রাহকেরা প্রয়োজনমতো বিদ্যুৎ ব্যবহার করতে পারে এই গ্রিড থেকে। কম্পিউটারের পাশাপাশি মোবাইল ফোনের ক্ষেত্রেও জনপ্রিয় হচ্ছে ক্লাউড কম্পিউটিং। বিশেষজ্ঞদের মতে, সীমিত কার্যক্ষমতার মোবাইল ফোনে এই প্রযুক্তির সম্ভাবনা আরও বেশি। এশিয়া অঞ্চলের ক্লাউড কম্পিউটিংয়ের সম্ভাবনা নিয়ে প্রযুক্তিগত পরামর্শক প্রতিষ্ঠান নিওএজের আয়োজনে সম্প্রতি সিঙ্গাপুরে হয়ে গেল ‘মোবাইল ক্লাউড কম্পিউটিং এশিয়া ২০১০’ শিরোনামের একটি আন্তর্জাতিক সম্মেলন। এশিয়ায় ইন্টারনেট ব্যবহারে ৮৫ শতাংশ প্রবৃদ্ধিকে সামনে রেখে ক্লাউড কম্পিউটিংকে কীভাবে আরও কাজে লাগানো যায় এবং এর সম্ভাবনার দিকগুলো নিয়ে পারস্পরিক আলোচনাই ছিল এ সম্মেলনের লক্ষ্য। এই সম্মেলনে বাংলাদেশে মোবাইল ক্লাউড কম্পিউটিংয়ের প্রেক্ষাপট ও সম্ভাবনা নিয়ে প্রবন্ধ পড়েন বাংলাদেশের মোবাইল ফোনভিত্তিক প্রতিষ্ঠান সেল বাজারের প্রযুক্তি ব্যবস্থাপক নওশের এ নূর।নওশের বাংলাদেশের টেলিযোগাযোগ খাতের উল্লেখযোগ্য প্রবৃদ্ধি এবং এখানে মোবাইল ক্লাউড কম্পিউটটিংয়ের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। দেশে ফিরে তিনি বলেন, মোবাইল ফোন এ দেশের মানুষের জীবনধারা পাল্টে দিয়েছে। এখন মোবাইল ফোন কথা বলার মৌলিক কাজটিকে ছাড়িয়ে ব্যক্তিজীবনের আরও অনেক গভীরে পৌঁছে গেছে। গত দুই দশকে মোবাইল ফোন সত্যিকার অর্থেই বদলে দিয়েছে বাংলাদেশকে। প্রত্যন্ত এলাকাগুলোতে এই পরিবর্তন চোখে পড়ার মতো। বাংলাদেশে এখন যত ই-মেইল ঠিকানা আছে, তার চেয়ে অনেক বেশি রয়েছে মোবাইল নম্বর আছে। তাই মোবাইল ফোনের সম্ভাবনার দিকগুলো দিয়েই এগিয়ে যেতে হবে আমাদের। নওশের জানান, মোবাইল ফোনের প্রসেসরের কার্যক্ষমতা ব্যবহার করে কম্পিউটারের অনেক কাজও করা সম্ভব। তবে এ ক্ষেত্রে উচ্চক্ষমতার দামি মোবাইল ফোনের দরকার হবে। এ সমস্যার কিছুটা সমাধান দিতে পারে মোবাইল ক্লাউড কম্পিউটিং।নওশেরের প্রবন্ধে উল্লেখ করা হয়, বাংলাদেশে এখন প্রতি তিনজনের একজন মোবাইল ফোন ব্যবহার করে। ২০১৩ সাল নাগাদ মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা সাড়ে সাত কোটি ছাড়িয়ে যেতে পারে। মোবাইল ফোনের ব্যবহারকারী এত বেশি হলেও দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা অনেক কম। তবে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা মোবাইল ফোনের কল্যাণে অনেক দ্রুত বাড়ছে এবং বর্তমানে দেশে কম্পিউটারের চেয়ে মোবাইল ফোন থেকে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বেশি। মোবাইল ফোনের এই সম্ভাবনাকে কাজে লাগাতে হবে আমাদের। ক্লাউড কম্পিউটিংয়ের পূর্বশর্ত হলো ইন্টারনেট সংযোগ। মোবাইলে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে ক্লাউড কম্পিউটিংয়ের সম্ভাবনাও বাড়বে এ দেশে। এ দেশে ইন্টারনেটের বিস্তার হওয়ার পাশাপাশি শিক্ষা, কৃষি, স্বাস্থ্য ও ব্যবসায় ক্ষেত্রে ই-তথ্যের চাহিদা বাড়ছে ও নতুন বাজার তৈরি হচ্ছে। মানুষ বদলের এই স্রোতে মিশে গিয়ে জীবনমানের উন্নয়নে আগ্রহী হয়ে পড়ছে। এই অবস্থায় আমাদের ডোমেইন-ভিত্তিক তথ্যভান্ডার আরও সমৃদ্ধ করতে হবে। আর এ জন্য ক্লাউড কম্পিউটিং হতে পারে একটি সাশ্রয়ী সমাধান। আইফোন ও অ্যান্ড্রয়েডের মতো স্মার্টফোনে ক্লাউড কম্পিউটিংয়ের অবকাঠামো আছে স্বয়ংক্রিয়ভাবেই। তবে বাংলাদেশে স্মার্টফোন ব্যবহারকারীর সংখ্যা খুব কম। নওশের সেল বাজারে কেনাবেচা করা মোবাইল ফোনের তথ্যের বরাত দিয়ে জানান, এখানে ৪৫ শতাংশ মোবাইল ফোন আসে, যেগুলোর দাম চার হাজার টাকার কম। তবে আশার কথা হলো, স্মার্টফোনের দাম হয়তো শিগগিরই ক্রেতাদের হাতের নাগালে চলে আসবে। সম্মেলনে বাংলাদেশের টেলিযোগাযোগ পেশাজীবীরা ছাড়াও মাইক্রোসফট, অ্যামাজন, এইচপি ল্যাবের তথ্যপ্রযুক্তির পাশাপাশি এশিয়ার টেলিযোগাযোগ বিশেষজ্ঞরা মোবাইল ক্লাউড কম্পিউটিংয়ের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।