সম্ভাবনার দুয়ার খুলে যাবে
অনেক ঘাত-প্রতিঘাত মামলা-মোকদ্দমার মধ্য দিয়ে গত এপ্রিল থেকে আলাদাভাবে কাজ শুরু করেছে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি। এ প্রতিষ্ঠান পূর্ণাঙ্গরূপে বাস্তবায়িত হলে চট্টগ্রামের আবাসিক, বাণিজ্য ও শিল্প এলাকায় দ্রুত গ্যাসসংযোগ দেওয়া সম্ভব হবে। এ ছাড়া প্রশাসনিক কাজও দ্রুততার সঙ্গে সম্পন্ন হবে। ফলে আমলাতান্ত্রিক জটিলতা থেকে গ্রাহকেরা রক্ষা পাবেন। সব মিলিয়ে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি চট্টগ্রামবাসীর সামনে সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে বলে মনে করেন ব্যবসায়ীরা।কর্ণফুলী গ্যাস সূত্র জানায়, পেট্রোবাংলা দুই-তিন বছর ধরে চট্টগ্রামে সব ধরনের গ্যাসসংযোগ বন্ধ রেখেছে। ফলে চট্টগ্রামের জন্য আলাদাভাবে প্রতিষ্ঠিত গ্যাস কোম্পানির সুফল এখনো পাননি চট্টগ্রামের গ্রাহকেরা। অথচ চট্টগ্রাম অঞ্চলের জন্য আলাদা একটি গ্যাস কোম্পানি গঠনের জন্য স্থানীয় ব্যবস্থায়ী-শিল্পোদ্যোক্তারা অনেক আগে থেকেই দাবি জানাচ্ছিলেন।এ অঞ্চলে বর্তমানে গ্যাসসংযোগের জন্য আবেদনপত্র জমা আছে প্রায় সাড়ে আট হাজার। এর মধ্যে আট হাজারই আবাসিক। বাকি দেড়-দুই শ আবেদন শিল্পকারখানার। জানা যায়, বাখরাবাদ গ্যাস সিস্টেমস লিমিটেডের (বিজিএসএল) মূল কার্যালয় কুমিল্লায় হলেও এর প্রায় ৯২ শতাংশ গ্রাহক চট্টগ্রামের। ফলে গ্যাসসংযোগসহ প্রশাসনিক কাজ দেখাশোনার জন্য চট্টগ্রামেই আলাদা প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য দাবি জানান চট্টগ্রামের গ্রাহকেরা। ১৯৯৭ সালে এ দাবি ওঠে। জানা যায়, ২০০৩ সালে মন্ত্রিপরিষদ কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি নামে আলাদা একটি প্রতিষ্ঠানের অনুমোদন দেয়। কিন্তু পরবর্তীকালে সচিব কমিটি সেটি বাতিল করে। ফলে এ নিয়ে আর কোনো অগ্রগতি বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের সময়ে হয়নি। তত্ত্বাবধায়ক সরকারের সময় এ দাবি আবারও সামনে চলে আসে। অবশেষে ২০০৮ সালের আগস্টে চট্টগ্রামে অনুষ্ঠিত উপদেষ্টা কমিটির প্রথম সভায় এ কোম্পানির অনুমোদন দেওয়া হয়।পেট্রোবাংলার অঙ্গসংগঠন বাখরাবাদ গ্যাস সিস্টেমসকে আলাদা করে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি নামে পৃথক একটি প্রতিষ্ঠান গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। এ বছরের এপ্রিল থেকে প্রতিষ্ঠানটি আলাদাভাবে কার্যক্রম পরিচালনা করছে।