সম্ভাবনার দেশ লাইবেরিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘হাই, বাংলাদেশি ফ্রেন্ড। গিভ মি চোচো।’ চোচো। চোচো জিনিসটা কী? এমনকি প্রায় পাঁচ ঘণ্টা অনবরত ‘চোচো’ শব্দটি শুনতে হয়েছিল গত ২৪ নভেম্বর, যখন লাইবেরিয়ার বিমানবন্দর থেকে জাতিসংঘের গাড়িতে করে ভাঙার পথে যাচ্ছিলাম, গাড়ির রং সাদা। পেটে ইউএন বড় করে লেখা। আমার সঙ্গে একই গাড়িতে এবং পেছনের গাড়িতে বসা সাতজন বাংলাদেশি সেনা। পোশাক দেখলেই দূর থেকে চিনে ফেলে লাইবেরিয়ার সাধারণ জনগণ, বাংলাদেশ সেনাবাহিনী যাচ্ছে। যারা তাদের বন্ধু এবং সাহায্যকারী। তাই যাদের সঙ্গে দেখা হচ্ছিল তারাই বলে উঠত, ‘বাংলাদেশি ফ্রেন্ড। গিভ মি চোচো।’ চোচো মানে বিস্কুট। বিস্কুট চায় খাওয়ার জন্য। এই চাওয়া-পাওয়া কিন্তু নেই অন্য ৪১টি ভিনদেশি সেনাবাহিনীর কাছে, যারা জাতিসংঘের শান্তি মিশনে কর্মরত। কারণ একটাই, অন্যরা দাঙ্গা-হাঙ্গামা দেখলেই কঠিন হস্তে দমন করে। প্রয়োজনে লাঠিপেটা বা ফায়ার করতে দ্বিধাবোধ করে না। পক্ষান্তরে বাংলাদেশ সেনাবাহিনী আজ অবধি গুলি ছোড়া তো দূরের কথা, মারধর পর্যন্ত করেনি। তারা বন্ধু, ভাই বলে কাছে গেছে বা প্রয়োজনে স্থানীয় পুলিশের হাতে তুলে দিয়েছে। এ ছাড়া প্রতি শুক্রবার বিনা মূল্যে চিকিৎসা দান ও ওষুধ বিতরণ করছে বাংলাদেশ সেনাবাহিনীর মেডিকেল দল। ইঞ্জিনিয়ারিং সেকশনের সেনারা তৈরি করে দিচ্ছেন দুর্গম সব পাহাড়ি অঞ্চলে রাস্তা ও কালভার্ট এবং একদল দেখাচ্ছে কী করে ধান চাষ করতে হয়। বাংলাদেশের পেঁপে, ধানসহ অনেক ফসলই আবাদ করা শেখাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। এক জায়গায় ব্র্যাকের সাইনবোর্ড দেখে তো অবাক। প্রশ্ন করলাম, আমার সঙ্গে বসা মেজর মেজবাকে, এটা কি বাংলাদেশের ব্র্যাক। যখন জানলাম, বাংলাদেশের ব্র্যাক এই সুদূর প্রশান্ত মহাসাগরের তীরে লাইবেরিয়াতে কৃষি খাতে সাহায্য করছে, তখন মনটা সবকিছু মিলিয়ে গর্বে ভরে উঠল। জানা ছিল না বলেই হয়তো প্রচণ্ড হোঁচট খেয়েছিলাম, যখন জানলাম পুরো দেশে বিদ্যুৎ-ব্যবস্থা নেই। নিজের অজান্তেই বলে উঠলাম, সর্বনাশ, শুটিং করব কীভাবে? ব্যাটারি চার্জ দেব কী উপায়ে? পরে নিশ্চিন্ত হলাম এই জেনে যে জাতিসংঘের সব কন্টিনজেন্টে জেনারেটরের বিশেষ ব্যবস্থা রয়েছে। একটা দেশ, স্বাধীন দেশ, যাদের রয়েছে হীরার খনি, রয়েছে লৌহমণ্ডিত পাহাড়ের পর পাহাড়, তারা নিজেরা নিজেরা যুদ্ধ করে কী এক করুণ পরিণতিতে নিজেদের নিক্ষেপ করছে! তাদের প্রায় অধিকাংশ জনগণই দিনে একবেলা খেতে পায়। খাবারটির নাম কাসাবা। কাসাবা এক ধরনের গাছ। সেই গাছের শেকড়ই হলো কাসাবা, তাদের প্রধান খাদ্য। দেখতে অনেকটা শেকড়ই, তবে মাঝখানটা মোটা কিছুটা মিষ্টিআলুর আকৃতি। এই কাসাবা তারা পিষে গুঁড়া করে সেদ্ধ করে খায় এবং আগুনে পুড়িয়েও খায়। তবে তাদের দেহের গঠন ও বিশাল আকৃতির দেহ দেখলে অঙ্ক কষা সত্যিই কঠিন যে তারা একবেলা খাদ্য খায়। অপরিসীম শক্তি তাদের দেহে। তবে যুদ্ধে যুদ্ধে নিঃশেষিত এই জীবনকে দেখে মনে হচ্ছে অপেক্ষাকৃত হিংস্র। খেপে গেলে তারা কোনো বাধাই মানে না। ইটের দালান তেমন দেখেছি বলে মনে হয় না। মাটির ঘর আর টিনের ঘরই বেশি। প্রাকৃতিক দৃশ্যাবলি বাংলাদেশের মতোই, তবে মাটির রং লালচে। ছোট-মাঝারি হোটেল-রেস্টুরেন্ট ও দোকান কিছুটা সময় ছোট ছোট জেনারেটর দিয়ে বিদ্যুৎ সরবরাহ করে। রেস্টুরেন্টে মিউজিক ভিডিও চলে অনবরত। সংগীত যার কানেই পৌঁছাবে, অমনি যেন স্বয়ংক্রিয় পদ্ধতিতে তার দেহখানি নেচে উঠবে। বিটে বিটে নাচবে ছোট-বড় সবাই, যে অবস্থানেই থাকুক না কেন। রাতে ক্লাবে যাওয়া তাদের সবচেয়ে প্রিয় বিষয়। অন্ধকারে আচ্ছন্ন ক্লাবগুলো ডিসকো আলোয় লেজার রশ্মির ঘূর্ণিপাকে প্রাণোচ্ছল এক জগৎকে সৃষ্টি করে। আর হিপ হিপ সংগীতের দ্রুতগতিতে নাচতে থাকে শক্তিশালী কালো মানুষগুলোর দেহের প্রতিটি অঙ্গ-প্রত্যঙ্গ। তখন তাদের আনন্দের বন্যায় কেউ ভাবতেই পারবেন না যে এই জাতির একবেলা খাবার জোটে। একজন ডিসির সাক্ষাৎকার নিচ্ছিলাম। তিনিও চোচো চাইলেন। পরে শুনলাম ১৯৮৮-এর সেই ভয়াবহ বন্যায় বাংলাদেশকে এই লাইবেরীয় বিপুল অর্থ সাহায্য করেছিলেন। এই ইতিহাসই বা কয়জন মনে রাখে। ইতিহাস থেকে শেখেনই বা কয়জন রাজনীতিবিদ?একটা মজার কথা বলতে খুব ইচ্ছে করছে। একজন বাংলাদেশি সেনা কর্মকর্তার ঘর থেকে মরে থাকা প্রাণীর গন্ধ বের হচ্ছিল। সামনে লনে ঘাস কাটছিল দুজন লাইবেরীয় যুবক। তাদের একজনকে বললেন, যেন তাঁর ঘরে গিয়ে খুঁজে দেখে, কী মরে পড়ে আছে। লাইবেরীয় যুবকটি খুঁজে পেল একটি বিড়াল মরে আছে। যুবকটি বিড়ালটি নিয়ে বাগানে এসে মহা-আনন্দের এক নৃত্যে পাগলপ্রায়। তখন অপর যুবকটি এগিয়ে এসে বলল, ‘আমরা দুজন একই বাগানে ঘাস কাটি। সুতরাং এখানে যা পাওয়া যাবে, তার সমান সমান ভাগ হওয়া উচিত।’ মরা বিড়াল দুজনে সমান ভাগ করে নেবে—এই বিষয়টা নিয়ে দুজনের মধ্যে মহা ঝগড়া। পরে জানলাম, ওরা এই বিড়ালটিকে শুকিয়ে শুঁটকি করে খাবে। আরও একটি মজার ঘটনা না লিখে পারছি না। মেজর মেজবা ও কর্নেল তাহা যাচ্ছিলেন ঘন গাছের ভেতর দিয়ে। সামনে দেখলেন দুজন লাইবেরিয়ান দাঁড়িয়ে জল বিয়োগ করছেন। তাঁদের দুজনকে দেখে তাঁরা মোটেই লজ্জা পেলেন না এবং নিজেকে আড়াল করার প্রয়োজনও বোধ করলেন না; বরং উল্টো বলে বসলেন, ‘এই, তোমরা আমাদের সালাম করলে না।’ তাঁরা বললেন, ‘এ অবস্থায় বাংলাদেশের কেউ কারও সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে না। এটা সভ্যতার মধ্যে পড়ে না।’তাঁরা যেন একটু নতজানু হলেন, কিন্তু তার পর মুহূর্তেই বলে উঠলেন, ‘শত হলেও আমি একজন মন্ত্রী। সম্মান কি পাওয়ার কথা নয়?’ এবার আমি প্রয়োজনীয় প্রসঙ্গে চলে আসি। লাইব্রেরিয়ায় যে হীরার খনি রয়েছে, তার থেকে হীরা উত্তোলন করেন আমেরিকানরা। লোহার যে পাহাড় রয়েছে, সেই পাহাড় থেকে লোহা কেটে নিচ্ছেন ভারতীয়রা। শত শত একর জমি মাত্র পাঁচ সেন্টে এক একর হিসাবে লিজ নিয়ে রাবার বাগান করেছেন জাপানিরা। বাংলাদেশের জন্য কোন পথটি উন্মুক্ত? অতি সহজ যেটি, সেটা হলো চাষাবাদ। মাত্র পাঁচ সেন্ট দিয়ে হাজার হাজার একর জমি লিজ নিয়ে ফসল ফলাতে পারেন বাংলাদেশের কৃষকেরা। এ ছাড়া বাংলাদেশ সেনাবাহিনীর স্বাস্থ্যসেবার কারণে বাংলাদেশের ওষুধের জনপ্রিয়তা। ওষুধ ব্যবসায়ীরা বিষয়টি ভেবে দেখতে পারেন। প্লাস্টিকের সামগ্রী, মেলামিনের থালাবাসনের চাহিদাও কম নয়। সবচেয়ে বড় কথা ‘ফ্রি এন্ট্রি’ পাওয়া যাবে সম্ভাবনার দেশ লাইবেরিয়ায়।