নারী-পুরুষের সমতা বর্তমান সময়ে বেশ আলোচিত একটি বিষয়। এ বিষয়ে প্রাতিষ্ঠানিক পর্যায়ে পড়াশোনা চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগে। নামটা নতুন মনে হলেও প্রায় এক যুগ হতে চলল এ বিভাগের যাত্রা।সমাজের প্রায় প্রতিটি ক্ষেত্রেই রয়েছে নারী-পুরুষ বৈষম্য এবং তা পর্যবেক্ষণ করা এ বিভাগের শিক্ষার্থীদের অন্যতম কাজ। বিভিন্ন সামাজিক আন্দোলন, নারীর উন্নয়ন, তাঁদের নিরাপত্তা, সমাজে নারীর অবস্থান ইত্যাদি বিষয় নিয়েই মূলত তাঁদের পড়াশোনা। এর পাশাপাশি সমাজবিজ্ঞানের বিভিন্ন শাখা যেমন রাষ্ট্রবিজ্ঞান, নৃবিজ্ঞান, মনোবিজ্ঞান, লোকপ্রশাসন প্রভৃতি বিষয়ও পড়ানো হয় এই বিভাগে।বিভিন্ন বিষয়ের ওপর পড়াশোনার কারণে এ বিভাগের শিক্ষার্থীদের কর্মক্ষেত্রে কাজের অনেক সুযোগ রয়েছে। ভবিষ্যতে কী করার ইচ্ছা জানতে চাইলে এই বিভাগে অধ্যয়নরত ১২তম ব্যাচের শিক্ষার্থী সেমন্তী বললেন উন্নয়ন সংস্থায় কাজ করার কথা। উন্নয়ন সংস্থায় কাজ করার মধ্য দিয়ে গ্রামীণ নারীদের উন্নয়নই তাঁর লক্ষ্য।‘আমি চাই নারীর উন্নয়নের জন্য কাজ করতে’, বলছিলেন ১১তম ব্যাচের শিক্ষার্থী নিটোল। তিনি দেশি-বিদেশি উন্নয়ন সংস্থাকে তাঁদের কাজের ক্ষেত্র হিসেবে উল্লেখ করেছেন। তবে একটু ভিন্ন কথা জানালেন শাহীদ। তাঁর মতে, উন্নয়ন সংস্থার পাশাপাশি বেসরকারি সংস্থা ও বহুজাতিক প্রতিষ্ঠানগুলোতেও বর্তমানে তাঁদের কাজের ক্ষেত্র তৈরি হচ্ছে। অনেক প্রতিষ্ঠানে এখন জেন্ডার বিশেষজ্ঞ প্রয়োজন হয় বলে জানালেন ১২তম ব্যাচের এই শিক্ষার্থী। নারী-পুরুষ ভেদাভেদ সমাজের সর্বস্তরে বিরাজমান। এই মানসিকতা দূর করে এর থেকে সৃষ্ট সমস্যাগুলো সমাধান করাই এই বিভাগের শিক্ষার্থীদের লক্ষ্য।বিভাগের উদ্দেশ্য সম্পর্কে জানতে চাইলে চেয়ারপারসন তানিয়া হক বললেন, সামাজিক ক্ষেত্রে নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠা করাই এ বিভাগের মূল উদ্দেশ্য। এ বিষয়ের গুরুত্ব সম্পর্কে তিনি আরও বললেন, তৃতীয় কিংবা চতুর্থ শ্রেণী থেকেই বিষয়টির প্রাথমিক পাঠ পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা উচিত। এতে বিশ্ববিদ্যালয় পর্যায়ে এসে বিষয়টি পরিপূর্ণতা পাবে। এ কথাটাই তিনি আরেকটু ব্যাখ্যা করে বললেন, প্রতিটি শিশুই নিজ পরিবার থেকে একটা মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গি নিয়ে বড় হয়, যা পরবর্তী সময়ে আর পরিবর্তন হয় না। পরিবার থেকে অথবা স্কুল থেকেই যদি এ বিষয়ের সঙ্গে তারা পরিচিত হয়, তবে তারা নিজের অধিকার সম্পর্কে সচেতন হবে এবং রক্ষণশীলতা এড়িয়ে একটা উদার দৃষ্টিভঙ্গি তৈরি করে নিতে পারবে।