সম্ভাবনার প্রজাপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিস্ময় লুকিয়ে আছে প্রজাপতির মাধ্যমে ইকো-ট্যুরিজম শিল্পস্থাপন বিষয়টিতে। আরেক বিস্ময় আছে প্রজাপতির মেডিসিনাল ভ্যালুতে। এম এ বাশার বললেন বিস্তারিত, ‘উদ্ভিদ-প্রজাপতির পারস্পরিক সম্পর্ককে বৈজ্ঞানিক কৌশল হিসেবে ব্যবহার করে দেশের ইকো-ট্যুরিজম শিল্পকে জনপ্রিয় করে তোলার লক্ষ্যে বিভিন্ন গবেষণা কার্যক্রম পরিচালনা করছি আমরা। সহজ করে বললে, প্রজাপতি জীববৈচিত্র্য ও জৈব সম্পদ সংরক্ষণে অন্যতম প্রধান প্রাকৃতিক হাতিয়ার। প্রজাপতি ও উদ্ভিদ পরস্পর সম্পর্কযুক্ত। তাদের জীবনধারণ ও বংশবিস্তারের জন্য তাদের মধ্যে আন্তক্রিয়া ঘটে থাকে, তা পরিবেশ রক্ষার জন্য দারুণ কার্যকর। তাই প্রজাপতি থাকলে উদ্ভিদ থাকবে, মানে রোধ করা যাবে পরিবেশ বিপর্যয়। এ কারণেই আমরা ভাওয়ালে প্রজাপতি উদ্যানটি গড়ে তুলছি। এভাবে প্রজাপতি নিয়ে আরও কাজ হলে সুফল পেতে বেশি দিন লাগবে না বলে আমার বিশ্বাস। যা কিনা বিস্তর অর্থ খরচ করেও সম্ভব নয়।’আর দ্বিতীয় যে সম্ভাবনা, সেটিও ব্যাখ্যা করলেন ড. বাশার, ‘জীবনচক্র সম্পন্ন করতে প্রজাপতি নিজেদের নির্দিষ্ট পোষক উদ্ভিদ নির্বাচন করে। আর এই নির্বাচনের বৈজ্ঞানিক ব্যাখ্যাই জৈবিক আন্তক্রিয়াশীলতার অন্তর্নিহিত রহস্য। একটি প্রজাপতি নির্দিষ্ট একটি গাছকেই তার পোষক উদ্ভিদ হিসেবে বেছে নেয়; এই উদ্ভিদ ছাড়া অন্য কোথাও ডিম দেবে না! সেখানে এর লার্ভা বেড়ে ওঠে, লার্ভাটি খাদ্যও গ্রহণ করে সেই গাছ থেকে। মজার বিষয় হলো, লার্ভা পুরো খেয়ে ফেললেও উদ্ভিদটি কখনো মারা যায় না, বরং আরও শাখা-প্রশাখা বিস্তার করে। যা হোক, পূর্ণাঙ্গ প্রজাপতি খাবার গ্রহণের জন্য বেছে নেয় আরেকটি গাছ, একে বলে ‘নেকটার প্ল্যান্ট’। আর আরেকটি বিষয় হলো, প্রজাপতির বিশ্রাম নেওয়ার উদ্ভিদ, সেটাকে বলে আশ্রয়ী উদ্ভিদ। তো, গবেষণা করতে গিয়ে আমাদের মনে প্রশ্ন জেগেছিল, প্রজাপতি কেন এই আচরণ করছে? বেছে বেছে কেবল নির্দিষ্ট একটি গাছেই কেন ডিম দেয়, কিংবা নেকটার নেয় তারা? সেখান থেকেই রহস্যের খোঁজ পেয়েছি আমরা। প্রজাপতির এই আচরণ পরীক্ষা-নিরীক্ষা করে দেখা গেছে, এরা যেসব উদ্ভিদে বসছে, সেগুলো থেকে এদের ওই আচরণের মাধ্যমে ঔষধি গুণাগুণ জানা সম্ভব। এ পর্যন্ত আমরা ১০০ প্রজাতির উদ্ভিদ সংগ্রহ করেছি, এর মধ্যে ৫১টির উপাদান বিশ্লেষণও করে ফেলেছি। গুরুত্বপূর্ণ বিষয় হলো, প্রজাপতির আচরণের মাধ্যমে নির্ণয় করা এসব উদ্ভিদ মানুষ ও পশুপাখির অনেক রোগব্যাধির মোক্ষম দাওয়াই হতে পারে। অচিরেই আমরা গবেষণার ফলাফল প্রকাশ করতে পারব বলে আশা করছি।’ তবে গবেষণা যত অগ্রসর হচ্ছে, ততই প্রয়োজন হচ্ছে টাকা-পয়সার। বিশেষ করে ঔষধি গবেষণার জন্য বায়োকেমিস্ট ও ফার্মাসিস্টদের দ্বারস্থ হতে হচ্ছে ইবিবিএলকে। গবেষকদের মতে, সব ব্যবস্থা যদি তাঁরা নিজেরাই করতে পারতেন, তাহলে গবেষণা আরও ভালোভাবে এগিয়ে নেওয়া সম্ভব।প্রজাপতি জাদুঘর দেখতে গিয়েছিলাম আমরা। জাদুঘরের প্রজাপতিগুলো চোখে তো বিস্ময় এঁকেছেই, সঙ্গে বাংলাদেশের তাবৎ প্রজাপতির বিস্ময়কর জীবনপ্রণালি স্বপ্ন বুনে দিয়েছে আমাদের মনে। আমরা জেনেছি, প্রকৃতিতে প্রজাপতি থাকলে আমরাও ভালো থাকব।