সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপে মুখর গ্রামীণ জনপদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনের বাকি এক মাসের বেশি। কিন্তু সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ ও গণসংযোগে এখনই পুরোদমে নির্বাচনী হাওয়া বইছে কক্সবাজারের তিন উপজেলা কুতুবদিয়া, মহেশখালী ও টেকনাফে। প্রথম ধাপে এখানকার ১৯ ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। এসব ইউপিতে চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শতাধিক সম্ভাব্য প্রার্থী এখন মাঠ চষে বেড়াচ্ছেন। তবে তৎপরতা েবশি আওয়ামী লীগ ও বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের।
প্রথমবারের মতো দলীয় প্রতীকে আগামী ২২ মার্চ সারা দেশে ইউপি নির্বাচন শুরু হচ্ছে। পর্যায়ক্রমে ৪ জুন পর্যন্ত মোট ছয় ধাপে ৪ হাজার ২৭৫টি ইউনিয়নে ভোট গ্রহণ করা হবে। ২২ মার্চ প্রথম ধাপে ৭৫২টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে কক্সবাজারের তিন উপজেলার ১৯টি ইউনিয়ন রয়েছে।
কক্সবাজার জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, ১৯ ইউনিয়নের মধ্যে কুতুবদিয়ায় ছয়টি, মহেশখালীতে সাতটি ও টেকনাফের রয়েছে ছয়টি।
ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২২ ফেব্রুয়ারি। মনোনয়নপত্র যাচাই-বাছাই ২৩ ও ২৪ ফেব্রুয়ারি এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২ মার্চ।
টেকনাফে আ.লীগ-বিএনপিতে একাধিক প্রার্থী: টেকনাফে নির্বাচন হবে বাহারছড়া, সেন্ট মার্টিন, টেকনাফ সদর, হোয়াইক্যং, সাবরাং ও হ্নীলা ইউপিতে।
সাবরাং ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী তিনজন মাঠে নেমেছেন। তাঁরা হলেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুর হোসেন, শাহপরীর দ্বীপ ইউনিয়ন (সাংগঠনিক) আ.লীগের সভাপতি সোনা আলী ও সাবেক ইউপি সদস্য হাবিবুর রহমান।
নুর হোসেন ও সোনা আলী জানান, দলীয়ভাবে মনোনয়ন পাওয়ার জন্য তাঁরা চেষ্টা অব্যাহত রয়েছে। পাশাপাশি এলাকায় গণসংযোগ চালাচ্ছেন।
বিএনপি থেকে প্রার্থী হচ্ছেন শাহপরীর দ্বীপ বিএনপির সভাপতি মোহাম্মদ ইসমাইল ও বিএনপি নেতা মো. হাশেম ও সুলতান আহমদ।
এদিকে হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি নুর আহমদ আনোয়ারীকে ১১ ফেব্রুয়ারি দায়িত্ব থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ ইপ-১ শাখার সিনিয়র সহকারী সচিব শরীফা আহমেদ এক প্রজ্ঞাপনে ওই বরখাস্তের আদেশ জারি করেন।
এই ইউনিয়নে চেয়ারম্যান পদের জন্য মাঠে নেমেছেন ইউনিয়ন আ.লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মো. আলমগীর চৌধুরী, টেকনাফ উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মঈনুল হোসেন চৌধুরী, উপজেলা আ.লীগ নেতা হারুন অর রশীদ সিকদার ও টেকনাফ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফরিদুল আলম।
সেন্ট মার্টিন ইউপিতে বর্তমান চেয়ারম্যান নুরুল আমিন বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী। তাঁর প্রতিদ্বন্দ্বী আছেন ইসলামি ঐক্য জোটের নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান ফিরোজ আহমদ খান। আ.লীগের মনোনয়ন পেতে মাঠে নেমেছেন ইউনিয়ন আ.লীগের সভাপতি মুজিবুল হক ও আ.লীগ নেতা নুর মোহাম্মদ।
এ ছাড়া সদর, হ্নীলা ও বাহারছড়া ইউনিয়নেও আ.লীগ-বিএনপির একাধিক প্রার্থী মাঠে নেমেছেন।
উপজেলা আ. লীগের সাধারণ সম্পাদক নুরুল বশর বলেন, প্রতিটি ইউনিয়নে দলের একাধিক প্রার্থী রয়েছে। আমরা যাচাই বাছাই করে যোগ্য একজনকে দলের একক চেয়ারম্যান প্রার্থী ঘোষণা দেওয়ার চেষ্টা করছি।
টেকনাফের বাহারছড়া, সেন্টমার্টিন, সদর ও হোয়াইক্যং ইউপিতে সর্বশেষ নির্বাচন হয় ২০১১ সালের ২ এপ্রিল। সাবরাংয়ে একই বছরের ২৩ এপ্রিল এবং হ্নীলাতে নির্বাচন হয় ২৪ এপ্রিল ।
কুতুবদিয়া ও মহেশখালীতে গণসংযোগ শুরু : কুতুবদিয়ার ছয়টি ইউনিয়ন—উত্তর ধুরুং, লেমশিখালী, আলী আকবর ডেইল, বড়ঘোপ, দক্ষিণ ধুরং ও কৈয়ারবিলের প্রতিটি গ্রাম এখন সম্ভাব্য প্রার্থীদের গণসংযোগে মুখর। ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করে দোয়া চাইছেন তাঁরা। এখানেও আ.লীগের মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ শুরু করেছেন অন্তত ১৮ জন। এর মধ্যে কয়েক জন জামায়াতে ইসলামীর সমর্থক রয়েছেন বলে অভিযোগ করেছেন তৃণমূলের নেতা-কর্মীরা।
উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মো. নুরুচ্ছফা বলেন, আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না এমন অনেকে দলের মনোনয়ন পেতে তদবির করছেন। এমনকি জামায়াতের সমর্থক কয়েকজনও মনোনয়ন পাওয়ার চেষ্টা করছেন। এতে দলের ইমেজ ক্ষুণ্ন হচ্ছে।
এই উপজেলার ছয়টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১১ সালের ২৯ মার্চ।
অন্য দিকে মহেশখালী উপজেলার বড় মহেশখালী, ছোট মহেশখালী, ধলঘাটা, হোয়ানক, কালামারছড়া, কুতুবজোম ও মাতারবাড়ী ইউপিতেও এখন পুরোদমে নির্বাচনী আমেজ চলে এসেছে। ভোটাররা এখনই আলোচনা শুরু করেছেন।
এই উপজেলাতেও আ.লীগ ও বিএনপির একাধিক প্রার্থী মাঠে নেমে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। তাঁরা গণসংযোগের পাশাপাশি দলীয় মনোনয়ন পেতে জোর তদবির চালাচ্ছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
উপজেলা আ.লীগের সভাপতি আনোয়ার পাশা চৌধুরী বলেন, প্রতিটি ইউনিয়নে চেয়ারম্যান পদে দলের একাধিক প্রার্থী রয়েছেন। আমরা যোগ্য একজনকে দলের একক প্রার্থী ঘোষণার চেষ্টা চালাচ্ছি।
মহেশখালীর ছয় ইউপির মধ্যে ছোট মহেশখালী নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১১ সালের ৩ এপ্রিল। এ ছাড়া বাকি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হয় একই বছরের ১৬ এপ্রিল।
ইউপিতে দলের একাধিক প্রার্থী সম্পর্কে জানতে চাইলে জেলা আ.লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান জানান, দলীয় প্রতীকে এবার প্রথম ইউপি নির্বাচন হচ্ছে। তাই যোগ্যও শিক্ষিত ব্যক্তিকেই দলের একক প্রার্থী ঘোষণা করা হবে। তিনি বলেন, উপজেলা আওয়ামী লীগ প্রতিটি ইউপি থেকে দলের একক প্রার্থী নির্বাচন করে জেলা কমিটির কাছে পাঠাবে। তাতে সমস্যা দেখা দিলে একক প্রার্থী মনোনয়নের জন্য প্রার্থীদের তালিকা কেন্দ্রে পাঠানো হবে। কেন্দ্র যাচাই-বাছাই করে একক প্রার্থী ঘোষণা দেবে।
জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী বলেন, ইউপি নির্বাচনে বিএনপি অংশ নেবে। কক্সবাজারের যে ১৯টি ইউনিয়নে নির্বাচন হচ্ছে-তার সবকটি ইউনিয়ন বিএনপির ঘাঁটি। প্রতিটি ইউনিয়নের জন্য একক প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। সময়মতো সেই তালিকা ঘোষণা করা হবে।