* ব্যায়াম শরীরের জন্য উপকারী। আমরা জানি, হাঁটা ব্যায়ামের অন্যতম অংশ। যাঁরা ধর্মঘট ডেকেছিলেন, তাঁরা আসলে মানুষের ভালোই চেয়েছিলেন। জনগণকে পায়ে হাঁটিয়ে দূরদূরান্তে যাওয়ার নেপথ্যে ছিল ব্যায়াম করানোর উদ্দেশ্য। এতে জনগণের উপকারই হয়েছে।
* কদিন আগে দেশের অন্যতম খবর ছিল গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি। গণপরিবহনগুলোর মধ্যে বেশির ভাগই এখন গ্যাসে চলে। ধর্মঘট না ডাকলে মানুষ গাড়িতে চলাফেরা করত। এতে করে গ্যাসেরও অপচয় হতো। মিতব্যয়ী ও দেশ নিয়ে চিন্তিত মানুষেরা দুদিনের ধর্মঘট ডেকে গ্যাসের অপচয় রোধ করে গ্যাসের দাম নাগালে আনতে চেয়েছিলেন।
* মূলত পরিবহন ধর্মঘটের পেছনে রিকশাওয়ালা ও সিএনজিচালিত অটোরিকশাওয়ালাদের হাত ছিল। তাঁরা যাত্রীদের কাছ থেকে পাওনা ভাড়া নিয়ে সন্তুষ্ট ছিলেন না। নিজেদের দাম বাড়াতে এবং যাত্রীদের কাছে তাঁদের প্রয়োজনীয়তা বাড়াতে ধর্মঘটের নেপথ্যে নেতৃত্ব দিয়েছিলেন।
* গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নতুন রেকর্ড করার উদ্দেশ্যে সবাই দূর গন্তব্যে হেঁটে যাত্রা করেছিল। কিন্তু বাংলাদেশের প্রচারমাধ্যমগুলো এটাকে ধর্মঘট বলে চালিয়ে দিয়েছে।
* এটা ছিল হিন্দি সিরিয়াল বন্ধের বিরুদ্ধে নীরব প্রতিবাদ। পরিবহনশ্রমিকেরা নন, বরং সচেতন বাংলাদেশিরাই সব ধরনের গণপরিবহন বর্জন করে হেঁটে গন্তব্যে যেতে চেয়েছিলেন প্রতীকী প্রতিবাদস্বরূপ!
* পরবর্তী অলিম্পিকের প্রস্তুতি হিসেবে সবাইকে দৌড়ানোর চর্চা হিসেবে এই কাজ করা হয়েছিল। ধারণা করা হচ্ছে, বাংলাদেশের এমন বিচ্ছিন্ন ঘটনা থেকেই আমরা পেতে পারি পরবর্তী উসাইন বোল্ট!
* বাংলাদেশ রেলওয়েকে জনপ্রিয় করে তুলতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছিল। বাঁশ দিয়ে রেললাইন বানানোর পর অনেক যাত্রীই ট্রেনের ওপর আগ্রহ হারিয়ে ফেলে। তাদেরকে আবার ট্রেনমুখী করতেই এমন আয়োজন।
* গত কয়েক দিনের সঞ্চিত ভাড়ার টাকা মানুষের ব্যক্তিগত জীবনে উন্নতির চাবিকাঠি হিসেবে কাজ করবে। আর ব্যক্তির উন্নয়ন মানে দেশের উন্নয়ন। প্রকৃতপক্ষে দেশের অর্থনীতির চাকা সমৃদ্ধিশালী করতে এমন যুগান্তকারী ধর্মঘটের আয়োজন করা হয়েছিল।
* দেশের অন্যতম ঐতিহ্য ঘোড়ার গাড়ি, গরুর গাড়ি। দুঃখজনক হলেও সত্য, প্রযুক্তির কল্যাণে আমরা এসব ঐতিহ্য ভুলতে বসেছি। এসব ঐতিহ্যের কথা আমাদের মনে করিয়ে দিতেই বাস-ট্রাক বন্ধ ছিল। তা ছাড়া আমরা জানি, বাংলাদেশ নদীমাতৃক। অথচ আমরা নদীগুলোর সদ্ব্যবহার করছি না। আমরা জানিই না যে শুধু বাস দিয়ে নয়, নৌকায় করেও আমরা গন্তব্যে পৌঁছাতে পারি। এই ধর্মঘট আমাদের সেটাই মনে করিয়ে দিয়েছে।
* গোপন সংবাদের ভিত্তিতে জানা গেছে, বাংলাদেশের অভ্যন্তরীণ বিমানসেবা আরও উন্নত করার প্রথম পদক্ষেপ এটা। একসময় আমাদের সাধারণ যাত্রীদের কাছে বাসের চেয়ে বিমানই জনপ্রিয়তা পাবে—এমনটাই চেয়েছেন ধর্মঘট আহ্বানকারীরা।