সম্মানই এখন তাঁদের কাছে বড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমার মা যাত্রাপালায় অভিনয় করতেন। আমি কখনই আমার বাবাকে দেখিনি। তবে ছোটবেলা থেকে মাকে প্রতিদিনের খাবারের জন্য যুদ্ধ করতে দেখেছি। যে যুদ্ধে বেঁচে থাকা ছিল কঠিন।’ কুসুম ( ছদ্মনাম) যখন একটু বড়, খেয়াল করলেন তাঁর মাকে সবাই ভাবেন যৌনকর্মী। এই অপবাদ থেকে বাদ যেতেন না কুসুম নিজেও। সেই কুসুমকেই যে যৌনকর্মীর কাজ করতে হবে কে জানত!

বিয়ের পর নেশাগ্রস্ত স্বামীর নির্যাতন থেকে বাঁচতে একদিন সন্তানকে নিয়ে পালিয়ে যান তিনি। নানা পথ ঘুরে একসময়ে যৌনকর্মীর কাজই বেছে নিতে হয়েছিল। ছোটবেলা থেকে যে অপবাদ নিয়ে বেড়ে উঠেছেন, সেখানেই কাজ করতে থাকেন তিনি। একসময়ে শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে পড়েন কুসুম। সিদ্ধান্ত নেন, এই কাজ আর নয়।

রাজিয়ার গল্প (ছদ্মনাম) শুরু একটি ট্রেনে। বিদ্যালয় থেকে ফিরছিলেন। ট্রেনের অন্য আসনে দেখতে পান কয়েকজন নারীকে। সাজ ও পোশাক দেখে যাঁদের যৌনকর্মী মনে হয়েছিল তাঁর। কিছু সময় পর হঠাৎ পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে পড়েন ট্রেনে। পুলিশ জানতে চান, সে–ও ওই নারীদের সঙ্গে যাচ্ছেন কি না। রাজিয়া বলেন, ‘ভয় পেয়ে মাথা নাড়িয়ে না বলি। কিন্তু তাতে লাভ হয়নি। অন্য যৌনকর্মীদের সঙ্গে আমাকেও তারা ধরে নিয়ে যায়। তাদের সঙ্গে দুই মাস জেলে ছিলাম।’ এরপর তিনি বাড়ি ফিরে গেলেও পরিবারের কেউ তাঁকে গ্রহণ করেননি। আশ্রয়ের জন্য বাধ্য হয়েই এক যৌনকর্মীর দেওয়া ঠিকানায় চলে যান রাজিয়া। রাজিয়া জড়িয়ে পড়েন নতুন এক জগতে।

ঘুরে দাঁড়ানোর গল্প

তাসলিমা ( ছদ্মনাম) তাঁর অতীত জীবনের কথা মনে করতে চান না। তিনি বলেন, ‘আমার সম্মান আমি ফিরে পেয়েছি। সন্তানদের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করাতে পারছি।’ ১৩ বছর বয়সে বিয়ে হয়ে যায় রোকসানার (ছদ্মনাম)। বিবাহিত অবস্থায় তিনি জড়িয়ে পড়েন যৌনকর্মীর পেশায়। রোকসানা বলেন, ‘একটা সময় আমি বুঝতে পারলাম এই পেশায় কোনো সম্মান নেই। বরং সমাজে তাঁদের চলাফেরা করতে হয় লুকিয়ে।’ বয়স যখন ২০ বছর, রোকসানা তখন বেরিয়ে আসেন ওই পেশা ছেড়ে। স্বামীর সঙ্গে মাঝখানের কয়েক বছর যোগাযোগও ছিল না। কিন্তু এখন সেই স্বামীর সঙ্গে নতুন করে সংসার শুরু করেছেন। তাঁদের আছে এক ছেলে ও এক মেয়ে।

কুসুম, রাজিয়া, তাসলিমা, রোকসানা—এঁদের সবার জীবনের গল্প প্রায় একই রকম। হারিয়ে ফেলা জীবনে তাঁরা আবার ফিরে এসেছেন শক্তভাবে। কিন্তু কী করছেন তাঁরা এখন? এই ফিরে আসার শক্তি কোথায় পেলেন তাঁরা? চারজন নারীর উত্তরই এক। একটি অলাভজনক ব্যবসা প্রতিষ্ঠান প্রকৃতি। যারা তাঁদের মতো এমন অসংখ্য নারীর জীবনকে নতুন করে দেখার ব্যবস্থা করে দিয়েছে। চাকরি করে উপার্জনের ব্যবস্থা করে দিয়েছে।

প্রকৃতি একটি ব্যবসাপ্রতিষ্ঠান কিন্তু অলাভজনক। এই নারীদের সুবিধা দেওয়াই তাদের মূল লক্ষ্য। নারী কর্মীদের সব সুবিধা বুঝিয়ে দেওয়ার পরই নিজেদের মুনাফা নিয়ে ভাবে তারা। মূলত পবিত্রা নামের একটি এনজিও এমন যৌনকর্মীদের পুনর্বাসনের কাজ করে থাকে। আর প্রকৃতি এই নারীদের স্বাভাবিক জীবনে ফিরতে বিকল্প কাজের সুযোগ করে দেয়।

প্রকৃতির মানবসম্পদ ও প্রশাসনিক কর্মকর্তা শুভ দাস বলেন, এই প্রতিষ্ঠানের উৎপাদন বিভাগে শতভাগই নারী কর্মী। তবে সবাই আগে যৌনকর্মী ছিলেন এমন নয়। ওই জীবন থেকে ফেরা নারীদের মানসিক অবস্থা থাকে খুব ভীতিকর। তাই প্রথম এক বছর তাঁদের স্বাভাবিক জীবনে আনার চেষ্টাই বেশি করা হয়। এরপর হাতে তৈরি সাবান ও পুনর্ব্যবহারযোগ্য উপাদান দিয়ে তৈরি পণ্য বানানোর প্রশিক্ষণ দেওয়া হয়। যেহেতু এই পণ্যগুলো বিদেশেও সরবরাহ করা হয়, তাই নারী কর্মীদের যথাযথ প্রশিক্ষণ দরকার পড়ে।

কথা বলে জানতে পারি, তাসলিমা প্রকৃতিতে কাজ করছেন ২০০৯ সাল থেকে। রোকসানা আছেন ২০১০ সাল থেকে। দক্ষতা না থাকায় প্রথম দিকে মাসে এক থেকে দেড় হাজার টাকা আয় করতেন তাঁরা। এখন মাসে ১০ থেকে ১৫ হাজার টাকা আয় করেন। হাতে তৈরি সাবানসহ তাঁদের হাতে বানানো প্রকৃতির শত শত পণ্য দেশ ও দেশের বাইরে বিক্রি করা হয়। দেশি এসব পণ্যের চাহিদা দিন দিন বাড়ছে। সেই সঙ্গে নিজেদের কাজের প্রশংসা পাচ্ছেন রোকসানারা। তবে তাঁরা মনে করেন, এখান থেকে পাওয়া সবচেয়ে বড় উপহার হচ্ছে সম্মান। মাথা উঁচু করে নিজের পেশা নিয়ে গর্বের সঙ্গে কাজ করে যাচ্ছেন তাঁরা।