সম্মাননা পেলেন আট কৃতী শিল্পী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি খালি গ্লাসের ওপর থেকে ধীরে ধীরে পানি ঢালা হচ্ছে। আপাতদৃষ্টিতে এটা তো খুবই সাধারণ ঘটনা। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে, পানি গ্লাসে পড়েই জমাট বেঁধে বরফ হয়ে যাচ্ছে। এভাবেই খুদে জাদুশিল্পী বিজেন্ত্রী বসাক উপস্থিত দর্শকদের তাক লাগিয়ে দেয়। এই জাদুর মাধ্যমেই ১৮ সেপ্টেম্বর থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে সন্ধ্যায় শুরু হয় শিশু-কিশোরদের অনুষ্ঠান সাঁঝের বেলায়। এটি আনন্দ সাংস্কৃতিক অঙ্গনের ৬৪তম প্রযোজনা। জাদুর পর বেহালার সুরে মুগ্ধ করে ইন্দ্রনীল দত্ত। এরপর একে একে চলতে থাকে শিশু-কিশোরদের প্রতিভাবান পরিবেশনা। শর্মিষ্ঠা গেয়ে শোনায় ‘রোদন ভরা এ বসন্ত’, নীল ময়ূরী পরিবেশন করে ‘তুমি কেমন করে গান কর’। নজরুলের ‘মানুষ’ কবিতা আবৃত্তি করে ইশরাফ শাহরিয়া। আধুনিক গান করে মাশফিক মিজান। সমীরন বড়ুয়া আবৃত্তি করে ‘আমি হব সকাল বেলার পাখি’। নাচ-গানের মাধ্যমে নিমেষেই সন্ধ্যা গড়িয়ে রাত নামে। শিশু-কিশোরদের এই রঙিন অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন বিজেন্ত্রী বণিক। ১৯ সেপ্টেম্বর ছিল আনন্দ সাংস্কৃতিক অঙ্গনের ৬৫তম আয়োজন চট্টগ্রাম তথা বাংলাদেশের বিশিষ্ট কণ্ঠশিল্পীদের সম্মাননা প্রদান ও সংগীতানুষ্ঠান। সম্মাননা পেলেন শিল্পী আবদুল মান্নান রানা, নাজমুল আবেদিন, আলমগীর আলাউদ্দিন, মো. মোস্তফা কামাল, সাইফুদ্দিন মাহমুদ খান, বাণী কুমার চৌধুরী, অশোক সেনগুপ্ত, উত্তম কুমার। সাংবাদিক এম নাসির উল হক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মাননাপ্রাপ্তদের হাতে ক্রেস্ট তুলে দেন। এর আগে স্বাগত বক্তব্য দেন সংগঠনের পরিচালক লিটন মিত্র। শিল্পীরা অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, ‘আমাদের জীবিত অবস্থায় যে সম্মাননা দেওয়া হচ্ছে, এটা অনেক বড় পাওয়া। মৃত্যুর পর এক কোটি টাকা পাওয়ার চেয়ে জীবিত অবস্থায় এক লাখ টাকা পাওয়া বড় ব্যাপার।’ শিল্পীরা প্রত্যেকেই দুটি করে গান করেন এবং দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। আবদুল মান্নান রানা গেয়ে শোনান ‘আঁরা চাটগাঁইয়া’ এবং চলচ্চিত্রের জনপ্রিয় গান ‘চিঠি এল জেলখানাতে’। নাজমুল আবেদিন গেয়ে শোনান ‘সেদিনের সোনার...’, আলমগীর আলাউদ্দিন শোনান তাঁর মৌলিক গান ‘ভালোবাসা যত বড়’, সাইফুদ্দিন মাহমুদ গেয়েছেন ‘তোমাকে পেয়ে আমি, ‘বেদনা মধুর হয়ে যায়’। মো. মোস্তফা কামাল পরিবেশন করেন ‘যখন পড়বে না মোর পায়ের চিহ্ন’। সম্মাননা প্রদানের অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন কবি কামরুল হাসান।