সম্মাননা পেলেন নারী চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টরা

৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে দি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) সদস্য সম্মেলনে সম্মাননা প্রদান করা হয় বাংলাদেশের পথিকৃৎ নারী চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের।
অনুষ্ঠানে বাংলাদেশে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্সিতে নারী-পুরুষ সমতাবিষয়ক একটি গবেষণাপত্র প্রকাশিত হয়। সেটি উপস্থাপন করেন গবেষক জাভেদ সিদ্দিকী। সেখানে উঠে এসেছে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্সিতে বিভিন্ন উদ্যোগ নেওয়া সত্ত্বেও উল্লেখযোগ্য সংখ্যক নারীরা এ পেশায় আসছেন না। তবে যাঁরা এসেছেন, তাঁরা তাঁদের পুরুষ সহকর্মীদের চেয়ে যোগ্যতায় পিছিয়ে নেই। এ অবস্থা থেকে উত্তরণের জন্য গবেষক দিয়েছেন কিছু পরামর্শ।
অনুষ্ঠানে সম্মাননা প্রদান করা হয় আইসিএবির প্রথম নারী চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট সুরাইয়া জান্নাত খান, আইসিএবির প্রথম নারী কাউন্সিল সদস্য ও সভাপতি পারভীন মাহমুদ এবংপ্রথম ‘প্র্যাকটিসিং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট’ আক্তার সানজিদা কাশেমকে।এছাড়া চার্টার্ড অ্যাকাউন্ট্যান্সিতে বাংলাদেশের নারীদের অংশগ্রহণের পেছনে বিশেষ অবদান রয়েছে এমন ব্যক্তিবর্গ ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সম্মানিত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম। আইসিএবির সভাপতি শওকত হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
সম্মাননাপ্রাপ্ত পারভীন মাহমুদ বলেন, ‘আজকাল এ পেশায় নারীর সংখ্যা আগের তুলনায় বেড়েছে। তবে অনেক ক্ষেত্রেই দেখা যায়, নারীরা তাঁদের যোগ্য মর্যাদা নিয়ে কাজ করতে পারছেন না। তবে আমাদের নারীরা অনেক বেশি আত্মবিশ্বাসী।’