চট্টগ্রামের নৃত্যশিল্পী প্রমা অবন্তীকে কলকাতার পৌষালী মুখার্জী ডান্স একাডেমি সম্মাননা প্রদান করেছে। কলকাতার জ্ঞানমঞ্চে গত ১৮ জুন সন্ধ্যায় তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেন একাডেমির পরিচালক ওড়িষী নৃত্যগুরু পৌষালী মুখার্জী। ওড়িষী নৃত্যে বিশেষ অবদানের জন্য তাঁকে এই সম্মাননা জানানো হয়।সম্মাননা প্রদান অনুষ্ঠানে পৌষালী মুখার্জি বলেন, ‘বাংলাদেশে ওড়িষী নৃত্যের প্রচার, প্রসার ও জনপ্রিয়তার জন্য প্রমা অবন্তীর ভূমিকা প্রশংসনীয়। অনুষ্ঠানে প্রমার গড়া প্রতিষ্ঠান ‘ওড়িষী অ্যান্ড টেগোর ডান্স মুভমেন্ট সেন্টারের’ সদস্যরা নৃত্য পরিবেশন করেন। নৃত্যশিল্পী প্রমা অবন্তী রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে বি,এ (অনার্স) ও এম.এ পরীক্ষায় প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেন। তিনি এই বিশ্ববিদ্যালয় থেকে চন্ডিগড় বৃত্তি ও উদয় শংকর বৃত্তিও লাভ করেন। ভুবনেশ্বরের বেলুচরণ মহাপাত্রের ‘সৃজনী’ প্রতিষ্ঠানে ওড়িষী নৃত্যের ওপর তিনি পাঁচ বছর তালিম নেন । উল্লেখ্য, পৌষালী মুখার্জী ডান্স একাডেমির উদ্যোগে এ বছর কলকাতায় আয়োজিত নৃত্যমেলায় প্রমা অবন্তীকে এ সম্মাননা জানানো হয়। দুই বছর অন্তর অনুষ্ঠিত এ নৃত্যমেলায় ভারতবর্ষের বিভিন্ন প্রদেশ ছাড়াও কানাডা, অস্ট্রেলিয়া, আমেরিকা ও লন্ডনের ওড়িষী নৃত্যশিল্পীরা অংশ নেন।