সম্মাননা পেলেন রাঙামাটির তিন সাংস্কৃতিক ব্যক্তিত্ব

বিঝু-সাংগ্রাই-বৈসুক-বিষু-বিহু উপলক্ষে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন জুম ইসথেটিকস কাউন্সিল (জাক) তিন বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান করেছে। এ উপলক্ষে ৭ এপ্রিল সন্ধ্যায় রাঙামাটি শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সম্মাননা পাওয়া ব্যক্তিরা হলেন সাহিত্যে (মরণোত্তর) মহেন্দ্র লাল ত্রিপুরা, সংগীতে মনোজ বাহাদুর গুর্খা ও অভিনয়ে প্রীতিশ কান্তি দেওয়ান। এ তিন গুণীজনকে নিজ নিজ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য এ সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাকের সভাপতি মিহির বরণ চাকমা। প্রধান অতিথি ছিলেন শিক্ষাবিদ মংসানু চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য নিরূপা দেওয়ান।
অনুষ্ঠানে সম্মাননা পাওয়া প্রীতিশ কান্তি দেওয়ান ও মনোজ বাহাদুর গুর্খা নিজেদের শিল্পচর্চা নিয়ে অনুভূতি প্রকাশ করেন। এ ছাড়া প্রয়াত মহেন্দ্র লাল ত্রিপুরার ছেলে ঝিনুক ত্রিপুরাও তাঁর বাবার কাজ নিয়ে আলোচনা করেন। পরে জাক ও মোনঘর আবাসিক বিদ্যালয়ের শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে সম্মাননা পাওয়া ব্যক্তিদের পরিচিতি তুলে ধরেন রনেল চাকমা। তিনি বলেন, ত্রিপুরা ভাষায় অনেক জনপ্রিয় গানের রচয়িতা মহেন্দ্র লাল ত্রিপুরা স্থানীয় জনমানুষের ভাষা–সংস্কৃতিকে তুলে ধরেছেন। মনোজ বাহাদুর গুর্খা চাকমা সংগীতজগতে বিশেষ স্থান করে নিয়েছেন। চাকমা গানের পাশাপাশি তিনি বহু গুতর্খা ও বাংলা গান লিখেছেন ও সুর দিয়েছেন।