সম্মিলিত চিৎকার কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুৎকেন্দ্র স্থাপনের মাধ্যমে সুন্দরবনের ক্ষতি সহ্য করা হবে না বলে হুংকার দিয়েছেন সুন্দরবনের সভাপতি রয়েল বেঙ্গল টাইগার। গতকাল হিরণ পয়েন্টে অনুষ্ঠিত বিশাল পশুসভায় এ হুংকার দেন তিনি। পশুসভায় সর্বস্তরের পশুপাখি সক্রিয়ভাবে অংশগ্রহণ করে সুন্দরবনে বিদ্যুৎকেন্দ্র স্থাপনের প্রতিবাদে মুখর হয়ে ওঠে।
সমাবেশের শুরুতেই বিদ্যুৎকেন্দ্র স্থাপনের প্রতিবাদে এক মিনিট সম্মিলিত চিৎকার কর্মসূচি পালন করা হয়। এ সময় বিভিন্ন পশুপাখির সম্মিলিত চিৎকারে প্রকম্পিত হয়ে ওঠে পুরো সমাবেশস্থল। তবে চিৎকার কর্মসূচির আধঘণ্টা পর আচমকা চিৎকার করে ওঠে গন্ডার সম্প্রদায়। এতে সাময়িকভাবে সমাবেশ বাধাগ্রস্ত হয়। এরপর বিভিন্ন পশুপাখি নেতাদের বক্তৃতার পর মঞ্চে আসেন সভাপতি টাইগার। তিনি অবিলম্বে বিদ্যুৎকেন্দ্র আমাজন বা অন্য কোথাও স্থাপন করার জোর দাবি জানান। টাইগার বলেন, ‘শুধু বিদ্যুৎকেন্দ্র কেন, কোনো ধরনের কেন্দ্রই সুন্দরবনে হতে দেওয়া যায় না। আরও অনেক বন আছে, সেখানে কেন্দ্রফেন্দ্র যা ইচ্ছা করুন। হালুম!’ তিনি বনের ৫০০ বাঘ, ৩০ হাজার হরিণ এবং অন্য পশুপাখিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। সবাইকে চোখ-কান খোলা রেখে সতর্ক থাকতেও বলেন। সাপের যেহেতু কান নেই, তাই তাদের জিব খুলে সতর্ক থাকার আহ্বান জানান সভাপতি।