‘স্বপ্ন নিয়ে’ পাতায় এভারেস্ট-যাত্রা এবং এর প্রস্তুতির কাহিনি ধারাবাহিকভাবে লিখছেন এভারেস্ট বিজয়ী প্রথম বাংলাদেশি মুসা ইব্রাহীম। আসুন, তাঁর কাছ থেকে জেনে নেওয়া যাক দুঃসাহসিক সে অভিযানের পুঙ্খানুপুঙ্খ বিবরণ।এ সময়ে আমেরিকান জন গডার্ড আমার চিন্তা-চেতনায় একেবারে মিশে গেছে। তাঁর একটা উক্তি মনে পড়ছিল—‘সাহস করলেই কাজটা করা হয়, আর ভয় পেলে হার’ (টু ডেয়ার ইজ টু ডু, টু ফিয়ার ইজ টু ফেইল)। তাঁর কথা হলো অ্যাডভেঞ্চারের পেছনে ছুটলে তাতে মজা আছে, উত্তেজনা আছে। কিন্তু প্রকৃত চ্যালেঞ্জ হলো যেকোনো জিনিস অর্জন করার উদ্দেশ্যে সত্যকে, বাস্তবতাকে বুঝতে পারা, এটাই নতুন কাজে মুখ্য ব্যাপার। আর অ্যাডভেঞ্চার উপভোগ করা যায়, কিন্তু তা গৌণ বিষয়।তার এ কথাগুলো অনুধাবন করেছিলাম অন্নপূর্ণা ফোর পর্বতাভিযানের জন্য প্রয়োজনীয় অর্থ জোগাড় করতে গিয়ে। আমাদের জন্য অর্থ জোগাড় করতে পারাটাই ছিল মূল চ্যালেঞ্জ। অর্থ জোগাড় হলে তো চারজনের দলও হবে, অন্নপূর্ণা ফোর পর্বতাভিযানও করা যাবে। খুবই নিখাদ বাস্তবতা। সংগঠনের সবাইকে বিষয়টি বুঝিয়ে অর্থ জোগাড়ের জন্য মাঠে নেমে পড়লাম।সারা দিন পিঠে থাকত প্রায় দশ কেজি ওজনের একটা ব্যাগ। বিভিন্ন প্রতিষ্ঠানে মাঝেমধ্যেই স্পনসরের কাগজপত্র নিয়ে দৌড়াদৌড়ি করতে হতো। তাই ল্যাপটপসহ পুরো একটা অফিস বহন করতে হতো এই ব্যাগে। এ জন্যই এত ওজন। আর এর সঙ্গে নিজেকে মানিয়ে নিয়েছি বহু আগেই। এমন ব্যাগ বহনের ব্যাখ্যা অনেকেই দিতেন এভাবে—বুঝেছি, এভারেস্ট-যাত্রার প্রস্তুতি চলে সারা দিন ধরেই।এ সময় বিভিন্ন প্রতিষ্ঠানে যখন যেতাম, অনেকেই বলতেন, পর্বতারোহণ অভিযানে যে যাচ্ছেন, শুধু টাকা-পয়সার খরচ। তাঁদের তখন বলতাম, দেখুন তাহলে তো দেশ থেকে খেলাধুলা, বিনোদন সবকিছু উঠিয়ে দিতে হয়। আরও বলতাম, মানুষ শুধু কাজ করবে, এমন জীবন কি আপনি চান? জবাবে উদ্ভট কিছু প্রসঙ্গের অবতারণা করে তাঁরা ফের প্রশ্ন করতেন, কেন যেতে চাচ্ছেন, এখানে তো অনেক বিপদ, অনেক ঝুঁকিপূর্ণ এই পর্বতারোহণ? আপনার তো মৃত্যুও হতে পারে! তখন তাঁদের বলতাম, আচ্ছা, আপনি যে প্রতিদিন বাসা থেকে অফিসে আসেন, এ সময় যে আপনার মৃত্যু হতে পারে, এটা কি কখনো ভেবে দেখেছেন? সেই ভয়ে কি আপনি অফিসে আসা বন্ধ করেন? বিস্ময়ের তখনো কিছু বাকি! তাঁরা ফের বলতেন, কিন্তু এই যে অন্নপূর্ণা ফোর পর্বতাভিযানে যাবেন, এতে লাভ কী? এবার আর উত্তর দেওয়ার মতো কোনো কথা খুঁজে পেতাম না। শুধুই মনে হতো, একটা জাতি হিসেবে আমরা মানসিকভাবে কতখানি দেউলিয়া! পর্বতারোহণেও যে মানুষের কিছু অর্জন হতে পারে, এটাও যে তরুণসমাজকে বদলে দেওয়ার এবং তাদের আত্মবিশ্বাসী করে তোলার একটা মাধ্যম হতে পারে, এমন চিন্তা-ভাবনা করার মানুষ কি আদৌ আমাদের দেশে নেই? এই প্রশ্ন তাড়িয়ে নিয়ে বেড়াত নর্থ আলপাইন ক্লাব বাংলাদেশ সংগঠনের সবাইকে।অন্নপূর্ণা ফোর পর্বতাভিযানে চারজনের দলের জন্য প্রায় ৩৬ লাখ টাকা প্রয়োজন। কিন্তু এত বিশাল অঙ্কের অর্থ কে দেবে? এমন চিন্তায় লাংসিসা রি অভিযানের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে স্পনসর খোঁজার ব্যাপ্তি আরও বাড়ানো হলো। একটা জিনিস এ সময় বেশ বুঝতে শিখেছি, কোনো বিষয়ে ‘না’ বলার বিদ্যাটা আমরা বেশ সহজাতভাবে রপ্ত করেছি। আর ‘না’ বলার ক্ষেত্রে মাঝেমধ্যেই নতুনত্ব এসে হাজির হতো। লাংসিসা রি পর্বতাভিযানের আগে স্পনসর খোঁজার সময় সবাই বলতেন যে প্রতিষ্ঠানটা নতুন, এ কারণে স্পনসর করা কঠিন। আর অন্নপূর্ণা ফোর অভিযানের আগে অর্থনৈতিক মন্দা এবং মাত্রই নতুন সরকার ক্ষমতায় এসেছে জানিয়ে অনেকেই আর্থিক সহায়তা করা থেকে বিরত থাকলেন। সকাল থেকে বিকেল—পুরো দিন দুই-তিনটা করে প্রতিষ্ঠানে গিয়ে এনএসিবির সদস্যরা আর্থিক সহায়তা চেয়ে ধরনা দিতাম। অসম্ভব মনে হলেও তা একবার পরখ করে দেখতে চাইতাম যে কেউ সত্যিই ফিরিয়ে দেয় কি না। সেই পুরোনো চেহারা। লাংসিসা রি পর্বতাভিযানের আগে যেমন বিভিন্ন প্রতিষ্ঠানে ঘোরাই সার হতো, এমন দিনের পর দিন ঘটেছে অন্নপূর্ণা ফোর পর্বতাভিযানের আগেও।এ সময় কল্পনা করতে ভালো লাগত যে তিন থেকে চারটি প্রতিষ্ঠানের স্পনসর পেলেই তো হয়ে যায় এবং এমন কিছু প্রতিষ্ঠান এভারেস্ট অভিযানকে সামনে রেখে হয়তো সত্যিই একদিন অন্নপূর্ণা ফোর পর্বতাভিযান স্পনসর করতে এগিয়ে আসবে। আর এভাবেই হয়তো চূড়ান্ত অভিযানের জন্য প্রয়োজনীয় অভিজ্ঞতা অর্জন করতে পারব।কিন্তু এসব কল্পনাই সার। বাস্তবতা খুবই কঠিন। তবে মনের মধ্যে জেদ বারবার তেড়েফুঁড়ে ওঠে। আমাকে পারতেই হবে। এই অন্নপূর্ণা ফোর পর্বতাভিযান আয়োজন করতে গিয়েই যদি হেরে যাই, তাহলে এভারেস্ট অভিযান আয়োজন করব কীভাবে?সবার পরামর্শে এবার প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের শরণাপন্ন হলাম। তাঁকে গিয়ে পরিস্থিতি ব্যাখ্যা করার পর শুরুর দিকে সম্ভাবনা ও সম্ভাব্যতা—দুটোই যাচাই করার কথা বললেন। বুঝতে পারছিলাম তিনি আমাকে পরখ করতে চাইছেন। আমার ইচ্ছার গভীরতা বুঝতে চাইছেন। আর যখন তাঁকে বোঝাতে সক্ষম হলাম যে এভারেস্ট অভিযান ২০১০ সালের মধ্যেই করা সম্ভব, তিনি আমার মনের দৃঢ়তা দেখে কোন কোন প্রতিষ্ঠান স্পনসর করতে পারে, তার একটা তালিকা বানানোর পরামর্শ দিলেন। আর এক সন্ধ্যায় তিনি জানালেন যে কয়েকটি প্রতিষ্ঠান এই পর্বতারোহণ অভিযানে স্পনসর করতে আগ্রহী। কিন্তু পর্বতারোহণ বিষয়টি কী, এখানে কোন কোন বিষয়-আশয় জড়িত, আমাদের দেশে তা এখনো মানুষ তেমনভাবে জানে না। সুতরাং আমার এমন কিছু করা উচিত, যাতে সবাই পর্বতারোহণ সম্পর্কে জানতে পারে এবং স্পনসর করতে এগিয়ে আসে।[email protected]বাকি অংশ আগামী পর্বে