অটিস্টিক শিশুদের কল্যাণে প্রয়োজন
সম্মিলিত প্রচেষ্টা, সামাজিক সচেতনতা প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বক্তারা
অটিস্টিক সন্তানের জন্য কল্যাণমূলক কাজ এককভাবে কোনো সরকার বা ব্যক্তির পক্ষে সম্ভব নয়। এর জন্য প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা, সামাজিক সচেতনতা। ৮ জুলাই অটিস্টিক চিলড্রেন ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার সেন্টার, চট্টগ্রামের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।এ উপলক্ষে সকালে কাতালগঞ্জ বিদ্যালয় মিলনায়তনে আয়োজন করা হয় শিশু সমাবেশ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা। সংগঠনের সভাপতি এস এম আক্তারুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রথম আলোর সহযোগী সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আবু সুফিয়ান। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রামের ওষুধ তত্ত্বাবধায়ক আক্তার হোসাইন। সুজিত কুমার দত্তের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক ঝুলন কুমার দাশ। বক্তব্য দেন ডা. বাসনা মুহুরী, মো. তৌফিকুল ইসলাম, ডা. অলক বিশ্বাস, মো. তৌফিকুল আলম, এস এম আলী আকবর, মো. সাদিক, দিলরুবা হাসেম প্রমুখ। প্রধান অতিথি ভবিষ্যতে প্রতিষ্ঠানের যেকোনো কর্মকাণ্ডে সহায়তার আশ্বাস দেন। বিশ্বজিৎ চৌধুরী বলেন, অটিস্টিক শিশুরা পরিবারের লজ্জা বা বোঝা নয়। যথাযথ সেবা, সামাজিক সহযোগিতা, প্রশিক্ষণ ও শিক্ষা পেলে এরা মানব সম্পদে পরিণত হবে। তিনি শিশুদের কল্যাণে এগিয়ে আসার জন্য বিবেকবান মানুষদের প্রতি আহ্বান জানান। পরে অতিথিরা শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। বিজ্ঞপ্তি।