বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র থেকে প্রতিদিন ছয় ঘণ্টা অনুষ্ঠান সম্প্রচারের দাবির সঙ্গে একাত্মতা জানিয়েছেন নগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী। তিনি বলেন, চট্টগ্রাম কেন্দ্র থেকে ছয় ঘণ্টা অনুষ্ঠান সম্প্রচার এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি।
গত রোববার নগরের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় জিইসি কার্যালয়ে শিল্পীদের সংগঠন সম্মিলিত শিল্পীসমাজের সঙ্গে মতবিনিময় ও ইফতার অনুষ্ঠানে মহিউদ্দিন চৌধুরী এসব কথা বলেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ডিন সেকান্দর হোসাইন, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম, সাধারণ সম্পাদক এম এ সালাম, মুক্তিযোদ্ধা মো. ইউনুছ, এম এন ইসলাম, সাংবাদিক প্রদীপ খাস্তগীর প্রমুখ।
অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন পঙ্কজ বৈদ্য।
শিল্পীদের নানা সমস্যা তুলে ধরেন সংগঠনের সাধারণ সম্পাদক ফরিদ বঙ্গবাসী। অনুষ্ঠানে শিল্পীদের মধ্যে উপস্থিত ছিলেন এম এম নজরুল ইসলাম, সঙ্গীত আচার্য, দীপেন চৌধুরী, মুন্না ফারুক, স্বপন কুমার দাস, আলমগীর আলাউদ্দিন, দিলীপ হোড়, দিদারুল ইসলাম, নুরুল ইসলাম, মায়া চৌধুরী, গীতা আচার্য প্রমুখ। বিজ্ঞপ্তি।