সম্মেলনের আগেই সভাপতি, সম্পাদক চূড়ান্ত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীঘিনালায় বিএনপির সম্মেলনের আগেই সভাপতি ও সাধারণ সম্পাদকের পদ চূড়ান্ত হয়ে গেছে। ৪ সেপ্টেম্বর উপজেলার সম্মেলন প্রস্তুতি নিয়ে খাগড়াছড়ি জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত ৈবঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। একই বৈঠকে যুগ্ম সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের পদও চূড়ান্ত করা হয়। এ নিয়ে তৃণমূলের নেতা-কর্মীদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করলেও প্রকাশ্যে কেউ কিছু বলছেন না। তাঁদের অভিযোগ, সাবেক সাংসদ ওয়াদুদ ভূঁইয়ার পছন্দের নেতাদের পদ পাওয়ার পথ সুগম করতে এই পন্থা অবলম্বন করা হয়েছে। চলতি মাসের মাঝামাঝি অথবা শেষ দিকে উপজেলার সম্মেলন হওয়ার কথা রয়েছে।
দলীয় সূত্র জানায়, ৪ সেপ্টেম্বর জেলা কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে উপজেলা বিএনপির বর্তমান সভাপতি মোসলেম উদ্দিনকে সভাপতি, বর্তমান সহসভাপতি শফিকুল ইসলামকে সাধারণ সম্পাদক, আবদুর রহিমকে যুগ্ম সম্পাদক ও বর্তমান সহসাংগঠনিক সম্পাদক নুরুল আবছারকে সাংগঠনিক সম্পাদক হিসেবে চূড়ান্ত করা হয়।
উপজেলা বিএনপির সভাপতি মোসলেম উদ্দিন এর সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ‘মূলত আমার কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় আমাকে আবার সভাপতি পদে রাখা হচ্ছে। যে চারটি পদ চূড়ান্ত হয়েছে, সবই নেতা-কর্মীদের সঙ্গে সমঝোতার ভিত্তিতে। অন্য পদগুলো সম্মেলনের মাধ্যমে নির্ধারণ করা হবে। এ মাসের মাঝামাঝি অথবা শেষ দিকে সম্মেলন সম্পন্ন করা হবে।’
নাম প্রকাশ না করার শর্তে বিএনপির কয়েকজন নেতা-কর্মী বলেন, মূলত ওয়াদুদ ভূঁইয়ার পছন্দের লোকদের কমিটিতে রাখা হচ্ছে। চারটি পদে যাঁদের নাম চূড়ান্ত করা হয়েছে, তা–ও ওয়াদুদ ভূঁইয়ার সিদ্ধান্তে। তাঁর কথার অবাধ্য হওয়ার সাহস কোনো নেতার নেই।
এ ব্যাপারে সম্মেলনের দায়িত্বপ্রাপ্ত জেলা বিএনপির পল্লি উন্নয়ন ও সমবায়বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন বলেন, কমিটি গঠনে ওয়াদুদ ভূঁইয়ার কোনো পছন্দ-অপছন্দ ছিল না। যেসব অভিযোগ করা হচ্ছে তা ভিত্তিহীন। সম্মেলনের তারিখ এখনো নির্ধারণ করা হয়নি। সম্পাদকীয় ৩৩টি পদের মধ্যে চারটি পদ চূড়ান্ত হয়েছে। অন্য পদগুলো সম্মেলনে নির্ধারণ করা হবে। কমিটি হবে ১০১ সদস্যের।
দলীয় সূত্র জানায়, দীঘিনালা উপজেলা বিএনপির সম্মেলন হয়েছিল ২০০৯ সালের ৯ নভেম্বর। কমিটি অনুমোদন পায় ১১ নভেম্বর। দুই বছর মেয়াদি কমিটি পার করছে ছয় বছর।