চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল গত ১১ আগস্ট নগরের হামজারবাগ এলাকার একটি সামাজিককেন্দ্রে (কমিউনিটি সেন্টার)। তৃণমূল নেতাদের মতামত নিয়ে দলের নতুন কমিটি ঘোষণার লক্ষ্যে এ সম্মেলন করা হয়েছিল। এক সপ্তাহ পর কেন্দ্র থেকে কমিটি ঘোষণা করার কথা বলে ওই দিন গোপন ভোট নিয়ে চট্টগ্রাম ত্যাগ করেন ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা। কিন্তু দুমাসেও ঘোষণা করা হয়নি কমিটি। এতে প্রার্থীদের মধ্যে দেখা দিয়েছে ক্ষোভ ও হতাশা। জানা যায়, সম্মেলনে জেলা, জেলার আওতাধীন সাত উপজেলা, এক থানা, চার পৌরসভা ও ১৩ কলেজ থেকে ২০৬ জনকে প্রতিনিধি মনোনীত করা হয়। এতে ১৯৬ জন ভোটাভুটিতে অংশ নেন। প্রতিনিধি সম্মেলন নিয়ে জেলা ছাত্রদলের শীর্ষনেতাদের বিরুদ্ধে নানা অভিযোগ করছেন বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা। স্বেচ্ছাচারিতা, কৌশলে শিবির সমর্থকদের পুনর্বাসন, বিভিন্ন উপজেলা-কলেজে পকেট কমিটি গঠনের চেষ্টার অভিযোগ তুলে সাতকানিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মহসীন বলেন, ‘ওই ধরনের কমিটি ঘোষণা করলে ছাত্রদল ক্ষতিগ্রস্ত হবে। আন্দোলন-সংগ্রামে নেতৃত্বসংকটে পড়বে।’ তিনি দাবি করেন, ‘জেলা বিএনপির মূল নেতৃত্বের সঙ্গে যেন সাংঘর্ষিক সম্পর্ক বা দ্বন্দ্ব না হয় সেভাবে কমিটি ঘোষণা করতে হবে।’ জেলা ছাত্রদলের বিদায়ী সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রদলের সদস্য মহসীন চৌধুরী বলেন, ‘দক্ষিণ জেলা বিএনপিতে তীব্র কোন্দল রয়েছে। নিজ লোকদের পদে বসানোর জন্য বিএনপি নেতারা নানাভাবে তদবির (লবিং) চালাচ্ছেন। এতে বেকায়কায় পড়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা।’ জানা যায়, ছাত্রদলের প্রতিনিধি সম্মেলনকে ঘিরে দুধারায় বিভক্ত হয়ে পড়েছে জেলা ছাত্রদল। মূলত জেলা বিএনপির দুই উপদলকে (গ্রুপ) কেন্দ্র করে ছাত্রদলের এ বিভক্তি। এক পক্ষে রয়েছেন জেলা বিএনপির সভাপতি-সাবেক মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক শেখ মহিউদ্দিন। অন্য পক্ষে রয়েছেন সাবেক দুই সংসদ সদস্য সরওয়ার জামাল ও গাজী শাহজাহান। এবারের প্রার্থী জেলা ছাত্রদলের সদস্য শাহনেওয়াজ চৌধুরী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এরই মধ্যে ঢাকায় আসা-যাওয়াসহ নানা কাজে অনেক টাকা খরচ হয়েছে। এভাবে তো ছাত্ররাজনীতি চলে না। গণতান্ত্রিক প্রক্রিয়ায় সম্মেলন হয়েছে। কিন্তু দুমাসেও কমিটি ঘোষণা না করায় তৃণমূলে আমরা নানা প্রশ্নের সম্মুখীন হচ্ছি।’ জানা গেছে, ছাত্রদলের জেলা কমিটির বিভিন্ন পদ পেতে আগ্রহী অন্তত ১০ জন প্রার্থী ঢাকায় যাওয়া-আসার মধ্যে রয়েছেন। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি, সাধারণ সম্পাদক ও বিএনপির চট্টগ্রামের শীর্ষনেতাদের কাছে তাঁরা নিয়মিত ধরনা দিয়ে চলেছেন। ঢাকায় থাকা-খাওয়াসহ আনুষঙ্গিক অনেক অর্থ খরচ করে চলেছেন তাঁরা। সম্মেলনে ভোটাভুটিতে অংশ নেওয়া প্রার্থীরা হলেন, বোয়ালখালী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. আজগর, পটিয়া উপজেলা ছাত্রদলের সভাপতি ও জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি মো. ইসমাইল চৌধুরী, চন্দনাইশের জসিম উদ্দিন, বাঁশখালীর শহীদুল ইসলাম, বোয়ালখালীর মো. আলী, আনোয়ারার লোকমান শাহ, কর্ণফুলী থানার ছালে জহুর ও সাতকানিয়ার এহতেশামুল আজিম। বোয়ালখালী উপজেলার আহ্বায়ক মোহাম্মদ আজগর, মো. আলীসহ কয়েকজনের সঙ্গে কথা বললে এ বিষয়ে তাঁরা মুখ খুলতে রাজি হননি। চন্দনাইশ উপজেলার সাধারণ সম্পাদক জসিম উদ্দিন বলেন, ‘কেন্দ্রের বাইরে তো কথা বলা যাবে না। কেন্দ্র যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নেবে।’ ছাত্রদলের খসড়া গঠনতন্তের ৬:১-এর (খ) ধারামতে, ছাত্ররাই শুধু ছাত্রদলের সদস্য হতে পারবেন। গত ১৭ ফেবু্রয়ারি ছাত্রদলের বর্ধিত সভায় দলীয় প্রধান খালেদা জিয়া বলেছিলেন, ‘ছাত্ররাই ছাত্রদল চালাবে।’ কিন্তু জেলা কমিটির প্রার্থীদের ক্ষেত্রে দেখা যায় বেশির ভাগই অছাত্র, বিবাহিত, সন্তানের জনক, ব্যবসায়ী, ঠিকাদার ও মামলার আসামি।যোগাযোগ করলে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘সাংগঠনিক নানান কাজে ব্যস্ত থাকায় কমিটি ঘোষণা করতে দেরি হয়েছে। এ মাসের শেষ সপ্তাহের দিকে কমিটি ঘোষণা হতে পারে।’বিবাহিত, অছাত্র প্রার্থীদের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘১৮ বছর বয়স হলেই তো আজকালের ছেলেরা বিয়ে করে ফেলে।’ তবে তরুণ প্রজন্মের হাতে নেতৃত্ব তুলে দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি। ছাত্রদলের সর্বশেষ সম্মেলন হয়েছিল ২০০২ সালে দোস্ত বিল্ডিং কার্যালয়ে। ওই সম্মেলনে মহসীন চৌধুরী সভাপতি ও রেজাউল করিম নেছারকে সাধারণ সম্পাদক করে ৮১ সদস্যের কমিটি গঠন করা হয়েছিল।