সম্মোহন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘটনাটা ভয়ংকর। তখন ক্লাস থ্রি কিংবা ফোরে পড়ি। বয়স কতই বা হবে। সাত অথবা আট। জাদুর পোকা তখনই মাথায় কিলবিল করতে শুরু করেছে। দর্শক আমার খেলার সাথিরা। অল্প দু-চারটা ম্যাজিক যা দেখাতে পারি, তাতেই আমি এক ধরনের খুদে হিরো। নারু বাগল নামের আমাদের এক শিশু-বন্ধু সিনিয়র গ্রামবাসী ছিলেন (একাত্তরে তাঁর অতি মর্মান্তিক মৃত্যু হয়)। তিনি আমার মাথায় সম্মোহনের পোকাও ঢোকালেন। তাঁর পরামর্শমতো মোমের আলোর দিকে একপলকে তাকিয়ে থাকার অনুশীলন শুরু করলাম। একে তিনি ‘ত্রাটক সাধনা’ বলতেন। সাধনায় সিদ্ধি কতটুকু হলো, দেখতে ভারি মন চাইছিল। এক বিকেলে দুরু দুরু বুকে খেলার সাথিদের ডাকলাম। সম্মোহনের খেলা দেখাব। সম্মোহন সম্পর্কে ওদের কারও কোনো ধারণাই ছিল না। ‘মিডিয়া’ হতে কে কে রাজি? কেউ না। সবাই সংশয়, ভয় অথবা অবজ্ঞায় তফাতে রইল। অবশেষে আমার বন্ধু নিটুল কর রাজি হলো। কিছুক্ষণ টানা টানা সুরে বলতে লাগলাম, ‘শরীর শিথিল করে দাও। গভীর দম নাও...’ ইত্যাদি। আমি বিস্মিত হয়ে দেখলাম, নিটুল সম্মোহিত হয়ে পড়েছে। তার মাথা শিথিল হয়ে ঝুলে পড়েছে। বললাম, তোমার চোখের পাতা খুব ভারী হয়ে গেছে। এখন শত চেষ্টায়ও খুলতে পারবে না। চেষ্টা করো। যত চেষ্টা করবে, চোখের দুই পাতা তত বেশি শক্ত হয়ে আটকে যাবে। আমি আরও বেশি অবাক হয়ে দেখলাম, প্রাণপণে চেষ্টা চালিয়েও নিটুল তার চোখের পাতা খুলতে পারছে না। খুদে দর্শককুল ভীষণ অবাক হয়ে গেল। আমি একের পর এক বিস্ময়কর কাণ্ড ঘটাতে শুরু করলাম। দর্শকেরা হেসে গড়িয়ে পড়তে লাগল। এবার শেষ পরীক্ষা। আমার ছোট বোন মিনাকে (সেও এখন আর বেঁচে নেই) অনেকগুলো ধারালো সুচ আনতে বললাম। সুচ হাজির হলো। এবার সেই অপরিষ্কার সুচগুলো একে একে নিটুলের জিভে ঢোকাতে লাগলাম। আমার বিস্ময়ের আর অবধি রইল না। চার-পাঁচটা সুচ তার জিভ ভেদ করে ঢুকিয়ে দিলাম। কিন্তু সে একটুও টের পেল না। এরই নাম সম্মোহন! সব শেষে চট সেলাই করার এই বিরাট সুচটা নিটুলের জিভে ঢুকিয়ে দেব। এফোঁড়-ওফোঁড় হয়ে ঢুকে যাবে, কিন্তু নিটুল টেরও পাবে না বলেই ওর জিভটা বাঁ হাতে টেনে ধরলাম। ডান হাত দিয়ে মোটা সুচটা ঢুকিয়ে দেব—এ সময় চোখ বোজা নিটুল ফিস ফিস করে কী যেন বলে উঠল। এত আস্তে বলছিল, যেন দর্শকেরা টের না পায়। ভালো করে কান পেতে শুনি, নিটুল বলছে, ‘আর না, আর না’।আমি হতভম্ব হয়ে গেলাম। নিটুল আদৌ সম্মোহিত হয়নি। বন্ধুকে সফল দেখতে এমন ভয়াবহ যন্ত্রণা সে স্বেচ্ছায় নিয়েছে। গভীর বন্ধুত্বের সেই স্মৃতি আজও আমার বুকের মধ্যে হু হু করে বাজে।প্রতিজ্ঞা করেছিলাম, মৃত্যু ছাড়া আমরা কখনো বিচ্ছিন্ন হব না। বাস্তবতা আমাদের একসঙ্গে থাকতে দিল না। একাত্তরে আমরা একসঙ্গে যুদ্ধে গিয়েছিলাম। দুজনই জীবন নিয়ে ফিরে এসেছিলাম। আমার সব সম্পদ ওদের বাড়িতে থাকত। সাতাত্তরে এক দল ডাকাত ওদের বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছিল। সব পুড়ে ছাই হয়ে গেল। ওদের পরিবারের ওপর নানা রকম অত্যাচার হয়েছিল। দেশকে দারুণ ভালোবাসত সে। কিন্তু নিরুপায় হয়ে সে শেকড় উপড়ানো গাছের মতো বিদেশে গিয়ে ধুঁকে ধুঁকে বেঁচে আছে। নিটুল নামের আমার বন্ধুটি শারীরিকভাবে বিদেশে আছে বটে; কিন্তু আসল মানুষটি এখনো জলাবাড়ি, সমুদয়কাঠী গ্রামের ঘাটে-মাঠে ঘুরে বেড়ায়। সন্ধ্যা নদীর পাড়ে বসে ঢেউয়ের শব্দ শোনে। আমার সঙ্গে গল্প করে, আমাকে কাঁদায়। ওর গভীর ভালোবাসায় এখনো আমি সম্মোহিত।