
বাংলাদেশ বৌদ্ধ সমিতি যুব প্রযোজিত সম্রাট অশোকের জীবনীভিত্তিক নাটক মঞ্চস্থ হয়েছে নন্দনকাননে অবস্থিত চট্টগ্রাম বৌদ্ধবিহারে। ৪ নভেম্বর সন্ধ্যা সাতটায় কঠিন চীবর দান উপলক্ষে মঞ্চস্থ হয় এই নাটক। নাটকের কাহিনি বিন্যাস ও নাট্যরূপ দেন স্বপন কুমার বড়ুয়া। নির্দেশনায় ছিলেন সুখময় চৌধুরী।
ভারতবর্ষের পরাক্রমশালী সম্রাট অশোক একসময় নিষ্ঠুর আচরণের কারণে চণ্ডাশোক নামে পরিচিতি লাভ করে। কিন্তু কলিঙ্গ যুদ্ধে লাখো মানুষের মৃত্যুর ঘটনা সম্রাট অশোকের মনে গভীর রেখাপাত করে। বৌদ্ধ ভিক্ষু উপগুপ্তের সংস্পর্শে এসে তিনি হিংসার পথ ছেড়ে বুদ্ধের অহিংসা মন্ত্রে উজ্জীবিত হন। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন স্বপন কুমার বড়ুয়া, বিকাশ কুমার চৌধুরী, প্রবীর বড়ুয়া, দেবজিৎ বড়ুয়া, বিজয় বড়ুয়া, তাপস কুমার বড়ুয়া, বিকাশ কান্তি বড়ুয়া, রনেল তালুকদার, নয়ন বড়ুয়া, অনন্ত বড়ুয়া, সুপম বড়ুয়া প্রমুখ। নাটকের বিভিন্ন গানে কণ্ঠ দেন তাপস কুমার বড়ুয়া ও পিংকি বড়ুয়া। আবহ সংগীত পরিচালনা করে দীপক আচার্য। মঞ্চ পরিকল্পনায় ছিলেন সংঘপ্রিয় বড়ুয়া।