সময় এখন শামসুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লড়াইয়ের মঞ্চে শামসু বলী (ডানে) ও দিদার বলী। ছবি: সৌরভ দাশ
লড়াইয়ের মঞ্চে শামসু বলী (ডানে) ও দিদার বলী। ছবি: সৌরভ দাশ

প্রস্তুত লড়াইয়ের মঞ্চ। বেজে চলছে বাদ্য। এক পাশে প্রথমবার খেলতে আসা বছর তিরিশের যুবক। পেটানো শরীর। পেশির শক্ত ভাঁজে অনুশীলনের ছাপ। চেহারায় দৃঢ়তা। অন্যদিকে অভিজ্ঞ খেলোয়াড়। ১০ বারের শিরোপাজয়ী। স্বাভাবিকভাবেই বেশির ভাগ দর্শক অভিজ্ঞতাকেই দাম দিচ্ছেন। এ আর এমন কী! নতুন ছেলে কীই-বা করবে। ভাবখানা এমন ফলাফলটা যেন সবাই জানে। কিন্তু শেষে অভিজ্ঞতা ছাপিয়ে নতুনের জয়গান।

এ গল্প চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলার ১০৭তম আসরের। নগরের লালদীঘি ময়দানে অনুষ্ঠিত হয় খেলা। এতে এবার নতুন চ্যাম্পিয়ন কক্সবাজারের উখিয়ার শামসু বলী। যাঁর পুরো নাম মোহাম্মদ শামসুল আলম। শুধু শামসু চ্যাম্পিয়ন বললে শেষ হচ্ছে না, অবসান হয়েছে দিদার বলীর যুগের। কয়েক বছর ধরে টানা শিরোপা জিতে আসছেন দিদার। কখনো যুগ্ম, কখনো একা—এভাবে চ্যাম্পিয়ন হয়ে এসেছেন তিনি। তাঁকে হারানো রীতিমতো দুঃসাধ্য হয়ে উঠেছিল। অবশেষে সেই অসাধ্য সাধন হয়েছে শামসুর হাত ধরে।

টান টান উত্তেজনা

২৫ এপ্রিল। ঠা ঠা রোদ। বিকেল চারটায়ও যেন গনগনে সূর্যের তেজ। ঘর থেকে বের হলেই দরদর করে ঘামছে শরীর, কাহিল অবস্থা। কিন্তু জব্বারের বলীখেলা বলে কথা, গরম কি আর বাধা হতে পারে? লালদীঘি মাঠ ঘিরে হাজারো মানুষ। বলীদের একনজর দেখার কতই না চেষ্টা। খেলা শুরু হয় চারটায়। প্রথম দিকে চলে নতুন ও বয়স্কদের খেলা। ফেবারিটরা খেলেন সেমিফাইনাল থেকে। প্রথম সেমিফাইনালে শামসু বলী হারান ব্রাহ্মণবাড়িয়ার অলি বলীকে এবং দিদার বলী হারান নারায়ণগঞ্জের হাবিব বলীকে। অবশেষে চূড়ান্ত মুহূর্ত। দিদার ও শামসু মুখোমুখি। খেলা চলে পাক্কা ৩১ মিনিট। কিন্তু কেউ কারও পিঠ মাটিতে লাগাতে পারেননি। শেষে বিচারকেরা কৌশল বিচার করে শামসু বলীকে চ্যাম্পিয়ন ঘোষণা করেন। ট্রফি হাতে নেওয়ার পর সে কী উল্লাস শামসুর!

শক্তি-কৌশলের যুগলবন্দী

বলীখেলায় শক্তি নাকি কৌশল—কোনটি বেশি কার্যকর? এমন প্রশ্ন শামসু বলীর কাছে। তিনি কয়েক মিনিট ভেবে উত্তর দিলেন দুটোই। কারণ যখন প্রতিপক্ষ বেশি শক্তিশালী হবে তখন তাকে কৌশলে কুপোকাত করতে হবে। আর প্রতিপক্ষ কৌশলী হলে তখন কৌশল-শক্তি দুটোই প্রয়োগ করতে হয়। তিনি বলেন, ‘তবে আমি কৌশলে চেষ্টা করি বেশি। এ রকম ১০ থেকে ১২টি কৌশল আমার জানা আছে, যা শিখেছি আমার ওস্তাদ উখিয়ার সিদ্দিক বলীর কাছে থেকে। তিনিও জব্বারের বলীখেলায় কয়েকবার চ্যাম্পিয়ন হয়েছেন। তা ছাড়া শরীর ঠিক রাখার জন্য প্রতিদিন অনুশীলন করি। নিয়মিত শরীরচর্চা করি চার থেকে পাঁচ ঘণ্টা।’

পেশায় কাঠ ব্যবসায়ী শামসুর বাড়ি উখিয়া সদরের ফলিয়াপাড়া এলাকায়। লেখাপড়া বেশি দূর এগোয়নি। পড়েছেন অষ্টম শ্রেণি পর্যন্ত। মা-বাবা, স্ত্রী ও দুই সন্তান নিয়ে তাঁর সংসার। পাড়ার লোকজনও এখন গর্ব করে বলেন, ‘শামসু বলী আমাদের গ্রামের গর্ব।’

কোনো অঞ্চলে খেলে শিরোপা জিতে ফিরে এলে আনন্দের বন্যা বয়ে যায় ঘর-পাড়ার সবখানে। শামসুর ভাষায়, ‘শিরোপা জেতার পর তাঁদের আনন্দ আমাকে উত্সাহ দিচ্ছে।’

অবশেষে বিজয়ী: মোহাম্মদ শামসুল আলম
অবশেষে বিজয়ী: মোহাম্মদ শামসুল আলম

প্রতিদিন ১০টি ডিম ও এক লিটার দুধ
বলী ধরা তো চাট্টিখানি কথা নয়। শক্তি লাগে। তার জন্য তৈরি করতে হয় শরীরকে। তাই খাবারের তালিকা একটু লম্বা হবে, এটাই স্বাভাবিক। শামসু বলীর দিন শুরু হয় সকালের নাশতায় পাঁচটি ডিম দিয়ে। বাকি সারাদিনে, আরও পাঁচটি ডিম খান। এ ছাড়া পাঁচ বেলা ভাত, ভাতের সঙ্গে মাছ-মাংস আর এক লিটার দুধ থাকে নিয়মিত খাদ্যতালিকায়। অবশ্য মৌসুমি ফলও খান।

দিন এখন শামসুর
এ বছরটা শামসুর জন্য ‘ভাগ্যের বছর’ বলা যায়। শুরুটা হয়েছিল পয়লা বৈশাখে নগরের সিআরবির চত্বরে সাহাবুদ্দিনের বলীখেলা দিয়ে। সেখানে চ্যাম্পিয়ন হন। এরপর কক্সবাজারের ডিসি সাহেবের বলীখেলায় চ্যাম্পিয়ন হয়েছেন এবার।
শামসু বলেন, ‘২২ বছর বয়স থেকে বলীখেলায় অংশ নিই। নানা সময় পুরস্কার জিতেছি। আমার ইচ্ছা ছিল জব্বারের বলীখেলায় চ্যাম্পিয়ন হওয়া। এ জন্য আগে থেকেই প্রস্তুত হয়েছি। লক্ষ্য ছিল যেভাবে হোক চ্যাম্পিয়ন হতে হবে। পুরস্কার জিতে খুবই ভালো লাগছে।’

মেলায় মিলেছে সবাই

১৯০৯ সালে নগরের বকশির হাট এলাকার ব্যবসায়ী আবদুল জব্বার সওদাগর ব্রিটিশবিরোধী আন্দোলনে অংশ নিতে যুবকদের সংগঠিত করতে কুস্তি প্রতিযোগিতার আয়োজন করেন। সেই থেকে প্রতিবছর ১২ বৈশাখ এই প্রতিযোগিতা হয়ে আসছে। বলীখেলা উপলক্ষে তিন দিনের (১১, ১২ ও ১৩ বৈশাখ) মেলা বসে আন্দরকিল্লা-লালদীঘির প্রায় দেড় কিলোমিটারজুড়ে। এতে চট্টগ্রামের আনাচকানাচে তো বটেই ফেনী, নোয়াখালী, কুমিল্লা, সিলেট, সাভার, নরসিংদীসহ বিভিন্ন অঞ্চল থেকে ক্ষুদ্র ব্যবসায়ী ও কারিগরেরা তাঁদের জিনিসপত্র নিয়ে আসেন। দোকানিদের ভাষ্য, মেলায় আসা অনেকটা মায়ার টানে। লাভ-ক্ষতি বড় কথা নয়, চট্টগ্রামের মানুষের সঙ্গে বছরে একবার দেখা তো হয়।

নিত্যব্যবহার্য জিনিস থেকে শুরু করে খেলনা, খাবারদাবার ও প্রয়োজনীয় সব পণ্যের সম্ভার রয়েছে এখানে।

 গৃহিণীরা সারা বছর অপেক্ষায় থাকেন মেলার। নিত্যপ্রয়োজনীয় অনেক জিনিসই তাঁরা কেনেন মেলা থেকে।