>২০১৫ সালের গ্র্যামি অ্যাওয়ার্ডের ‘মিউজিকেয়ারস পারসন অব দ্য ইয়ার’ পুরস্কার পান বব ডিলান। সে বছরের ৬ ফেব্রুয়ারি লস অ্যাঞ্জেলেসে পুরস্কার গ্রহণের সময় বক্তৃতা করেন বব ডিলান। সেই বক্তৃতায় তাঁর সংগীতশিল্পী ও গীতিকার হয়ে ওঠার গল্পটা উঠে এসেছে। অনেকের প্রতি প্রকাশ করেছেন আন্তরিক কৃতজ্ঞতা। লসঅ্যাঞ্জেলেসটাইমস পত্রিকায় প্রকাশিত সেই বক্তৃতার সংক্ষিপ্ত রূপ এখানে ছাপা হলো

আমার গানগুলোকে এভাবে সম্মান দেওয়া হয়েছে বলে আমি আনন্দিত। কিন্তু এসব এমনি এমনি হয়নি। এ জন্য পাড়ি দিতে হয়েছে দীর্ঘ পথ। বিস্তর কাঠখড়ও পোড়াতে হয়েছে। আমার এই গানগুলো রহস্যগল্পের মতো, শেক্সপিয়ার যেমন দেখেছিলেন নিজের বেড়ে ওঠার সময়ে। সেই বয়সে আমি কী কী করেছিলাম, আপনারা খুঁজে দেখতে পারেন।
এসব গান সৃষ্টিতে আরও কয়েকজনের অবদান আছে। তাঁদের কথা আমার উল্লেখ করা উচিত। জন হ্যামন্ডের কথা বলতেই হবে। কলাম্বিয়া রেকর্ডসের তিনি ছিলেন একজন অত্যন্ত মেধাবী স্কাউট। তখন আমি গানের জগতে নিতান্তই অপরিচিত একজন। তবু সেই সময়ই তিনি আমাকে চুক্তিবদ্ধ করেছিলেন। কাজের প্রতি আমার নিষ্ঠা ছিল, আর তিনি ঝুঁকি নিতে ভালোবাসতেন। আমার আগে তিনি আবিষ্কার করেছিলেন অ্যারেথা ফ্র্যাঙ্কলিন, কাউন্ট ব্যাসি, বিলি হলিডে প্রমুখ শিল্পীকে। তাঁরা সবাই বাণিজ্যিক ঘরানার বাইরের শিল্পী ছিলেন। প্রচলিত ধারাগুলো জন হ্যামন্ডকে আকৃষ্ট করত না। তিনি আমার সঙ্গে ছিলেন, আমার মেধার প্রতি আস্থা রেখেছিলেন। আর সেটাই ছিল সবকিছু।
লু লেভি তখন লিডস মিউজিক চালান। তাঁরা আমার একেবারে প্রথম দিককার গানগুলো প্রকাশ করেন। কিন্তু আমি সেখানে খুব বেশিদিন থাকিনি। লেভি নিজেও চলে গিয়েছিলেন। তিনি আমাকে ওই কোম্পানির সঙ্গে চুক্তি সই করিয়েছিলেন। আর আমার গানগুলো রেকর্ডও করেন। সোজাসাপটা বলে দেন, আমি যা করছিলাম সেটা আমার সময়ের আগের বা পরের কাজ নয়। সুতরাং আমাকে সময়ের গানই গাইতে হবে। তিনি আমাকে উৎসাহ দিতেন কিন্তু কখনো বিচার করতেন না। এ জন্যই তাঁকে সব সময় মনে রাখব।
এরপর আর্টি মগুল আমাকে চুক্তিবদ্ধ করান উইটমার্ক মিউজিকের সঙ্গে। তিনি বলে দেন, আমাকে শুধু গান লিখতে হবে। সেই থেকে আমি নিজেকে একজন গীতিকার হিসেবে ভাবতে শুরু করি। অন্যদের জন্য গান লিখছি—এমন কথা একসময় আমার চিন্তার বাইরে ছিল। এ জন্য আমি পিটার, পল ও মেরিকে ধন্যবাদ জানাই। তাঁরা আমার লেখা একটি গান গেয়ে জনপ্রিয় করে তোলেন। নইলে গানটা হয়তো হারিয়েই যেত। শুরুটা তাঁরাই করে দেন। এরপর আরও অনেকে আমার লেখা গানকে শীর্ষ জনপ্রিয়তায় পৌঁছে দেন।
বলতে হয় পারভিস স্ট্যাপলস ও তাঁর গানের দলের কথা। ১৯৬২-৬৩ সালের দিকে তাঁদের সঙ্গে আলাপ। পরে তাঁদের সঙ্গে গান রেকর্ড করি। নিনা সিমোনের কাছেও আমি কৃতজ্ঞ। জিমি হেনড্রিক্সের কথা তো ভুলেই গিয়েছিলাম। তিনি গিটার বাজাতেন। তবে আমার এমন কিছু ছোট ছোট গানের প্রতি তিনি খেয়াল করেছিলেন, সচরাচর যা আর কারও নজরে পড়েনি। জনি ক্যাশও আমার বেশকিছু গান রেকর্ড করেন। তাঁর চিন্তার জগৎটা ছিল অদ্ভুত সুন্দর। ‘কেউ তো বলে দেয়নি কী গাইতে হবে আর কোনটা গাওয়া বারণ।’ সেই ভাবনা আমারও পছন্দের।
জোয়ান বায়েজের কথা না বললেই নয়। তিনি লোকসংগীতের রানি, তখন এবং এখনো। একসময় আমার গান পছন্দ করতে লাগলেন। আর আমাকে নিয়ে গেলেন তাঁর হাজারো দর্শক-শ্রোতার সামনে। কিছু গান একসঙ্গেও গেয়েছি আমরা। তাঁর মনের জোর অসামান্য। নিজে না চাইলে তাঁকে কিছু করানোর সাধ্য কারও নেই। তিনি ভালোবাসায় পরিপূর্ণ, মুক্ত ও স্বাধীন আত্মার অধিকারী একজন মানুষ—সাংঘাতিক সৎ। কত কিছু যে শিখেছি তাঁর কাছে। সেসব ঋণ চিরদিনের।
তখন থেকে আমার লোকগীতির প্রতি ঝোঁক বাড়তে থাকে। দিন-রাত শুনতাম আর গাইতাম ঐতিহ্যবাহী লোকগান। টানা তিন-চার বছর। ক্লাবে, উৎসবে, অনুষ্ঠানে, পানশালায়, মাঠে, কফি হাউসে। লোকে পছন্দও করত। আর তখন আমার আরও অনেক শিল্পীর সঙ্গে আলাপ-পরিচয় হতে থাকে। তখন আমার গান লেখার ধাঁচেও পরিবর্তনের ছোঁয়া লাগে। ছোটখাটো, ব্যতিক্রমী ও গতানুগতিক অনেক জিনিস বা বিষয় নিয়েও গান লিখতে শুরু করি। কখনো কখনো পুরোনো ও সাধারণ কথাকেই নতুনভাবে বলি। তবে আমার কিছু গান নিয়ে লোকজন ভিন্নমত জানায়, জানি না কেন, কেউ কেউ খেপেও যায়। আবার আমার একদল সমর্থকও মিলে যায়। তবু গান চালিয়ে গেলাম।
সময় চিরকালই বদলায়। আর তোমাকে সবসময় প্রস্তুত থাকতে হবে অপ্রত্যাশিত কিছুর জন্য।
ইংরেজি থেকে অনুবাদ: আশিস আচার্য